স্বাস্থ্য ও সংস্কৃতি বিনিময় খাতে বাংলাদেশ ও ভুটান দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলের বৈঠক শেষে ওই দুটি এমওইউ সই হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে পরস্পর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দুই দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা, জ্বালানি খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পায়।আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। বিকেলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। ভুটানের প্রধানমন্ত্রী কাল বুধবার সুন্দরবন এবং বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার সমুদ্রসৈকত দেখতে যাবেন। পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে জিগমে ওয়াই থিনলে গতকাল সোমবার দুপুরে ঢাকায় এসেছেন।