প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সুরে সুর মেলালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। গতকাল রোববার জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব হার্ট দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকে নিয়োগ নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা যা বলেছেন ঠিকই বলেছেন। গত সোমবার গোপালগঞ্জ সদর হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেছিলেন, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে ১৩ হাজার ৩৫০টি পদে দলীয় লোক নিয়োগ দেওয়া হবে। তাঁর এই মন্তব্যে সরকারের ভেতরেও সমালোচনার ঝড় ওঠে। তাঁদের অনেকে উপদেষ্টার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছিলেন, মেধার ভিত্তিতে নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিকে স্বাস্থ্য উপদেষ্টা খাটো করেছেন। গতকালের অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপদেষ্টার বক্তব্যকে প্রকাশ্যে সমর্থন করে বলেন, এর আগের মেয়াদে আওয়ামী লীগ সরকার সারা দেশে নয় হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিল। তৃণমূলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ছিল ওই সব ক্লিনিকের উদ্দেশ্য। কিন্তু চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে হিংসার বশবর্তী হয়ে ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। মানুষের সেবা পাওয়ার কথা যেখান থেকে, সেখানে গরু-ছাগল রাখা হয়, গাঁজার আড্ডা বসে। যারা কমিউনিটি ক্লিনিকের আদর্শেই বিশ্বাসী নন, তাঁদের নিয়োগ দেওয়া হলে তো স্বাস্থ্যসেবা পাওয়া যাবে না।হার্ট দিবসের ওই অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য উপদেষ্টা অবশ্য গতকাল নিয়োগ নিয়ে কোনো মন্তব্য করেননি। বরং গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেছেন, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লুর মতো রোগব্যাধির বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সংবাদমাধ্যমগুলো অগ্রণী ভূমিকা রেখেছে। হূদরোগ নিয়েও তারা সচেতনতা সৃষ্টি করবে।