স্বাস্থ্যঝুঁকিতে ২৬ লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক, নার্স, প্রয়োজনীয় ওষুধ ও জনবলের সংকটে পাবনা জেলার স্বাস্থ্যসেবায় করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। জেলার নয়টি উপজেলার প্রায় ২৬ লাখ মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। কিছুটা মানসম্মত একমাত্র পাবনা জেনারেল হাসপাতালটিও নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর চিকিৎসার মান ভালো নয় বলে রোগীরা জানিয়েছে। অপরদিকে সরকারিভাবে স্বাস্থ্যসেবার চরম ঘাটতিকে পুঁজি করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী নামমাত্র ক্লিনিক খুলে চিকিৎসার নামে প্রতারণা করছেন বলেও অভিযোগ রয়েছে।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার নয়টি উপজেলার মোট জনসংখ্যা হচ্ছে ২৬ লাখ ১৬ হাজার ৩৫১ জন। এর মধ্যে শিশু রয়েছে ৬৭ হাজার ৭২৪ জন। এই বিশাল জনসংখ্যার জন্য জেলা শহরে একটি ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, একটি ২০ শয্যার বক্ষব্যাধী হাসপাতাল; সুজানগর উপজেলায় একটি ৫১ শয্যার স্বাস্থ্যসেবাকেন্দ্র; ফরিদপুর, সাঁথিয়া ও চাটমোহরে ৫০ শয্যার করে এবং ঈশ্বরদী, বেড়া, ভাঙ্গুড়া ও আটঘরিয়ায় ৩১ শয্যার একটি করে স্বাস্থ্যসেবাকেন্দ্র রয়েছে। এর বাইরে নয়টি উপজেলার ৫৯টি ইউনিয়নে সাব-সেন্টার (অস্থায়ী) খোলা হলেও এখনো তা শুধু কাগজে-কলমেই রয়েছে। এগুলোর কোনো অবকাঠামোও নির্মিত হয়নি।পাবনা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য ২৫৭টি চিকিৎসক পদের মধ্যে ১৬৩টি খালি রয়েছে। এ ছাড়া প্রশাসনিক পদগুলোর প্রথম শ্রেণীর ২৬২টির মধ্যে ১৬৪টি, দ্বিতীয় শ্রেণীর সাতটির মধ্যে পাঁচটি, তৃতীয় শ্রেণীর ৯৩৫টির মধ্যে ২১৪টি, চতুর্থ শ্রেণীর ২৭৩টি পদের মধ্যে খালি রয়েছে ৬৫টি। এসব স্বাস্থ্যকেন্দ্রে ব্যবহারের জন্য ১৮টি অ্যাম্বুলেন্স থাকলেও এর মধ্যে আটটি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে।এদিকে উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অতিরিক্ত চাপ পড়ছে পাবনা জেনারেল হাসপাতালে। কিন্তু জেলাবাসীর জন্য একমাত্র এই হাসপাতালও নানা সমস্যায় জর্জরিত। অতিরিক্ত রোগীর চাপ ও সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।হাসপাতালসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, এডিবির অর্থায়নে চারদলীয় জোট সরকার পাবনা জেনারেল হাসপাতালকে ১২০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করে অবকাঠামো নির্মাণ করে। সৌদি সরকারের আর্থিক সহায়তায় বাড়তি ১৩০টি শয্যা স্থাপন করা হয়। ওই অবস্থায় ২০০৫ সালের ২ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২৫০ শয্যায় উন্নীত অবকাঠামো উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি দ্রুত ২৫০ শয্যার জন্য বাড়তি লোকবল ও যন্ত্রপাতি বরাদ্দের ঘোষণা দেন। তবে এই ঘোষণার পর চারদলীয় জোট সরকার দুই বছর ক্ষমতায় থাকলেও লোকবল বাড়ায়নি। এ কারণে ১২০ শয্যার লোকবল ও যন্ত্রপাতি দিয়ে ২৫০ শয্যার হাসপাতাল চালাতে হচ্ছে কর্তৃপক্ষকে। জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপির সময়ে প্রয়োজনীয় লোকবল বাড়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে কয়েক দফা আবেদন করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও আবেদন করা হয়েছে। কিন্তু এখনো প্রয়োজনীয় লোকবল পাওয়া যায়নি। পাঁচ বছর আগে শুধু ১৩০টি শয্যা বাড়ানো হয়। অথচ ১২০ শয্যার লোকবলেই ঘাটতি আছে।আবাসিক চিকিৎসা কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, একটি ডিজিটাল এক্স-রে মেশিন থাকলেও কক্ষ ও বিদ্যুতের ব্যবস্থা না থাকায় সংযোজন করা যাচ্ছে না। পাঁচটি এক্স-রে মেশিনের মধ্যে তিনটি অচল। তিন কোটি টাকা ব্যয়ে চারটি কোয়ার্টার ভবন নির্মাণ করা হলেও গ্যাসের সংযোগ না দেওয়ায় ভবনগুলো পাঁচ বছর ধরে খালি পড়ে আছে। প্রায় ৩০ লাখ টাকা মূল্যের একটি জেনারেটর থাকলেও তা তেলের অভাবে চালু করা হয় না। ছয়টি অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি অচল হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। ফলে অ্যাম্বুলেন্সের চাহিদা মেটাতে সব সময় হাসপাতাল এলাকায় মাইক্রোবাসের চালকদের ভিড় লেগে থাকছে।১০ এপ্রিল সরজমিনে গিয়ে দেখা যায়, ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় পুরো হাসপাতালে সব সময় দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করে। সঠিকভাবে এবং সঠিক সময়ে ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় দুর্গন্ধে অনেক সময় হাসপাতালে ঢোকা অসহ্যকর হয়ে পড়ে। শিশু ওয়ার্ড, মহিলা পেইন ওয়ার্ড ও পুরুষ পেইন ওয়ার্ডের পেছন দিকে আবর্জনার স্তূপ জমা হয়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এসব ওয়ার্ডের টয়লেটগুলোর দরজা ভেঙে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ছাদ থেকে খসে পড়ছে সিমেন্ট-বালুর বড় বড় চাপ। শিশু ওয়ার্ডে নোংরা পরিবেশে বিড়াল ঘুরে বেড়াতেও দেখা গেছে। ওয়ার্ডগুলোর পেছনের বারান্দায় মশা-মাছি আর দুর্গন্ধময় পরিবেশে রোগীরা অতিষ্ঠ হয়ে উঠছে।পাবনা জেনারেল হাসপাতাল নিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের অভিযোগ রয়েছে, নির্দিষ্ট সময়ের আগেই চিকিৎসকেরা হাসপাতাল ছেড়ে চলে যান। সেবিকারাও রোগীদের সঙ্গে খারাপ আচরণ করেন। সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চিকিৎসকদের কাজের দায়িত্ব থাকলেও তাঁরা তা পালন করেন না। যে যাঁর ইচ্ছামতো হাসপাতালে আসেন আবার চলে যান। দুপুর একটার পর কোনো চিকিৎসককেই হাসপাতালে পাওয়া যায় না। এ বিষয়ে তাঁদের কিছু বলার মতো কোনো লোকও পাওয়া যায় না। আবার চিকিৎসকেরা হাসপাতালে থাকলেও রোগী দেখতে চান না। তাঁরা গ্রামগঞ্জ থেকে আসা রোগীদের সঙ্গে খারাপ আচরণ করেন।হাসপাতালের মহিলা বেদনা বিভাগের রোগী সাহেরা খাতুন বলেন, ‘সহালে ডাক্তাররা আইসে একবার কুনোমতন ঘুইরে চইলে যায়। পরে আর তাগের পাওয়া যায় না। নার্স আপাগেরে কিছু কলি তারাও খেপে যায়। সগলেই ইচ্ছামোত কাম করে।’হাসপাতালে বহির্বিভাগের রোগী শামীম রেজা ১০ এপ্রিল জানান, তিনি কানের প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে এসেছেন। বেলা ১১টায় হাসপাতালের আউটডোর থেকে টিকিট কেটে চিকিৎসকের আশায় অপেক্ষা করছেন। কোন ডাক্তারকে দেখাতে হবে তা জানার লোকটিও খুঁজে পাচ্ছেন না। হাসপাতালের বয়, সেবিকা, চিকিৎসক কেউ-ই রোগীদের সঙ্গে ভালোভাবে কথা বলতে চান না।অনুসন্ধানে জানা যায়, পাবনা জেনারেল হাসপাতালে দায়িত্বরত সব চিকিৎসকই বাড়তি রোজগারের আশায় জেলা শহরের বিভিন্ন ক্লিনিকে খণ্ডকালীন রোগী দেখেন।