স্বাস্থ্য শিক্ষা ও গবেষণায় অংশীদারি দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য-সম্পর্কিত নতুন ও ক্রমবর্ধমান চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলায় স্বাস্থ্য প্রযুক্তি, স্বাস্থ্যবিষয়ক শিক্ষা ও নীতি প্রণয়নে গবেষণার জন্য বৈশ্বিক ও আঞ্চলিক অংশীদারি উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়েছেন।গতকাল রোববার জার্মানির বার্লিনে চ্যারিটি হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের একজন অন্যতম মূল বক্তা হিসেবে বক্তব্যে প্রধানমন্ত্রী এ গুরুত্বারোপ করেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছাতে নেটওয়ার্কের উন্নয়ন এবং মেধা ও সম্পদের ব্যবধান কমিয়ে অংশীদারি প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালগুলোকে পরামর্শ দেন।এম-৮ অ্যালায়েন্স এ সম্মেলনের আয়োজন করে। এ সম্মেলন হচ্ছে রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক কার্যাবলি সম্পাদনে চিকিৎসাবিষয়ক গবেষণা, বৈশ্বিক স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার যৌথ কৌশল ও প্রধান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিশ্বের শিক্ষাবিদ, রাজনীতিক ও সুশীল সমাজের নেতাদের বার্ষিক সমাবেশের প্রধানতম এক সম্মিলন। ‘আজকের বিজ্ঞান আগামী দিনের আলোচ্যসূচি’ এ প্রতিপাদ্যে এবারের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অসংক্রামক ব্যাধি, স্বাস্থ্য উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা, গবেষণা ও উদ্ভাবনে নতুন দৃষ্টিভঙ্গি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে জনস্বাস্থ্য নিশ্চিত করা ও বিশ্ব স্বাস্থ্য কার্যক্রমে উদ্ভাবনী মডেলের ওপর আলোকপাত করা হবে। শেখ হাসিনা বলেন, টেলিযোগাযোগের এ যুগে শিক্ষাবিদ ও হাসপাতালগুলোর মধ্যে এ ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা খুবই সহজ। মানোন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও ওষুধ সরবরাহ সম্প্রসারণে ওষুধ কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতার প্রচুর সুযোগ রয়েছে। তিনি ওষুধ শিল্পে স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিদ্যমান মেধাস্বত্ব আইনের সুবিধা ২০১৫ সালের পরও নমনীয় রাখার আহ্বান জানান।বিএনপি বিরোধী দলে গেলেই ভারতবিরোধী: জার্মান শাখা আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি অতিমাত্রায় ভারতপন্থী হয়ে যায়। আর বিরোধী দলে গেলেই ভারতবিরোধী হয়ে ওঠে। শেখ হাসিনা বলেন, বিএনপি এখন ভারতের সঙ্গে ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী সীমান্ত সমস্যার সমাধান চায়। অথচ বছরের পর বছর ধরে তারা চুক্তিটির সমালোচনা করেছে।তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী সবই বোঝেন। তবে তিনি যথাসময়ে কিছুই বুঝতে পারেন না। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দল দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। সম্প্রতি তারা রাজাকার-আলবদরদের রক্ষায় আন্দোলনে নেমেছে।সরকারবিরোধী রোডমার্চের নামে বিরোধী দলের কার শোভাযাত্রার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, রোডমার্চ চলাকালে জনগণ হেঁটে গেলেও বিরোধীদলীয় নেত্রী সারাক্ষণই তাঁর বিলাসবহুল গাড়ির ভেতরে বসে ছিলেন।বাংলা পাঠশালা পরিদর্শন: প্রধানমন্ত্রী গতকাল বার্লিনে বাংলা মাধ্যমের বিদ্যালয় বাংলা পাঠশালা পরিদর্শন করেন। জার্মানিতে বসবাসকারী বাঙালি শিশুরা এ বিদ্যালয়ে বাংলা ভাষায় লেখাপড়া করছে। বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন প্রাঙ্গণে গত ডিসেম্বরে বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম শুরু হয়।প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, দুই ভাগনি আজমিনা সিদ্দিকি ও রেজওয়ানা সিদ্দিকি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রহুল হক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান বিদ্যালয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।