বাংলাদেশে স্বাস্থ্য খাতের যে অর্জন তাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে দেশের দরিদ্র জনগোষ্ঠী ও নারী সমাজ। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে জনস্বাস্থ্য সম্মেলন ২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) অন্তর্বর্তীকালীন পরিচালক আব্বাস ভূঁইয়া এ তথ্য তুলে ধরেন। ১৫ জানুয়ারি সম্মেলন শেষ হবে। আইসিডিডিআরবির অন্তর্বর্তীকালীন পরিচালক বলেন, ৫০ বছর আগে মানুষের যে গড় আয়ু ছিল, এখন তা দ্বিগুণ হয়েছে। তিনি বলেন, শিশুমৃত্যুর হার কমাতে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আব্বাস ভূঁইয়া আরও বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধি ও শিশুমৃত্যুর হার কমানো—এই দুটি তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এতে দরিদ্র জনগোষ্ঠী আর নারী সমাজ বেশি লাভবান হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। এতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. হুমায়ূন কবির।