স্বাস্থ্যসেবা পরিস্থিতি দেখতে হাসপাতালে যাবে মানবাধিকার কমিশন
জাতীয় মানবাধিকার কমিশন আগামী সপ্তাহ থেকে দেশের বিভিন্ন শহর ও প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যাবে। আজ মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করতে যান। পরে ওই সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাতে লালমাটিয়ায় কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এ কথা জানান।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, দেশের মানুষ ঠিকমতো স্বাস্থ্যসেবা পাচ্ছে কি না, তা দেখতে কমিশনের সদস্যরা বিভিন্ন এলাকার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যাবেন। পরিদর্শনকালে যদি চিকিৎসকদের গাফিলতি পাওয়া যায়, তবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠানো হবে।চেয়ারম্যান আরও বলেন, শুধু ‘ক্রসফায়ার’ রোধ কিংবা আইনের শাসন প্রতিষ্ঠা নয়; সামাজিক, অর্থনৈতিক ও দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করতে কমিশন কাজ করে যাবে।