স্বাস্থ্য খাতে বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগের মানুষের স্বাস্থ্য খাতে মাথাপিছু ঢাকা বিভাগের তুলনায় অনেক কম। মাথাপিছু সরকারি বরাদ্দের ক্ষেত্রেও বরিশাল বৈষম্যের শিকার। স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ ও ব্যয়, অবকাঠামো নির্মাণ এবং সেবা পাওয়ার ক্ষেত্রে এমন বৈষম্য প্রায় সারা দেশে। এর ফলে দরিদ্র মানুষ সেবা পাওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ছে।স্বাস্থ্য খাত-সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, সম্পদ বণ্টনের ভৌগোলিক বৈষম্য রয়েছে। কাগজপত্রে দেখা যাচ্ছে, বছরের পর বছর ঢাকা বিভাগে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম ব্যয় হচ্ছে। নারায়ণগঞ্জে দুটি বড় হাসপাতাল তৈরি হয়েছে। কিন্তু খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় এখনো ২০০ শয্যার হাসপাতাল হয়নি। অন্যদিকে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, দরিদ্র মানুষের তুলনায় ধনীরা এবং গ্রামের তুলনায় শহরের মানুষ সুযোগ বেশি পাচ্ছে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুহাম্মদ আবদুস সবুর বলেন, ভুল নীতি ও ত্রুটিপূর্ণ পরিকল্পনার কারণে স্বাস্থ্য খাতে এসব বৈষম্য হচ্ছে। নীতিনির্ধারকেরা সারা দেশের কথা না ভেবে শুধু নিজের নির্বাচনী এলাকার জন্য ভাবেন বলে এমন হয়। ঢাকা ও বরিশালের বৈপরীত্য: সরকারের সর্বশেষ হিসাব বলছে, বাংলাদেশে মাথাপিছু বার্ষিক ব্যয় এক হাজার ১১৮ টাকা (১৬ মার্কিন ডলার)। এর একটি অংশ সরকার দেয় আর বড় অংশটি ব্যক্তি নিজের পকেট থেকে ব্যয় করে। বাংলাদেশে ২০০৭ সালে ঢাকা বিভাগে মাথাপিছু স্বাস্থ্য খাতে ব্যয় ছিল সবচেয়ে বেশি, এক হাজার ৩৩৭ টাকা। অন্যদিকে বরিশালে মাত্র ৪৪৯ টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ জাতীয় স্বাস্থ্য নিরীক্ষা (বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস-বিএনএইচএ) বলছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্যসেবা ব্যয় সবচেয়ে বেশি। ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত এ দুই বিভাগে বেশিই ছিল। অন্যদিকে, বরিশাল বিভাগে ১০ বছর ধরেই কম ছিল।বিএনএইচএ বলছে, ১৯৯৭ ও ২০০৭ সালে বাংলাদেশে স্বাস্থ্যসেবা ব্যয় ছিল যথাক্রমে তিন হাজার ৫০২ কোটি ৪০ লাখ ও ১৩ হাজার ৮৫৩ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ওই সময়ে ঢাকা বিভাগে স্বাস্থ্যব্যয় ছিল এক হাজার ৬৫ কোটি ৬০ লাখ ও পাঁচ হাজার ৪৩৭ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ মোট ব্যয়ের যথাক্রমে ৩০ দশমিক ৪ ও ৩৯ দশমিক ২ শতাংশ। ১৯৯৭ সালে চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় ছিল ৯১১ কোটি ২০ লাখ টাকা বা মোট ব্যয়ের ২৬ শতাংশ। আর ২০০৭ সালে ছিল দুই হাজার ৭৫৮ কোটি ৭০ লাখ টাকা বা ২০ শতাংশ।অন্যদিকে বরিশাল বিভাগে ১৯৯৭ সালে ব্যয় ছিল ১৮৬ কোটি ১০ লাখ টাকা বা ৫ দশমিক ৩ শতাংশ। ২০০৭ সালে অবস্থার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। ওই বছর বরিশাল বিভাগে ব্যয় ছিল ৮৪৬ কোটি ছয় লাখ টাকা বা ৬ দশমিক ১ শতাংশ।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দের ক্ষেত্রেও বৈষম্য তুলে ধরেছে বিএনএইচএ। ২০০৭ সালে মন্ত্রণালয় মাথাপিছু সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে সিলেট বিভাগে, ১৬৪ টাকা। এর পরই খুলনা বিভাগে মাথাপিছু ১৬৩ টাকা। সবচেয়ে কম বরিশাল বিভাগে, মাত্র ৮৮ টাকা।অবকাঠামো: ঢাকার অদূরে নারায়ণগঞ্জে দুটি বড় সরকারি হাসপাতাল তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতাল সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের তত্ত্বাবধানে চলে। প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, এই হাসপাতালে শয্যা খালি থাকে। তার পরও ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল রয়েছে। এটির দায়িত্ব জেলা সিভিল সার্জনের।একই ঘটনা দেখা যায় নরসিংদী জেলার ক্ষেত্রে। এখানে ১০০ শয্যার জেলা হাসপাতালের পাশাপাশি ৫০ শয্যার একটি সদর হাসপাতালও তৈরি করেছে সরকার। অভিযোগ আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন সচিব নিজের জেলা শহরে বাড়তি একটি হাসপাতাল তৈরি করেন।অন্যদিকে দেখা যায়, পার্বত্য এলাকায় অর্থাৎ রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই তিন জেলায় ১০০ শয্যার তিনটি হাসপাতাল ছাড়া অন্য কোনো স্বাস্থ্য অবকাঠামো নেই।এসব অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে নেওয়া হয়। জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় দেশে বেশ কয়েকটি মেডিকেল কলেজ করা হয়েছিল। এইচ এম এরশাদ ক্ষমতায় এসে সেই সব মেডিকেল কলেজ বন্ধ করে দেন। আবার বিএনপি ১৯৯১-এর নির্বাচনে জয়ী হয়ে সেগুলো চালু করে, শুধু পাবনার মেডিকেল কলেজটি ছাড়া। পাবনার মেডিকেল কলেজটির যাত্রা শুরু হয় বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়। ওই সময় নোয়াখালী ও কক্সবাজারে আরও দুটি মেডিকেল কলেজ চালু হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রভাবশালী ব্যক্তিরা নিজ নিজ জেলায় এসব কলেজ করেছিলেন।একই অবস্থা দেখা যায় গুরুতর আহত, বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসাকেন্দ্র (ট্রমা সেন্টার) তৈরির ক্ষেত্রে। এসব কেন্দ্র মহাসড়কের কাছে তৈরি করার কথা ছিল। কিন্তু রাজনৈতিক নেতারা নিজেদের সুবিধামতো জায়গায় এগুলো তৈরি করেছেন। যেমন ভালুকার ট্রমা সেন্টারটি মহাসড়ক থেকে অনেক দূরে।স্বাস্থ্য অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, এসব কেন্দ্র চালাতে নিউরো সার্জন দরকার হয়। কিন্তু কেন্দ্রগুলোতে এ ধরনের চিকিৎসক দিতে পারছে না সরকার। গুরুতর রোগীর চিকিৎসা এখানে হয় না। কেন্দ্রগুলো বেকার পড়ে আছে। সরকারের টাকা পানিতে গেছে।এসব ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘নানা ধরনের অসংগতি-অনিয়ম হয়েছে। এগুলো দূর করার চেষ্টা করছি।’পরীক্ষামূলক প্রকল্প: সরকার বিভিন্ন সময় স্বাস্থ্য খাতে নানা প্রকল্প গ্রহণ করে। এসব প্রকল্প অনেক সময় বৈষম্য তৈরি করে। উদাহরণ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জাতীয় পুষ্টি প্রকল্পের উল্লেখ করেন। ১৯৯৯ সালে এই প্রকল্পের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। তখন ছয়টি জেলায় প্রকল্প বাস্তিবায়িত হয়। এরপর দুই দফায় ১৭টি করে উপজেলা যুক্ত হয়ে উপজেলার সংখ্যা দাঁড়ায় ৪০টি। ১৯৯৯ সালে উপজেলা বেড়ে দাঁড়ায় ৬১টি। ২০০৩ সালে ১০৯ এবং প্রকল্প বন্ধ হওয়ার আগে ১৭৩টি উপজেলা কর্মসূচির আওতায় আসে। ওই কর্মকর্তা বলেন, একটি জাতীয় প্রকল্প থেকে দেশের বৃহৎ অংশকে সব সময় বাদ দেওয়া হয়েছিল।ইউনিসেফ, ইউএনডিপি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার অনেক প্রকল্প স্বাস্থ্য খাতে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প বৈষম্য তৈরি করছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন। মন্ত্রীর জেলা বলে কথা: জাপানের সাহায্য সংস্থা জাইকার অর্থায়নে নিরাপদ মাতৃত্ব বিষয়ে একটি প্রকল্প সফল হয়েছে নরসিংদী জেলায়। নরসিংদীর এই অভিজ্ঞতা সাতক্ষীরা জেলায় ব্যবহার করা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের একটি সূত্র প্রথম আলোকে জানায়, এই জেলায় আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জেলা হাসপাতালকে একটি মডেল হাসপাতালে উন্নীত করতে চায়। তাই সেখানে গুণগত মানের বিষয়ে একটি প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা এই জেলা ঘুরে গেছেন। এখানে পুষ্টি বিষয়ে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া সাতক্ষীরা জেলা হাসপাতাল ও দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সারা দেশকে বঞ্চিত করে কয়েকটি জেলায় চক্ষুশিবিরের মতো বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে। মানবসম্পদ: চিকিৎসক, সেবিকা ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রেও বিভাগ বা অঞ্চলভেদে পার্থক্য দেখা যায়। মন্ত্রণালয়ের সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন (হেলথ বুলেটিন ২০১০) বলছে, সারা দেশে চিকিৎসক, সেবিকা ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর অনুমোদিত পদের সংখ্যা এক লাখ ১২ হাজার ৩০২। এর মধ্যে ২৬ হাজার ২১৭টি পদ শূন্য (২৩ শতাংশ)। বেশি শূন্য বরিশাল বিভাগে। এই বিভাগে ৬৫ শতাংশ চিকিৎসকের পদ শূন্য। ঢাকা বিভাগে ২৫ শতাংশ চিকিৎসকের পদ শূন্য। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক সম্প্রতি সংসদে বলেছেন, রাজধানীর কোনো প্রতিষ্ঠানে চিকিৎসকের পদ শূন্য নেই।