স্বাস্থ্য খাতের উন্নয়নে অনুদান দিলে কর ছাড়ের সুবিধা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে যদি কেউ অনুদান দেন, তাহলে তিনি কর ছাড়ের সুবিধা পাবেন। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার অংশীদারি নিশ্চিত করতে চায়।তিন দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন ও বিশ্ব মানসিক স্বাস্থ্যদিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরিবার ও সমাজে নিরবচ্ছিন্ন শান্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রি।শেখ হাসিনা বলেন, শিশুর পরিপূর্ণ বিকাশে তাঁকে মন খুলে কথা বলার সুযোগ করে দিতে হবে। পরিবারে ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু যেন ভয়-ভীতিমুক্ত একটা পরিবেশ পায়, সেদিকে লক্ষ রাখতে হবে। অনেক পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠান মনে করে ধমক বা মারপিট না করলে শিশু ঠিকমতো বেড়ে ওঠে না। এটা ঠিক না।প্রধানমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যের চিকিত্সা নিশ্চিত করতে মানসিক স্বাস্থ্য আইন চূড়ান্ত করার কাজ চলছে। প্রাথমিক স্বাস্থ্যপরিচর্যায় মানসিক স্বাস্থ্যসেবাকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে আলাপ-আলোচনা চলছে। তিনি বলেন, পাবনার মানসিক হাসপাতালটির অবস্থা অত্যন্ত করুণ। এটিকে আধুনিক করার কাজ চলছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের মনঃচিকিত্সক আছেন। কিন্তু তাদের সংখ্যা খুবই কম। সরকারি হাসপাতালেও মনঃচিকিত্সকের পদের সংখ্যা কম। সরকার হাসপাতালে মনঃচিকিত্সকের পদ সৃষ্টিতে সরকার আগ্রহী।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত চিকিত্সকদের নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের আহ্বান জানান। তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিত্সকেরা মাত্র ছয় ঘণ্টা সেবা দেন। জরুরি প্রয়োজনে নির্দিষ্ট সময়ের বাইরেও চিকিত্সকদের সেবা দিতে হবে।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রির সভাপতি ও পরিচালক মো. গোলাম রব্বানী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় স্বতন্ত্র একটি শাখা খোলা প্রয়োজন। এতে করে মাঠ পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। তিনি বলেন, বাংলাদেশে মানসিক রোগে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াজিউল আলম চৌধুরী প্রমুখ।