স্বাস্থ্যনীতির খসড়া চূড়ান্ত হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী জানিয়েছেন, স্বাস্থ্যনীতির খসড়া চূড়ান্ত হয়ে গেছে। শিগগিরই তা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। আগামী জানুয়ারিতে এটি সংসদে পাস হতে পারে।আজ মঙ্গলবার রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিচার্স ইনস্টিটিউটের বার্ষিক সম্মেলন ও আন্তর্জাতিক সেমিনারে স্বাস্থ্য উপদেষ্টা এ কথা বলেন। স্বাস্থ্যনীতি তৈরি করতে সরকারের এত সময় লাগল কেন—জানতে চাইলে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, স্বাস্থ্যনীতির মতো একটি গুরুত্বপূর্ণ নীতি সংসদে পাস করার প্রয়োজন আছে কি না, সেটা নিয়ে মতপার্থক্য ছিল। তিনি বলেন, বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় তিনি ব্যক্তিগতভাবে মনে করেন সংসদে পাস করার জন্য এটি নিয়ে দেরি করা উচিত নয়। তিনি নিজে সংসদে স্বাস্থ্যনীতিটি পাস করার বিষয়টি সমর্থন করেন না বলে জানান। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রসূতি মৃত্যুর হার কমানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। শিশুমৃত্যুর হার কমিয়ে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন করা সম্ভব হলেও প্রসূতি মৃত্যুর হার কমানো সম্ভব হচ্ছে না। এ জন্য তিনি পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবকে দায়ী করেছেন। তিনি জানান, এ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সরকার কমিউনিটি ক্লিনিকগুলোয় প্রশিক্ষিত দাই নিয়োগ করবে।