স্বাস্থ্য উপকেন্দ্রের জায়গা বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের জায়গা কতিপয় অবৈধ দখলকারী বেদখল করে নিয়ে গালামাল এবং চায়ের দোকান বসিয়েছে। চায়ের দোকানের ময়লা-আবর্জনা স্বাস্থ্য উপকেন্দ্রের সামনে যত্রতত্র ফেলে রাখায় এর দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য উপকেন্দ্রে কর্তব্যরত উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা ফারুক হোসেন অবৈধ দখলকারীদের কাছ থেকে মাসোহারা নিয়ে এসব অবৈধ দোকান বসানোর সুযোগ করে দিয়েছেন। এলাকাবাসী জানান, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার জন্য চৌধুরাণী বাজারে একটি স্বাস্থ্য উপকেন্দ্র রয়েছে। এ স্বাস্থ্য উপকেন্দ্রটিতে দীর্ঘদিন ধরে চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) না থাকায় ইউনিয়নবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে দীর্ঘদিন ধরে ফার্মাসিস্ট পদটিও শূন্য রয়েছে। ফার্মাসিস্ট না থাকায় তাঁর পরিবর্তে কাজ চালান সতীশ চন্দ্র নামের একজন পিয়ন (এমএলএসএস)। একমাত্র উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা ফারুক হোসেনকে দিয়েই চলছে ইউনিয়নবাসীর চিকিৎসাসেবা। উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা ফারুক হোসেন দীর্ঘ এক যুগ ধরে এ স্বাস্থ্য উপকেন্দ্রে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন থেকে এ স্বাস্থ্য উপকেন্দ্রে কর্মরত থাকায় নিজের খেয়ালখুশিমতো কাজ চালান।এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এখানে কর্মরত থাকায় মাসোহারার বিনিময়ে স্বাস্থ্য উপকেন্দ্রের জায়গায় অবৈধ দখলকারীদের দোকান বসানোর সুযোগ করে দিয়েছেন। অবৈধ দখলদারেরা এ সুযোগে স্বাস্থ্য উপকেন্দ্রের সামনে দোকান বসিয়ে জায়গা বেদখল করে নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক চৌধুরাণী বাজারের বেশ কয়েকজন অভিযোগ করেন, স্বাস্থ্য উপকেন্দ্রে কর্তব্যরত উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা ফারুক হোসেন দীর্ঘদিন ধরে এক স্থানে চাকরি করায় অবৈধ দখলদারদের সঙ্গে আঁতাত করার সুযোগ পেয়েছেন। মাসোহারার বিনিময়ে স্বাস্থ্য উপকেন্দ্রের জায়গায় ছয়টি অবৈধ দোকান বসার সুযোগ করে দিয়েছেন তিনি। চৌধুরাণী বাজারের বাসিন্দা বার্লিং সরকার, ডা. শফিকুল ইসলাম ও আসাদুজ্জামান মানিক জানান, স্বাস্থ্য উপকেন্দ্রের জায়গায় চায়ের দোকান বসানোর ফলে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। ফলে এর দুর্গন্ধে স্বাস্থ্য উপকেন্দ্রসহ আশপাশে মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে পড়েছে। কৈকুড়ী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মণ্ডল জানান, অবৈধ দখলকারীদের উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। স্বাস্থ্য উপকেন্দ্রে কর্তব্যরত উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা ফারুক হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অবৈধ দখলকারীরা এমনিতেই দোকান বসিয়েছে। আমার এ ক্ষেত্রে কোনো হাত নেই।’এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী বলেন, অবৈধ দখলকারীদের উচ্ছেদের জন্য বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় তা উচ্ছেদ করা সম্ভব হয়নি।