মেডিকেল কলেজে ভর্তি বিতর্ক
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ২০১৬ পর্যন্ত স্থগিত করার দাবি
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিলের সরকারি সিদ্ধান্ত অন্তত ২০১৬ সাল পর্যন্ত স্থগিত রাখার দাবি জানিয়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত সমাবেশ করবেন তাঁরা।গতকাল রোববার বেলা দুইটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তাঁরা এ কথা জানান। আজ সমাবেশের পর প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। একই সঙ্গে দাবি না মানলে ২৮ আগস্ট থেকে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।অন্যদিকে বেলা আড়াইটায় ভর্তি পরীক্ষা বাতিলের সরকারি সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন কিছু শিক্ষার্থী।মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করা ফারজানা আফরিন। লিখিত বক্তব্যে তিনি ভর্তি পরীক্ষার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য অনেক আগে থেকেই তাঁরা পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। আর অনেক শিক্ষার্থী গত বছর থেকে দ্বিতীয়বার অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তেমন প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।ফারজানা আফরিন বলেন, সরকার অন্তত চার বছর আগে (পাবলিক পরীক্ষগুলোর আগে) এই সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হতো না। তাই সরকারের নেওয়া সিদ্ধান্ত কমপক্ষে ২০১৬ সাল পর্যন্ত স্থগিত রাখতে হবে। কারণ এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরা ২০১৫ সাল পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। শিক্ষানীতি ২০১০-এর বরাত দিয়ে তিনি বলেন, আগের পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়াই শিক্ষানীতির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। এ ছাড়া এইচএসসি পরীক্ষার ফল দেওয়ার পর এক মাস পেরিয়ে গেলেও ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি না দিয়ে শিক্ষানীতির লঙ্ঘন করা হচ্ছে।এক প্রশ্নের জবাবে কোচিং সেন্টার বন্ধের জন্য এই সিদ্ধান্ত নেওয়াকে অবান্তর দাবি করে ফারজানা আফরিন বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করলেই কোচিং বন্ধ হয়ে যাবে না। মালিকেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং চালিয়ে যাবেন। এ জন্য ভর্তি পরীক্ষা বাতিল নয়, আইন করে কঠোরভাবে কোচিং সেন্টার বন্ধ করতে হবে।সিদ্ধান্তের পক্ষে মানববন্ধন: এদিকে ভর্তি পরীক্ষা বাতিলের সরকারি সিদ্ধান্তের পক্ষে মানববন্ধন করেছেন কিছু শিক্ষার্থী। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন ৩৫ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আয়োজকদের খুঁজে পাওয়া যায়নি। উপস্থিত কয়েকজন বলেন, ফেসবুকে এ রকম একটি কর্মসূচির ‘ইভেন্ট’ দেখে তাঁরা জড়ো হয়েছেন। তবে ইভেন্টের নাম কী বা কী লিখে খুঁজলে ইভেন্টটি পাওয়া যাবে, সেই উত্তর তাঁরা দিতে পারেননি।মুস্তাকিম আহমেদ নামে নটর ডেম কলেজের প্রাক্তন এক ছাত্র নিজেকে আয়োজক হিসেবে দাবি করেন। কিন্তু অন্যান্য আয়োজকের পরিচয় জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।মাজহারুল ইসলাম নামের অন্য এক শিক্ষার্থী এই প্রতিবেদককে বলেন, ‘ভাই, আমরা যারা এখানে আছি, তাদের বেশির ভাগই বুয়েটের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। পরীক্ষা দিয়ে সেখানে চান্স পেতে পারি, না-ও পেতে পারি। কিন্তু সরকারের এক ঘোষণায় যদি পরীক্ষা না দিয়েই মেডিকেলে চান্স পেয়ে যাই, তাহলে সব সহজ হয়ে গেল।’১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পরীক্ষাবিষয়ক নীতিনির্ধারণী সভায় পরীক্ষা ছাড়াই ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়। এর পরপরই আন্দোলনে নামেন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা।