স্বাস্থ্য ও শিক্ষা খাতে এগোতে হবে অনেকটা পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সরকার হিমশিম খাচ্ছে। দুটি খাতেই নির্দিষ্ট গন্তব্যের চেয়ে অনেকখানি পিছিয়ে আছে বাংলাদেশ। এসব খাতে সরকারকে করতে হবে আরও অনেক কিছুই। তবে আশার কথা হচ্ছে, বাংলাদেশের জনগণ শিক্ষা ও স্বাস্থ্যের বিষয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে।বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানে এমন তথ্য প্রকাশ করেছেন অধ্যাপক ডেভিড লুইস। তিনি বাংলাদেশ রিয়েলিটি চেক কর্মসূচির উপদেষ্টা এবং লন্ডন স্কুল অব ইকোনমিকসের সোশ্যাল পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষক।ডেভিড লুইস তাঁর লেখায় উল্লেখ করেছেন, বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি। এই বিপুলসংখ্যক মানুষের স্বাস্থ্য ও শিক্ষার সুবিধা নিশ্চিত করতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। সর্বজনীন শিক্ষা চালু করা হলেও এর মান এখনো নিম্ন। সরকার খেলাধুলা ও আনন্দময়ভাবে শিশুদের শিক্ষাব্যবস্থা চালু করলেও শ্রেণীকক্ষগুলো এখনো নিষ্প্রাণ। ছাত্রদের ভাষ্য, জীবনে কাজে লাগবে এমন কিছু তারা ক্লাস থেকে শিখতে পারছে না। এ জন্য তাদের মধ্যে স্কুল পালানো এবং ঝরে পড়ার প্রবণতা বাড়ছে।ওই লেখায় স্বাস্থ্য খাত সম্পর্কে বলা হয়, সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর কার্যক্রম যথাযথভাবে চলছে না। প্রয়োজনীয় সেবার অপ্রতুলতা এবং অবৈধ চাঁদার কারণে জনগণ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের কর্মচারীদের কাছ থেকে প্রায়ই শোভন ও মার্জিত আচরণ পায় না সেবা নিতে আসা রোগীরা। ফলে এসব হাসপাতাল থেকে সেবা নেওয়ার মানসিকতা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ। তবে কিছু মানুষ এখনো সরকারি হাসপাতাল ও ক্লিনিকে সেবা নেয়। তারা বিনা মূল্যে দু-একটি কম প্রয়োজনীয় ওষুধও পায়।ডেভিড লুইস বলেন, এত সব বাধা সত্ত্বেও দরিদ্র পরিবারগুলো তাদের ভাগ্যোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষার চাহিদা পূরণে তারা সরকারি, বেসরকারি ও অন্য প্রতিষ্ঠান, যারা এসব খাত নিয়ে কাজ করে, তাদের কাছ থেকে সেবা নেয়। এভাবেই চলছে এ দেশের অধিকাংশ দরিদ্র মানুষের জীবনধারা। তবে এভাবে নেওয়া সেবা তাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়।স্বাস্থ্য ও শিক্ষা খাত নিয়ে সাধারণ মানুষের সচেতনতা সম্পর্কে ডেভিড লুইসের বক্তব্য, এ দেশের মা-বাবারা উপলব্ধি করেন, তাঁদের সন্তানদের শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। স্বাস্থ্যসেবা নেওয়ার বিষয়েও সচেতনতা বেড়েছে। নানা প্রতিকূলতা ও স্বাস্থ্য উপকরণের স্বল্পতা সত্ত্বেও দরিদ্র জনগণের মৌলিক স্বাস্থ্যসেবায় স্থানীয় ধাত্রী ও চিকিত্সা-সচেতন ব্যক্তিরা তাত্পর্যপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে ভালো নেতৃত্ব এই দুই খাতের সেবাকে আরও প্রসারিত করতে পারে।প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী কোটি কোটি ডলার সহায়তা দিচ্ছে। ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতে দাতাগোষ্ঠী ৩৫০ কোটি ডলার সহায়তা দিয়েছে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত তারা ১৮০ কোটি ডলার দিয়েছে।এই দুটি খাতে উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপ থেকে সাধারণ জনগণ কতটা লাভবান হচ্ছে—এ উত্তর জানতে চার বছর ধরে কাজ করছে সুইডেন সরকারের নতুন কর্মসূচি ‘রিয়েলিটি চেক’। কর্মসূচির আওতায় কর্মরত কর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে কাজ করছেন। তাঁরা মাঠপর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্যপীড়িত পরিবারগুলোর সঙ্গে সময় কাটান এবং তাদের দৈনন্দিন জীবনের নানা গল্প শুনে প্রয়োজনীয় তথ্য বের করে আনেন। এসব তথ্যের ভিত্তিতে বার্ষিক প্রতিবেদন তৈরি করে নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া হয়। বাংলাদেশের ওপর পরিচালিত এই কর্মসূচির চতুর্থ প্রতিবেদনটি আগামী মে মাসে প্রকাশ করা হবে।