স্বাস্থ্যসেবা পাচ্ছে না নগরের দরিদ্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাসিন্দা প্রায় ৪০ লাখ মানুষের নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানার কোনো ব্যবস্থা নেই। এদের কাছে সরকারি কোনো স্বাস্থ্যসেবা পৌঁছে না বললেই চলে। বেসরকারি যে চিকিৎসাসেবা রাজধানীতে মেলে, তা বিত্তহীন এ জনগোষ্ঠীর বেশির ভাগেরই ধরাছোঁয়ার বাইরে। এই প্রেক্ষাপটে ‘নগর জীবনে স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার পালিত হচ্ছে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস।বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনা, প্রচারের অভাব, সরকারি কাজে সমন্বয়হীনতা ও অপরিকল্পিত নগরায়ণের ফলে নগর স্বাস্থ্য ব্যবস্থাপনার অবস্থা বেহাল।জাতীয় জনসংখ্যা ও গবেষণা প্রতিষ্ঠানের (নিপোর্ট) ২০০৬ সালে প্রকাশিত বাংলাদেশ নগর স্বাস্থ্য জরিপে বলা হয়, নগর দরিদ্রদের মধ্যে মাত্র ১৫ শতাংশ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করার সুযোগ পায়। এসব মানুষের ৩৪ শতাংশকে ন্যূনতম পানির জন্য আশপাশের ব্যবস্থাপনার ওপর নির্ভর করতে হয়। ‘সেন্টার ফর আরবান স্টাডিজ’-এর ২০০৫ সালের এক জরিপ অনুযায়ী দেশের বস্তি এলাকায় প্রতি বর্গকিলোমিটারে দুই লাখ পাঁচ হাজার ৪১৫ জন বাস করে।একটি বস্তির চিত্র: মালিবাগ রেলগেট বস্তির বাসিন্দা জমিলা খাতুন প্রথম আলোকে জানান, রাজধানীতে প্রায় ২০ বছর ধরে আছেন তিনি। তাঁর মেয়ে আয়েশা (১৮) বড় হয়েছে এ বস্তিতেই। আয়েশারও আট মাস বয়সী একটি সন্তান আছে। জমিলা জানালেন, এই তিন প্রজন্ম কোনো ধরনের স্বাস্থ্যসেবাই পায় না। কয়েক হাজার বাসিন্দার জন্য পায়খানা মাত্র দুটি।দরিদ্র এসব পরিবার পানি সংগ্রহের জন্য মাসে ১০০ টাকারও বেশি খরচ করে।অসুস্থ হলে আশপাশের ওষুধের দোকানের কর্মচারীরাই এদের ভরসা। জমিলা বলেন, ‘আমাগো কাছে কেউ আসে না। কেবল টিকার সময় শুনি, অমুক জায়গায় গিয়া টিকা দিতে অইবো। অসুখ অইলে ওষুধের দোকান থাইকা ওষুধ কিনা খাই।’শিশু স্বাস্থ্যের হাল: নিপোর্টের জরিপে দেখা গেছে, বস্তির পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রায় ৫৬ শতাংশেরই উচ্চতা বয়সের তুলনায় কম। ওই শিশুদের ৪৬ শতাংশের ওজনও বয়সের তুলনায় কম। জরিপের সমন্বয়ক নিপোর্টের সাবেক গবেষণা পরিচালক আহমেদ আল সাবির প্রথম আলোকে বলেন, ‘বস্তির শিশুরা তীব্র অপুষ্টিতে ভুগছে। এ কারণে খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে এসব শিশু। পুষ্টি নিশ্চিত করতে ও অসুস্থ হয়ে গেলে কোথায় যেতে হবে, এ ব্যাপারে সরকারকে আরও বেশি প্রচার বাড়াতে হবে।’নগর দরিদ্রের কাছে সেবা যায় না: স্বাস্থ্য অধিদপ্তরের ‘হেলথ বুলেটিন ২০০৯’-এ দেখা গেছে, ২০০৮ সালে ঢাকা মহানগরে সরকার পরিচালিত প্রতিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে (আরবান ডিসপেনসারি) মাসে গড়ে মাত্র ৩২৪ জন মানুষ সেবা নিতে গেছে। অথচ প্রতিটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে সেবা নেয় মাসে গড়ে এক হাজার ৫৬৬ জন। নগরের বাসিন্দাদের একটা বড় অংশকে সরাসরি নির্ভর করতে হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনার ওপর। একাধিক বস্তির বেশ কয়েকজন বাসিন্দা মানুষ ও ফুটপাতের ভাসমান লোকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কথা জানেই না।রাজধানীতে ৬৩টি নগর স্বাস্থ্যকেন্দ্র আছে। এ ছাড়া ‘সূর্যের হাসি ক্লিনিক’ আছে ৩৬টি। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সরকারি-বেসরকারি অংশীদারিতে এসব স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিদিন এসব নগর স্বাস্থ্যকেন্দ্রে এক শর বেশি রোগী আসে। কেন্দ্রভেদে প্রতি রোগীর কাছ থেকে ১৫ থেকে ২৫ টাকা রাখা হয়। ৩০ শতাংশ রোগীকে বিনা মূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও সব সময় তা দেওয়া ‘সম্ভব হয় না’। মিরপুরের আগারগাঁওয়ের বাসিন্দা রহিমা খাতুন বলেন, ‘ডাক্তর কাগজে ওষুধ লেইখা দেয়। আমরা বাইরে থেকে কিনি।’ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শওকত আলী প্রথম আলোকে বলেন, এ স্বাস্থ্যকেন্দ্রগুলোর অন্যতম শর্ত ৩০ শতাংশ রোগীকে বিনা মূল্যে সেবা দেওয়া। দরিদ্রদের চিহ্নিত করে বিনা মূল্যে সেবা দেওয়ার ব্যবস্থা আছে। এ ছাড়া পথবাসীদের সেবা দেওয়ার জন্যও সপ্তাহে দুটি অস্থায়ী সেবাকেন্দ্র খোলা হয়েছে। সবাই এসব স্বাস্থ্যকেন্দ্র চিনতে পারছে না স্বীকার করে তিনি বলেন, ‘এ জন্য আমরা প্রচারের ব্যবস্থা জোরদার করেছি।’বিশেষায়িত হাসপাতালের ওপর চাপ: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ খায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য নগরের দরিদ্র মানুষ সরাসরি বিশেষায়িত হাসপাতালের ওপর নির্ভর করছে। এর ফলে বিশেষায়িত চিকিৎসার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মানুষ ওই সব হাসপাতালের সুবিধা থেকে বঞ্চিত হয়।