সাতক্ষীরা জেলা আওয়ামী লীগে চলছে তীব্র কোন্দল। দলের ও বিভিন্ন সহযোগী সংগঠনের ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটিসহ জেলা কমিটিতেও বাড়ছে কোন্দল ও বিভেদ। অধিকাংশ নেতা-কর্মী জেলা কমিটির সহসভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের কর্মকাণ্ডে অত্যন্ত ক্ষুব্ধ। তবে মন্ত্রীর পক্ষের নেতারা বলছেন, জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিকভাবে ব্যর্থ।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৮ এপ্রিল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। প্রকৌশলী শেখ মুজিবুর রহমান সভাপতি ও মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হন। ৭১ সদস্যের কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হন আ ফ ম রুহুল হক। বিগত সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জের একাংশ) আসন থেকে জয়ী হন রুহুল হক। জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সাংসদ হন। পরে তিনি যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পান। আর আ ফ ম রুহুল হক হন স্বাস্থ্যমন্ত্রী।নাম প্রকাশ না করার শর্তে জেলার কয়েকজন মধ্যম সারির নেতা জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ছয় মাস না যেতেই দলে কোন্দল শুরু হয়। মন্ত্রী রুহুল হক ও সভাপতি মুজিবুর রহমানের বিরোধ প্রকাশ্য রূপ নেয়।গত বছর ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস পৃথকভাবে পালন করে মন্ত্রী-সমর্থক এবং সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষ। এর আগে ২০ নভেম্বর মন্ত্রী-সমর্থকেরা কালীগঞ্জ মুক্ত দিবস পালন করে এই উপজেলার সোহরাওয়ার্দী পার্কে। এতে মন্ত্রী রুহুল হক, মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ ও সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ উপস্থিত ছিলেন। সভাপতি ও সাধারণ সম্পাদক-সমর্থকেরা একই মাঠে দিবসটি পালন করে ১ ডিসেম্বর। এই অনুষ্ঠানে জেলা সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি শেখ আবু নাছিমসহ জেলা পর্যায়ের বেশ কিছু নেতা উপস্থিত ছিলেন।গত ২৪ জানুয়ারি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাতক্ষীরা আসেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। এ সময় দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা সংগঠনের নাজুক অবস্থার কথা তুলে ধরে হতাশা ব্যক্ত করেন এবং কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত সাতক্ষীরার দুটি পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থক প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এমনকি দুটি পৌরসভার আওয়ামী লীগ-সমর্থক মেয়র পদপ্রার্থীদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে।জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আবু নাছিম ময়না ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ অভিযোগ করে বলেন, নেতা-কর্মীদের মূল্যায়ন না করে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও এক আত্মীয়ের ওপর ভর করে চলেন। স্বাস্থ্য বিভাগের ঠিকাদারি, বদলি ও সব বিভাগের নিয়োগ মন্ত্রীর ওই আত্মীয়ই নিয়ন্ত্রণ করেন।তবে স্বাস্থ্যমন্ত্রী-সমর্থক ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ স্বপন বলেন, জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিকভাবে ব্যর্থ। ১০ বছর ধরে কলারোয়া উপজেলা আওয়ামী লীগ চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। জেলা কমিটির বয়সও আট বছর পেরিয়ে গেছে, কিন্তু কাউন্সিল হচ্ছে না। এমনকি জেলা আওয়ামী লীগের কোনো অফিসও নেই সাতক্ষীরা শহরে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘মন্ত্রীর হস্তক্ষেপের কারণে দলের শৃঙ্খলা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি কী চান তা তিনি নিজেও জানেন না। কথা দিয়েও সভায় আসেন না। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানালেও সাড়া দেন না।’ সভাপতি মুজিবুর রহমান বলেন, ‘রুহুল হক কখনো মাঠে ছিলেন না। মন্ত্রিত্ব পেয়েছেন তাতেও তাঁর হচ্ছে না। তাঁর এখন জেলা আওয়ামী লীগের সভাপতি হতে হবে।’সার্বিক বিষয়ে জানতে কয়েক দিন আগে স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের মুঠোফোনে বহুবার কল করা হলেও তিনি তা ধরেননি। তবে মন্ত্রী-সমর্থক হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল বলেন, ‘জেলা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল মূলত সভাপতির কারণে। তিনি ঢাকায় থাকেন। নেতা-কর্মীদের সময় দেন না। সংগঠনের ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই।’সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুনসুর আহম্মেদ বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলে দলের সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে পড়ছে। মন্ত্রীকে আরও উদার হয়ে এসব বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করা উচিত। না হলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে।’