স্বতন্ত্র ফিজিওথেরাপি কলেজ নির্মাণ ও স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের মিন্টো রোডের সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি চলে। তবে এ সময় স্বাস্থ্যমন্ত্রী তাঁর বাসভবনে ছিলেন না। তিনি ঢাকার বাইরে ছিলেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ সন্ধ্যা ছয়টার দিকে স্নাতক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী স্বাস্থ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। তাঁরা দফায় দফায় বিক্ষোভ করেন। তাঁরা স্লোগান দেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যা আশ্বাস মানি না-মানব না’, ‘বস্তি উচ্ছেদ করে ফিজিওথেরাপি কলেজ দিতে হবে’, ‘স্থায়ী শিক্ষক নিয়োগ দিতে হবে’। রাত সাড়ে নয়টা পর্যন্ত এ ঘেরাও কর্মসূচি চলে। এ সময় বিপুলসংখ্যক পুলিশ ফিজিওথেরাপি শিক্ষার্থীদের ঘিরে রাখে। বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ফিরোজুল আলম প্রথম আলো ডটকমকে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন কর্মসূচি চলবে। এ ব্যাপারে বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটির সহসভাপতি কামরুজ্জামান বলেন, ফিজিওথেরাপি কলেজ নির্মাণ ও ফিজিওথেরাপি শিক্ষক নিয়োগ করা হবে বলে আশ্বাস দিলেও তা মন্ত্রী রাখেননি। যোগাযোগ করা হলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নূরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তাঁদের দাবি দাওয়ার বিষয়ে শুনেছে। ফিজিওথেরাপি কলেজ নির্মাণের দাবিতে গত শনিবার ফিজিওথেরাপির শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও রোববার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেন।