স্বাস্থ্য ও শিক্ষা খাতে অনুদান দিলে কর ছাড় দেওয়া হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অনুদান প্রদানকারীদের কর ছাড় দেওয়া হবে। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনের (বিসিপিএস) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ মানুষের মৌলিক চাহিদা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সাক্ষাৎকালে বিসিপিএসের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানান।প্রধানমন্ত্রী অর্থের জন্য বিসিপিএস প্রতিনিধিদের শুধু সরকারের মুখাপেক্ষী না হয়ে স্ব-স্ব উদ্যোগে তহবিল গঠনের আহ্বান জানিয়ে বলেন, এ ব্যাপারে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। বিসিপিএস সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান ছাড়াও প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক সানাওয়ার হোসেন, সহসভাপতি অধ্যাপক আবদুল কাদের খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ সহীদুল্লাহ এবং কাউন্সিলর অধ্যাপক চৌধুরী আলী কাওসার, অধ্যাপক আভা হোসেন, অনারারি সচিব অধ্যাপক মনোজ কান্তি বড়ুয়া ও সাবেক সভাপতি অধ্যাপক নাজমুন নাহার।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।