স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের দাবিতে আমরণ অনশন
২৮ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু স্বাস্থ্য কাড্যারে নিয়োগের সুপারিশবঞ্চিত ৪৮৫ জন চিকিত্সক কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁরা অনশন শুরু করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চারিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ২৮ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু স্বাস্থ্য কাড্যারে নিয়োগের সুপারিশবঞ্চিত চিকিত্সকদের মধ্যে মোরশেদ কামাল, গোলাম মোস্তফা, মাহবুবা খানম জানান, স্বাস্থ্য ক্যাডারে কোটা সংরক্ষণের জন্য ৩৪০টি পদ খালি রাখতে হয়েছে। যে কারণে তাঁরা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেও নিয়োগের সুপারিশবঞ্চিত হয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এডহক ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে এ কোটা বাতিল করলেও বিসিএসের ক্ষেত্রে তা বাতিল করা হয়নি। তাঁরা জানান, তাঁদেরকে নিয়োগের সুপারিশ না করা পর্যন্ত তাঁরা অনশন করে যাবেন।