নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সারা পৃথিবীর জন্যই সমস্যা। এ সমস্যা সমাধানের জন্য বহুমুখী ও সমন্বিত উদ্যোগ দরকার। তবে স্বাস্থ্য সমস্যার সমাধানে সহজ কোনো পন্থা নেই বলে দুই নোবেল বিজয়ীই স্বীকার করেন।নোবেলজয়ী অপর অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্যসেবার উপায় ও পন্থা নিয়ে নানা বিতর্ক থাকতে পারে। কিন্তু মাঠপর্যায়ে সাধারণ মানুষকে সেবাদান বন্ধ রেখে বিতর্ক অব্যাহত রাখা উচিত নয়।গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এই দুই নোবেল বিজয়ী ‘সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। ব্র্যাক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), প্রচীতী ট্রাস্ট ও ইউনিসেফ যৌথভাবে এ সভার আয়োজন করে।অমর্ত্য সেন বলেন, গণতন্ত্রচর্চার সীমাবদ্ধতার কারণে পৃথিবীর অনেক মানুষ স্বাস্থ্যসেবা পায় না। তিনি সরকারি স্বাস্থ্যসেবার মান ও আওতা বাড়ানোর ওপর জোর দেন। অমর্ত্য সেন বলেন, স্বাস্থ্য খাতকে সফল করতে হলে এই খাতের সমস্যা চিহ্নিত করা দরকার। একই সঙ্গে সরকারি, বেসরকারি ও এনজিওদের ভূমিকাও পরিপূরক হওয়া দরকার।স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে সাধারণ শিক্ষার বড় ভূমিকা আছে বলে মন্তব্য করেন অমর্ত্য সেন। তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যের মধ্যে পরিপূরক ভূমিকা থাকা উচিত। এ ক্ষেত্রে স্কুলে শিক্ষার্থীদের খাবার বা নাশতা দিলে ভালো ফল পাওয়া যাবে। এতে শিশুদের অপুষ্টির সমস্যা দূর হবে, স্কুলে উপস্থিতির হারও বাড়বে। তিনি বলেন, স্কুলে খাবার দেওয়ার প্রথা থাকলে স্কুল বেশি সচল থাকে।স্বাস্থ্য বিষয়ে প্রথম আলোচনার শুরু করে মুহাম্মদ ইউনূস বলেন, দেশে একসময় রাতকানা রোগের প্রাদুর্ভাব ছিল, ভিটামিন ‘এ’ যার প্রধান কারণ। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ গ্রহীতাদের সবজি চাষে উদ্বুদ্ধ করে ভিটামিন ‘এ’র অভাব পূরণ করা সম্ভব হয়েছে। মূলত এভাবেই স্বাস্থ্য খাতে গ্রামীণ ব্যাংক কাজ শুরু করে বলে ড. ইউনূস জানান।স্বাস্থ্যসেবা দিতে গিয়ে গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা হলো গ্রামে চিকিত্সকেরা থাকতে চান না। এ সমস্যা সমাধানের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিচ্ছে গ্রামীণ ব্যাংক। তিনি বলেন, মোবাইল ফোন ব্যবহার করে রোগী ও চিকিত্সকের দূরত্ব কমানো সম্ভব।অনুষ্ঠানের শুরুতে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, অমর্ত্য সেনের নেতৃত্বে ‘কলকাতা গ্রুপ’ প্রতিবছর কলকাতায় শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে আলোচনা করে। গত কয়েক বছরে বাংলাদেশ থেকেও কয়েকজন এই আলোচনায় যোগ দেন। এবার এই সভা হবে ১৫-১৬ ফেব্রুয়ারি। তার আগে ‘শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে ভারত-বাংলাদেশ সংলাপ: প্রতিবেশীর কাছ থেকে শিক্ষণীয়’ শীর্ষক দুই দিনের সভা গতকাল থেকে ঢাকায় শুরু হয়েছে। আজ শিক্ষার ওপর আলোচনা হবে।স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে কিছু সামাজিক ব্যবসার উদ্যোগের কথা জানান ইউনূস। বিখ্যাত বহুজাতিক কোম্পানি জেনারেল ইলেকট্রিক ও গ্রামীণ ব্যাংক সহজে ব্যবহার করা যায় এমন চিকিত্সা প্রযুক্তি উদ্ভাবনের কাজ শুরু করেছে। শিশুর অপুষ্টি দূর করতে একটি কারখানায় ডানোনের সঙ্গে শক্তি দই তৈরি করছে গ্রামীণ ব্যাংক। অল্প দিনের মধ্যে আরও দুটি কারখানা চালু হবে। এ রকম মোট ৫০টি কারখানা গড়ে তোলার পরিকল্পনার কথা তিনি জানালেন।বিখ্যাত জুতা তৈরির প্রতিষ্ঠান এডিডাসের সঙ্গে জুতার সামাজিক ব্যবসার উদ্যোগ নিয়েছেন বলে জানালেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, পৃথিবীর একটি মানুষও খালি পায়ে থাকবে না—এটাই হবে এই যৌথ উদ্যোগের লক্ষ্য। তিনি রোগীর তথ্য সংগ্রহ, স্বাস্থ্য বিমা, নার্সিং কলেজ নিয়ে তাঁর উদ্যোগের কথাও জানান।দুই অর্থনীতিবিদই বলেন, স্বাস্থ্য খাতে বিরাজমান সমস্যা সমাধানে সহজ ও একক কোনো পন্থা নেই। অমর্ত্য সেন বলেন, ওষুধের পেটেন্ট অধিকার নিয়ে আরও আলোচনা দরকার। এ ছাড়া দরকার স্বাস্থ্য খাতে গবেষণার ওপর জোর দেওয়া। তিনি বলেন, স্বাস্থ্য সমস্যা দূর করার জন্য শ্রমিক সংগঠনের সঙ্গেও কাজ করা দরকার।একই স্থানে বাংলাদেশ হেলথ ওয়াচ বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ২০০৯ সালের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, প্রতিবেদনে বাস্তবসম্মত যেসব সুপারিশ করা হয়েছে, সরকার তা বাস্তবায়ন করবে।