স্বাস্থ্যনীতি প্রণয়নে জাতীয় কমিটি গঠন
সরকার জাতীয় স্বাস্থ্যনীতি-২০১০ প্রণয়নে একটি জাতীয় কমিটি গঠন করেছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হককে চেয়ারম্যান করে গড়া এই কমিটির সদস্য সংখ্যা ৪৩। দেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ যুগোপযোগী ও বাস্তবমুখী জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করতেই এই কমিটি গঠন করা হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জহুরুল ইসলাম স্বাক্ষরিত হাসপাতাল-২ শাখা থেকে আজ বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।যুগোপযোগী ও বাস্তবমুখী জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করতে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন, তা নির্ধারণ করবে এই কমিটি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন যাবতীয় কাজকর্ম স্বাস্থ্যনীতির আলোকে বাস্তবায়ন করতে এ কমিটি একটি বাস্তবমুখী নীতি ও কর্মকৌশল নির্ধারণ করবে। পাশাপাশি কমিটি যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে সরকারের কাছে পেশ করবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণায়লয় কমিটিকে সাচিবিক সহায়তা করবে।কমিটিতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলী, প্রতিমন্ত্রী মজিবুর রহমান, সাংসদ রওশন এরশাদ, শেখ ফজলুল করিম সেলিম, এম কে আনোয়ার, মো. আমানউল্লাহ আমান, দেশের বিশিষ্ট চিকিৎসক ও সংগঠকেরা রয়েছেন।