স্বাস্থ্য ও উন্নয়ন এক সূত্রে গাঁথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্য ও উন্নয়ন এক সূত্রে গাঁথা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের তা স্বীকার করা এবং পরিস্থিতি মোকাবিলায় সৃজনশীল উদ্যোগ নেওয়া উচিত। ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।সম্মেলনে আরেকজন আমন্ত্রিত অতিথি, মাইক্রোসফটের মালিক এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটসও বলেছেন প্রায় একই কথা—বৈশ্বিক প্রাচুর্যের মূলে রয়েছে বৈশ্বিক স্বাস্থ্য। তিনি বলেন, বর্তমান দশক হচ্ছে টিকার দশক। টিকা উদ্ভাবন, বিতরণ ও ব্যবহারে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।গতকাল মঙ্গলবার শেখ হাসিনা ও বিল গেটসের বক্তব্য শুরুর আগে জাতিসংঘ কার্যালয়ের মূল অ্যাসেম্বলি হলের সব আসন পূরণ হয়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিচয়পর্বে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দরিদ্রদের ক্ষমতায়নের চেষ্টা করছেন। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার জাতিসংঘ কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বার্ষিক সম্মেলন চলছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের নেতৃত্বে প্রায় দেড় হাজার প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন। গত সোমবার শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে ২৪ মে।আমন্ত্রিত এই দুই অতিথির মধ্যে প্রথমে বক্তব্য দেন শেখ হাসিনা। তিনি বলেন, টিকাদান ও ভিটামিন ‘এ’ কর্মসূচি এবং ডায়রিয়া নিয়ন্ত্রণের ফলে বাংলাদেশ শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে সফল হয়েছে। কিন্তু শ্বাসতন্ত্রের সংক্রমণ, শিশুদের যখম প্রতিরোধ, অপুষ্টি ও নবজাতকের সেবার ক্ষেত্রে আরও অনেক কিছু করার আছে।পৃথিবীর বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য খাতে বৈষম্য আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যাকে বোঝা হিসেবে দেখা ঠিক হবে না। জনসংখ্যাকে সম্পদে পরিণত করার উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ পোলিও নির্মূল করেছে। এইচআইভি/এইডস সংক্রমণের হার দশমিক ০১ শতাংশের কম। এই সফলতা ধরে রাখতে হলে আন্তর্জাতিক সহায়তা দরকার। বাংলাদেশে একাধিক প্রকল্পে সহায়তা দেওয়ার জন্য তিনি গেটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।বিল গেটস বলেন, কিশোর বয়সে তিনি ভাবতেন, কম্পিউটার একদিন পৃথিবী বদলে দেবে। মাইক্রোসফটের যাত্রা শুরুর সময় তাঁরা ভেবেছিলেন, পৃথিবীর প্রতিটি মানুষের একটি করে কম্পিউটার থাকবে। এখন তিনি ভাবছেন, পৃথিবীর প্রতিটি মানুষের স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যায়। শেখ হাসিনা ও বিল গেটস বক্তব্য উপস্থাপনের সময় সভাস্থলে পিনপতন নিরবতা নেমে আসে। একপর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে দেখা যায় মঞ্চে প্রধানমন্ত্রীর পেছনে বসে বিল গেটসের ছবি তুলছেন।বিল গেটস বলেন, চলতি দশকের শেষ দিকে অনেকগুলো টিকা তৈরি হবে। এই টিকা সব শিশুর কাছে পৌঁছাতে আরও কিছু সময় লাগবে। টিকার সুযোগ কাজে লাগাতে সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে। দাতা দেশ ও সংস্থাকে অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে। ওষুধ কোম্পানিগুলোকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা উন্নয়নশীল দেশের জন্য কম দামে টিকা সরবরাহ করবে।বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থাপনের সময় সভাস্থলে সস্ত্রীক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক, সস্ত্রীক মোস্তফা জালাল মহিউদ্দীন (আওয়ামী লীগের সাংসদ), স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর পিএস-২ সেলিনা হক, স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলান, বিএমএর মহাসচিব শারফুদ্দিন আহমেদ, আইসিডিডিআর-বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ফেরদৌসী কাদরী, একাধিক ওষুধ কোম্পানির মালিক এবং জেনেভায় বাংলাদেশ দূতাবাসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।হাসিনা-গেটস বৈঠক: ১৬ মে জেনেভার একটি হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিল গেটস। বৈঠকের আলোচ্য বিষয় জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী প্রথম আলোকে বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতে গেটস ফাউন্ডেশনের সম্ভাব্য সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। সরকার দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক চালুর যে উদ্যোগ নিয়েছে, সে ব্যাপারে একটি নীতিনির্ধারণী দলিল বিল গেটসের কাছে দেওয়া হয়েছে।ওই দিন সন্ধ্যায় জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, দেশের স্বাস্থ্য ও কৃষি খাতে গেটস ফাউন্ডেশনের সহায়তা বিষয়ে বিল গেটসের সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, গত শতাব্দীর নব্বইয়ের দশকে প্রতি এক লাখ শিশু জন্ম দিতে গিয়ে ৫৭৪ জন মায়ের মৃত্যু হতো। ২০১০ সালের জরিপে দেখা গেছে, এই সংখ্যা কমে ১৯৪ হয়েছে। তিনি বলেন, দেশে প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রতি ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ১১ হাজার ক্লিনিক চালু হয়েছে।