স্বাস্থ্য অধিদপ্তর বলছে দ্বিতীয় ময়নাতদন্ত সঠিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের কিশোরী হেনার মৃতদেহের দুটি ময়নাতদন্তের মধ্যে দ্বিতীয়টি সঠিক। সামগ্রিকভাবে প্রথম ময়নাতদন্তের মতামত অস্পষ্ট। দ্বিতীয় ময়নাতদন্ত না হলে মৃত্যুর কারণ অনুদ্ঘাটিত থাকত। দুটি ময়নাতদন্ত পর্যালোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত প্রতিবেদনটি গতকাল বুধবার সুপ্রিম কোর্টে এসে পৌঁছায়।এদিকে, কিশোরী হেনার ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে বিষাক্ত কোনো দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। বিষাক্ত দ্রব্য পানে হেনার মৃত্যু হতে পারে—এমন সন্দেহে ময়নাতদন্তকারী চিকিৎসকেরা হেনার ভিসেরা সংরক্ষণ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠান।এর আগে ১০ ফেব্রুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুটি ময়নাতদন্তের প্রতিবেদনের অমিল খতিয়ে দেখতে নির্দেশ দেন। এ জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়। এ-সংক্রান্ত প্রতিবেদন ৩০ দিনের মধ্যে কমিটিকে দিতে বলা হয়। একই সঙ্গে হেনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী নড়িয়ার উপপরিদর্শক আসলাম উদ্দিন ও এজাহার নথিভুক্তকারী পরিদর্শক (তদন্ত) মির্জা এ কে আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রতিবেদনও দাখিল করতে বলা হয়। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি প্রতিবেদনও সুপ্রিম কোর্টে এসে পৌঁছায়।গতকাল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশের মহাপরিদর্শক থেকে পাঠানো দুটি প্রতিবেদন এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হেনার ময়নাতদন্ত নিয়ে প্রথম প্রতিবেদনটি সঠিক নয়, দ্বিতীয়টি সঠিক। এ ছাড়া পুলিশের দুজন কর্মকর্তার পেশাদারির অভাব পরিলক্ষিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।ময়নাতদন্ত নিয়ে: আদালতের নির্দেশ অনুসারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রথম ও দ্বিতীয় তদন্ত রিপোর্টে বর্ণিত জখম পর্যালোচনা করে দেখা যায়, দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টটি সঠিক। কারণ দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে জখমের সঙ্গে শরীয়তপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সময়ে চিকিৎসা ব্যবস্থাপত্রে উল্লিখিত জখমের মিল পাওয়া যায়। হাসপাতালের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, হেনার শরীরে যখমের বর্ণনা লিপিবদ্ধ ছিল। হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক নির্মল চন্দ্র দাসের অধীনে হেনা ভর্তি ছিলেন। ময়নাতদন্ত বোর্ডের সভাপতি নির্মল চন্দ্র দাস পরবর্তী সময়ে ময়নাতদন্ত প্রতিবেদেনে মৃতদেহে যখমের উল্লেখ করেননি। স্বাস্থ্য অধিদপ্তরের পর্যালোচনায় বলা হয়, প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকেরা ও সিভিল সার্জন ইচ্ছাকৃতভাবে জখম উল্লেখ না করায় তাঁরা সমভাবে দায়ী। সিভিল সার্জনের গাফলতি প্রমাণিত, যা চিকিৎসানীতির পরিপন্থী।ভিসেরা প্রতিবেদন: শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানায়, এই হাসপাতালে হেনার মৃতদেহের ময়নাতদন্ত করে কোনো আঘাতের চিহ্ন না পেয়ে চিকিৎসকেরা নিহত হেনার পাকস্থলী, যকৃৎ ও দুটি কিডনির অর্ধেক অংশ (ভিসেরা) রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করেন। নড়িয়া থানার পুলিশ ৫ ফেব্রুয়ারি সদর হাসপাতাল থেকে ভিসেরা ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দপ্তরে পাঠায়। সেখানে পরীক্ষা শেষে ভিসেরা প্রতিবেদন শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। ১৯ মার্চ প্রতিবেদন শরীয়তপুরে পৌঁছায়। ভিসেরা প্রতিবেদনে কোনো বিষাক্ত দ্রব্যের অস্তিত্ব না পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।পুলিশ সুপারের প্রতিবেদন: পুলিশ সদর দপ্তর হয়ে শরীয়তপুর পুলিশ সুপারের পাঠানো প্রতিবেদনে বলা হয়, পরিদর্শক মির্জা আবুল কালাম আজাদ ও উপপরিদর্শক মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লার বিভাগীয় ও ফৌজদারি দায়দায়িত্ব নিরূপণ করতে শরীয়তপুর জেলার সহকারী পুলিশ সুপারের (নড়িয়া সার্কেল) নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। ওই প্রতিবেদনে আরও বলা হয়, সাক্ষীদের জবানবন্দি ও অনুসন্ধান কমিটির মতামত পর্যালোচনায় জানা যায়, আসলাম উদ্দিন তাঁর সুরতহাল প্রতিবেদনে অপ্রাসঙ্গিক কিছু বিষয় এনেছেন। হেনার মৃতদেহ দক্ষতার সঙ্গে পর্যবেক্ষণ করতে পারেননি। কমিটি তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে মত দেয়। মামলা রজুকারী কর্মকর্তা মির্জা আবুল কালাম আজাদ বাদীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে হেনাকে ধর্ষণের বিষয়টি এজহারভুক্ত করতে পারেননি। বর্ণিত এজাহার বাদীকে যথাযথভাবে পাঠ করে শোনানো হয়নি বলে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান কমিটি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পক্ষে মতামত দেয়। এ অবস্থায় অনুসন্ধান কমিটির প্রতিবেদন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। বিষয়টি জানিয়ে পুলিশ সুপারের স্বাক্ষরিত প্রতিবেদনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানো হয়।প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোয় ‘মেয়েটির জন্য কারও মায়া হলো না!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওইদিন প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি সীমা জহুর।