স্বাস্থ্য ছাড়া সেবা খাতে দুর্নীতি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের তুলনায় ২০১২ সালে স্বাস্থ্য ছাড়া দেশের সেবা খাতে দুর্নীতি ও হয়রানি কমেছে। শুধু স্বাস্থ্য খাতে দুর্নীতি ২০১০ সালের ৩৩ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৪০ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।আজ শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাতীয় খানা জরিপ ২০১২-এর ফল প্রকাশ করে এ তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।সংবাদ সম্মেলনে জানানো হয়, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫ দশমিক ৮ শতাংশ সুনির্দিষ্ট ১৩টি সেবা খাতে কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হওয়ার কথা জানান। গত জরিপে এ সংখ্যা ছিল ৮৪ দশমিক ২ শতাংশ। তবে সেবাগ্রহণের সময় দুর্নীতির হার কমলেও নিয়মবহির্ভূত অর্থ অর্থাত্ ঘুষের পরিমাণ বেড়েছে। ২০১১-১২ অর্থবছরে সেবা খাতে ২১ হাজার ৯৫৫ কোটি ৬০ লাখ টাকার ঘুষ লেনদেন হয়, যা ওই অর্থবছরের জাতীয় বাজেটের ১৩ দশমিক ৬ শতাংশ এবং জিডিপির ২ দশমিক ৪ শতাংশ।জরিপ প্রতিবেদনে বলা হয়, দেশের ৬৩ দশমিক ৭ শতাংশ সেবাগ্রহণকারী কোনো না কোনাভাবে দুর্নীতির শিকার হচ্ছেন।সেবাগ্রহণের দিক দিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হলো শ্রম অভিবাসন (৭৭ শতাংশ), এর পরেই রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা (৭৫.৮ শতাংশ), ভূমি প্রশাসন (৫৯ শতাংশ) ও বিচারিক সেবা (৫৭.১ শতাংশ)।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন সুলতানা কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সুলতানা কামাল বলেন, ‘যখন সেবাগ্রহণের হার উল্লেখযোগ্য হারে কম হয়, তখন এটি প্রতীয়মান হয়, আমাদের প্রতিষ্ঠানগুলো এখনো যথেষ্ট মাত্রায় সেবামুখী ও শক্তিশালী হয়ে ওঠেনি। ফলে জনসাধারণের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয় এবং তারা নানা বিকল্প উপায়ে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হন। মানবাধিকার লঙ্ঘিত হয়, ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হয়, যা মূলত সুশাসনকে বাধাগ্রস্ত করে।’ ১৯৯৭ সাল থেকে টিআইবি এ পর্যন্ত ছয়টি খানা জরিপ পরিচালনা করেছে। সর্বশেষ জরিপ চালানো হয় চলতি বছরের ১৫ মে থেকে ৪ জুলাই পর্যন্ত। ২০১২ সালের জাতীয় খানা জরিপ অনুযায়ী স্বাস্থ্য খাতে ৪০ দশমিক ২ শতাংশ, শিক্ষা খাতে ৪০ দশমিক ১ শতাংশ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুর্নীতির শিকার হওয়ার হার ৩০ দশমিক ৯ শতাংশ।২০১০ সালের জরিপের সঙ্গে ২০১২ সালের তুলনামূলক চিত্রের বিশ্লেষণে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ভূমি প্রশাসন, বিচারিক সেবা, কৃষি, বিদ্যুত্, কর ও শুল্ক, শিক্ষা, ব্যাংকিং, বিমা ও এনজিও খাতে আগের তুলনায় দুর্নীতির হার কমলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ভূমি প্রশাসন, বিচারিক সেবা, স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মতো খাতে দুর্নীতির ফলে মানুষ হয়রানির শিকার হচ্ছে সবচেয়ে বেশি।