স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হাইকোর্টের রুল
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুসারে জনগণের স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন। অর্থসচিব, স্বাস্থ্যসচিবসহ তিন বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১১ সালের প্রতিবেদন অনুসারে স্বাস্থ্য খাতে বছরে মাথাপিছু ৪৪ ডলার বরাদ্দ করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর সাদাত ওই রিট আবেদন করেন। আজ শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। আদালতে রিট আবেদনকারী ওমর সাদাত নিজেই শুনানি করেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী সারওয়ার সিরাজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। রিট আবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১১ সালের ওই প্রতিবেদনে স্বাস্থ্য খাতে বছরে মাথাপিছু ৪৪ ডলার খরচ করার কথা বলা হয়েছে। পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ ৩৫৫, ভুটান ৯১ আর শ্রীলঙ্কা ৬৫ ডলার খরচ করে। অথচ বাংলাদেশে ব্যয় করা হয় ২১ ডলার। সংবিধানের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী, জনস্বাস্থ্যের উন্নয়ন করা রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। অথচ, ২০০৭-০৮ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৬.৬ শতাংশ। এটা কমে ২০১২-১৩ অর্থবছরে দাঁড়িয়েছে ৪.৯। সরকারের অবহেলার কারণে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে চাঁদাবাজি করছে।