জয়পুরহাটের কালাই উপজেলার সেই গ্রামগুলোতে ব্যাপক প্রচারের পরও গতকাল রোববার প্রশাসনের উদ্যোগে স্থাপিত চিকিৎসাশিবিরে অসহায় কিডনি বিক্রেতারা হাজির হননি বললেই চলে।কিডনি বিক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা এবং বিনা মূল্যে ওষুধ দেওয়ার জন্য জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গতকাল পাঁচ সদস্যের পৃথক দুটি চিকিৎসাশিবির স্থাপন করা হয়। গতকাল এসব শিবিরে মাত্র ১১ জন চিকিৎসা নিতে আসেন। অথচ প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, কিডনি বিক্রেতার সংখ্যা প্রায় ২০০।গতকালও জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, সিভিল সার্জন মোজাম্মেল হকসহ প্রশাসনের কর্মকর্তারা এলাকায় গিয়ে চিকিৎসাশিবিরে আসার জন্য ভুক্তভোগী ব্যক্তিদের উদ্বুদ্ধ করেন।এর আগে কিডনি বিক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষাসহ চিকিৎসাসেবা নিশ্চিত করতে গত শনিবার সিভিল সার্জন পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেন।সরেজমিনে দেখা যায়, পাঁচ সদস্যের চিকিৎসকদল দুই ভাগে বিভক্ত হয়ে গতকাল মাত্রাই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এবং বৈরাগীবাজারে স্থাপিত চিকিৎসাশিবিরে কিডনি বিক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষাসহ চিকিৎসাসেবা ও ওষুধ দেন।মাত্রাই শিবিরে চিকিৎসা নিতে আসা সেলিনা বেগম বলেন, ‘অস্ত্রোপচারের জায়গায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। শরীরও দুর্বল। চিকিৎসকেরা কিছু ওষুধ দেওয়ার পাশাপাশি বিনা মূল্যে পরীক্ষা-নিরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে যেতে বলেছেন।’ ভেরেন্ডি গ্রামের রেবেকা বেগম চিকিৎসকদের বলেন, ‘কিডনি দেওয়ার পর প্রস্রাবের সমস্যা হচ্ছে।’ চিকিৎসকদের কাছে শারীরিক নানা সমস্যার কথা তুলে ধরেন শাহারুল আলম, আবদুল ওহাব, মেহেরুল ইসলাম, জাহান আলমের মতো কিডনি বিক্রেতারা।খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মাত্রাই শিবিরে নয়জন এবং বৈরাগীবাজারে দুজন চিকিৎসা নিতে যান।চিকিৎসকদলের সদস্য ডা. গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘যাঁরা চিকিৎসা নিতে এসেছেন, তাঁরা প্রত্যেকেই উচ্চ রক্তচাপে ভুগছেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা না করে তাঁদের চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তাই শারীরিক পরীক্ষার জন্য তাঁদের জয়পুরহাট সদর হাসপাতালে যেতে বলা হয়েছে।’সিভিল সার্জন মোজাম্মেল হক গতকাল প্রথম আলোকে বলেন, চিকিৎসকদলটি আজ সোমবারও কাজ করবে। আইনি ঝামেলার ভয়ে হয়তো অনেকে চিকিৎসাশিবিরে আসেননি। সোমবার তাঁরা চিকিৎসা নিতে আসবেন বলে আশা করি।দালালচক্রের আরও একজন গ্রেপ্তার: কালাইয়ে কিডনি বিক্রির দালালচক্রের আরও এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম মোশারফ হোসেন। বাড়ি উপজেলার জয়পুর বহুতি গ্রামে। তিনি এ ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি। কালাই থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরকার প্রথম আলোকে বলেন, মোশারফ দীর্ঘদিন ধরে অভাবী মানুষকে অর্থের প্রলোভনে ফেলে ঢাকায় নিয়ে কিডনি হাতিয়ে নিতেন।গত মঙ্গলবার প্রথম আলোয় কালাইয়ে কিডনি ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। তাতে উপজেলার তিনটি ইউনিয়নের ১৮টি গ্রামের ঋণগ্রস্ত মানুষ কীভাবে দালালচক্রের হাতে পড়ে গত পাঁচ বছরে ঢাকার নামকরা হাসপাতালে কিডনি বিক্রি করেছে, তা তুলে ধরা হয়।