স্বাস্থ্য ও পরিবারকল্যাণ-সম্পর্কিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে কিছু ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। পাঁচ বছরের কম বয়সী শিশুর অপুষ্টি দূর করা, প্রসবপূর্ব সেবার পরিমাণ ও প্রসবকালীন দক্ষ স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো, এইচআইভি আক্রান্ত সব রোগীকে ওষুধ দেওয়া এবং ম্যালেরিয়া কমানোর লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। সরকারের পরিকল্পনা কমিশনের একাধিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এর একটি এমডিজির বার্ষিক অগ্রগতি প্রতিবেদন (২০১১) এবং অন্যটি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১১-২০১৫) মূল্যায়ন প্রতিবেদন। প্রথম প্রতিবেদনটিতে বলা হয়েছে স্বাস্থ্য পদ্ধতির সীমাবদ্ধতার কারণে কার্যকর, দক্ষ ও ন্যায্য সেবাদান বাধাগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকার কারণে এ খাতের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। অনেক ক্ষেত্রে অদক্ষতা দৃশ্যমান হচ্ছে এবং কাজের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, শিশুর পুষ্টি পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। তবে অপুষ্টি দূর করা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। তিনি আরও বলেন, দক্ষ স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে প্রশিক্ষণের কাজও শুরু হয়েছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ শিশু তহবিলসহ (ইউনিসেফ) বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলছে, স্বাস্থ্য খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে শিশু ও মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ৬৭ শতাংশ কমেছে। টিকাদান কর্মসূচির ব্যাপকতা, খাওয়ার স্যালাইন ব্যবহারের প্রসার এবং দেশব্যাপী ভিটামিন-এ বিতরণ এই মৃত্যুর হার কমাতে ভূমিকা রেখেছে। শিশুপুষ্টি: ১৯৯০-৯১ সালে দেশে পাঁচ বছরের কম বয়সী ৬৬ শতাংশ শিশুর ওজন ছিল প্রয়োজনের চেয়ে কম। এমডিজির লক্ষ্যমাত্রা ঠিক করার সময় বলা হয়, ২০১৫ সালের মধ্যে কম ওজনের শিশুর সংখ্যা ৩৩ শতাংশে কমিয়ে আনতে হবে। বর্তমানে এ ধরনের শিশুর সংখ্যা ৪৫ শতাংশ। যে হারে কম ওজনের শিশুর সংখ্যা কমছে, তাতে লক্ষ্য অর্জিত না হওয়ার আশঙ্কা আছে। এমডিজির অগ্রগতি প্রতিবেদনে এ বিষয়ে দৃষ্টি দেওয়ার কথা বলা হয়েছে। চলতি মাসে প্রকাশ করা পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, শিশুপুষ্টির ক্ষেত্রে অতীতে অগ্রগতি কম হয়েছে এবং এই ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। সমস্যার একটি কারণ সীমিত সম্পদ। পুষ্টি কর্মসূচি সতর্কতার সঙ্গে মূল্যায়ন দরকার বলে প্রতিবেদনে বলা হয়েছে।পুষ্টি বিষয়ে সরকারি কর্মকর্তারা বলছেন, অপুষ্টি দূর করার দায়িত্ব শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, খাদ্যনিরাপত্তার সঙ্গে পুষ্টির সম্পর্ক আছে। বিশুদ্ধ পানি সরবরাহের সঙ্গে পুষ্টির সম্পর্ক আছে। সুতরাং অন্য আরও মন্ত্রণালয়ের এ ক্ষেত্রে ভূমিকা পালন করার আছে। প্রসবপূর্ব সেবা: প্রসূতিরোগ বিশেষজ্ঞরা বলেন, মা ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য গর্ভধারণকালে মায়ের স্বাস্থ্য পরীক্ষার দরকার হয়। লক্ষ্যমাত্রা নির্ধারণ করার সময় বলা হয়, ২০১৫ সালের মধ্যে ১০০ শতাংশ গর্ভবতী মাকে কমপক্ষে একবার স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। কমপক্ষে চারবার স্বাস্থ্য পরীক্ষার জন্য একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ১৯৯৩ সালে একবার সেবা পেতেন ২৮ শতাংশ এবং চারবার পেতেন ৬ শতাংশ মা। সর্বশেষ পরিসংখ্যান বলছে, একবার সেবা পায় ৭১ শতাংশ মা। আর চারবার পায় ২৩ শতাংশ। অগ্রগতির হার পর্যালোচনা করে বলা হচ্ছে, ২০১৫ সালে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ক্ষেত্রে প্রয়োজনের সময় স্বাস্থ্যকর্মীর সহায়তা পাওয়া একটি বড় সমস্যা। স্বাস্থ্যকেন্দ্রে যথাযথ আচরণ পাওয়া যায় না বলেও অনেকে সেখানে যান না। অন্যদিকে মানুষের আচরণগত সমস্যাও আছে। অনেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে স্বাস্থ্যকেন্দ্রে যেতে চান না। অর্থও কিছু ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। দক্ষ স্বাস্থ্যকর্মী: সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২৭ শতাংশ প্রসব হয় দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তায়। ২০১৫ সালের মধ্যে ৫০ শতাংশ প্রসব হবে দক্ষ স্বাস্থকর্মীর সহায়তায়। তাই স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছিল। কিন্তু এ ক্ষেত্রে সফল হতে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয়।মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে, সরকার সাড়ে ১৩ হাজার দক্ষ দাইকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে। গত কয়েক বছরে ছয় হাজারের কিছু বেশি দাইকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে। বাকি সময় প্রশিক্ষণ দিয়ে সংখ্যা পূরণ সম্ভব হবে না। এইচআইভি ও ম্যালেরিয়া: গত কয়েক বছরে এইচআইভি/এইডস খাতে প্রচুর অর্থ-সহায়তা এসেছে। কিন্তু এইচআইভি সংক্রমিত সবাই বিনা মূল্যে ওষুধ পাচ্ছে না। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক করার সময় বলা হয়েছিল ২০১৫ সালের মধ্যে ১০০ শতাংশ এইচআইভি সংক্রমিত ব্যক্তিকে বিনা মূল্যে অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ দেওয়া হবে। তবে এ বিষয়ে হালনাগাদ তথ্যও সরকারের কাছে নেই। এ ক্ষেত্রে ২০০৯ সালের একটি তথ্য ব্যবহার করেছে পরিকল্পনা কমিশন। ওই সময় ৪৮ শতাংশ এইচআইভি সংক্রমিত ব্যক্তি ওষুধ পেত। গত তিন বছরে এই হার বেড়েছে। তবে ২০১৫ সালের মধ্যে সবাই পাবে না। এমডিজি অগ্রগতি প্রতিবেদনে এ ব্যাপারে আরও মনোযোগী হওয়ার কথা বলা হয়েছে। একই কথা বলা হয়েছে ম্যালেরিয়ার ব্যাপারে। এমডিজির লক্ষ্যমাত্রা নির্ধারণের সময় বলা হয়েছিল, ম্যালেরিয়ায় আক্রান্তের হার কমিয়ে প্রতি লাখে ৩১০ করতে হবে। ২০০৮ সালে এই হার ছিল ৭৭৬। আর বর্তমানে ৫১২। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, যে হারে প্রকোপ কমছে তাতে ২০১৫ সালের মধ্যে এমডিজির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।