স্বাস্থ্য ও শিক্ষায় অনুদান দিলে কর রেয়াত দেওয়া হবে: প্রধানমন্ত্রী
স্বাস্থ্য ও শিক্ষা খাতে যাঁরা অনুদান দেবেন, তাঁদের কর রেয়াত দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিপিসিএস) সভাপতি মাহমুদ হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার খাদ্য, স্বাস্থ্য, বাসস্থানসহ জনগণের পাঁচটি মৌলিক চাহিদা পূরণে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, প্রতিনিধিদলের সদস্যরা বিপিসিএসের বিভিন্ন সমস্যা এবং আগামী অক্টোবর বা নভেম্বরে অনুষ্ঠেয় বিপিসিএসের ১১তম সমাবর্তন অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীকে জানান। তাঁরা প্রধানমন্ত্রীকে ওই সমাবর্তন অনুষ্ঠানে যোগদানেরও আহ্বান জানান।স্বাস্থ্য খাতে আগের মেয়াদে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে চিকিৎসা, শিক্ষা সম্প্রসারণে তখন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ অনেক বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিল।শেখ হাসিনা বলেন, ওই সময়ে তাঁর সরকার বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বিনা মূল্যে ওষুধ বিতরণ শুরু করেছিল। কিন্তু বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় গিয়ে তা বন্ধ করে দেয়। বর্তমান সরকার সেটি পুনরায় চালু করেছে।প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিগত আওয়ামী লীগ সরকার প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে মোট ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছিল। বিএনপি-জামায়াত জোট শুধু রাজনৈতিক কারণে এ উদ্যোগ বন্ধ করে দেয়। বর্তমান সরকার আবার কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এরই মধ্যে প্রায় ১১ হাজার কমিউনিটি ক্লিনিক চালু ও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। শিগগির আরও পাঁচ শতাধিক চিকিৎসক ও ১৪ হাজার স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া হবে। বাসস।