স্বাস্থ্যসেবায় কাজের সুযোগ
রোগ নির্ণয় না করে চিকিৎসা দিলে হিতে বিপরীত হতে পারে। আগে রোগ নির্ণয়, পরে চিকিৎসা। হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা করতে বলেন। হাসপাতালে বা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় যাঁরা আমাদের সহায়তা করেন তাঁদের পোশাকি নাম চিকিৎসা প্রযুক্তিবিদ মেডিকেল টেকনোলজিস্ট।দেশের চিকিৎসা প্রযুক্তির মধ্যে বিভিন্ন বিভাগ রয়েছে। প্রত্যেকটি বিভাগের কাজ আলাদা। এখানে আছে বিভাগ বুঝে কাজ করার সুযোগ। একজন মেডিকেল টেকনোলজিস্ট রোগ নির্ণয় করতে প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করেন রোগীর কাছ থেকে। আমাদের দেশে মেডিকেল টেকনোলজিস্টদের কাজকে সাতটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো ল্যাবরেটরি টেকনোলজিস্ট, রেডিওলজিক্যাল টেকনোলজিস্ট, ডেন্টাল টেকনোলজিস্ট, ফিজিওথেরাপি টেকনোলজিস্ট ও রেডিওথেরাপি টেকনোলজিস্ট। এ ছাড়া ফার্মেসি এবং নার্সিং বিষয়কে মেডিকেল টেকনোলজির অংশ হিসেবে ধরা হচ্ছে।ল্যাবরেটরি টেকনোলজি:একজন ল্যাবরেটরি টেকনোলজিস্ট ডাক্তারের পরামর্শমতো প্যাথলজিক্যাল, বায়োকেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল, সেরোলজিক্যাল ইত্যাদি নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করে রোগ নির্ণয়ের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ করে রাখেন। বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান যেমন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ল্যাব শাখার ব্যবহারিক ক্লাসের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকেন ল্যাবরেটরি টেকনোলজিস্টরা। ল্যাবের যত কাজ আছে, সব করেন একজন ল্যাবরেটরি টেকনোলজিস্ট। ল্যাবরেটরিতে দুটি ভাগ রয়েছে, একটি টেবিল ওয়ার্ক আর অন্যটি হলো রিপোর্টিং। টেবিল ওয়ার্ক সম্পন্ন করে থাকেন ল্যাবরেটরি টেকনোলজিস্ট। উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়া এবং যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও ল্যাবরেটরি টেকনোলজিস্টের।রেডিওলজিক্যাল টেকনোলজি: রোগীর ক্লিনিক্যাল উপাত্ত ও তথ্যের সঙ্গে প্রামাণিক উপাত্ত বের করা একজন রেডিওলজিক্যাল টেকনোলজিস্টের কাজ। বিভিন্ন ধরনের এক্স-রে, সিটি স্ক্যান, স্পাইরাল, এমআরআই, মেমোগ্রাফি করতে রেডিওলজিস্টদের প্রধান সহায়ক হচ্ছেন একজন রেডিওলজিক্যাল টেকনোলজিস্ট। ডেন্টাল টেকনোলজি: ডেন্টাল সার্জনদের সহযোগী হিসেবে কাজ করেন ডেন্টাল টেকনোলজিস্ট। দাঁতের ব্রিজিং এবং কৃত্রিম দাঁত তৈরি করা একজন ডেন্টাল টেকনোলজিস্টের কাজ।ফিজিওথেরাপি টেকনোলজি: বিভিন্ন হাসপাতালের ফিজিওথেরাপিস্টদের সার্বিক সহযোগিতা করে থাকেন একজন ফিজিওথেরাপি টেকনোলজিস্ট। এটি বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের বড় একটি অংশ। বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ডাক্তাররা শরীরচর্চার কথা বলেন। এটা বলতে বিভিন্ন রকমের ব্যায়ামের কথা বোঝায়। একজন ব্যক্তির যখন হার্ট-অ্যাটাক হয় তখন তার শারীরিক বিকৃতি হয়। এই বিকৃতি রোধে ফিজিওথেরাপিস্টের সহায়তা নেওয়ার প্রয়োজন হয়। এ ছাড়া বিভিন্ন শরীরচর্চাকেন্দ্রে এবং খেলাধুলার ক্লাবের জন্য একজন ফিজিওথেরাপিস্টের প্রয়োজন রয়েছে। রেডিওথেরাপি টেকনোলজি: ক্যানসারসহ যেসব মরণব্যাধি রয়েছে, যাতে প্রয়োজন হয় বিভিন্ন রকমের থেরাপির, এসব রোগীদের থেরাপি দিয়ে থাকেন রেডিও টেকনোলজিস্টরা। সুনিপুণ যন্ত্রে মেশিনে সূক্ষ্ম মাত্রার তেজস্ক্রিয় রশ্মি সুনির্দিষ্ট মাত্রায় প্রয়োগের দায়িত্ব পালন করেন একজন রেডিওথেরাপিস্ট। কাজের সুযোগ: সরকারি এবংবেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা প্রযুক্তিবিদদের কাজের বেশ ভালো সুযোগ রয়েছে। অ্যাপোলো হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মনির হোসেন চৌধুরী জানান, এ পেশায় প্রধান কাজ রোগ নির্ণয় করা। একজন রোগীর পেটে ব্যথা হচ্ছে, আমরা খুঁজে বের করার চেষ্টা করি কেন তার পেটে ব্যথা করছে। আমাদের এখানে কাজের সুযোগ অনেক রয়েছে। দেশে এবং দেশের বাইরেও। একটি ছেলে এসএসসি পাস করার পর মেডিকেল টেকনোলজির যেকোনো বিষয়ে তিন বছরের ডিপ্লোমা শেষ করে সে যখন বের হচ্ছে তখন শুরুতে সে বেতন পাচ্ছে ১০ থেকে ১৪ হাজার টাকা। এটা অনেক বড় একটি ক্ষেত্র। সাধারণ পড়াশোনা শেষ করে বেকার থাকার চেয়ে এ পেশায় এসে অনেক ভালো করার সুযোগ রয়েছে। এ ছাড়া দেশে এবং দেশের বাইরে অনেক বেশি কাজের সুযোগ রয়েছে। এ ছাড়া এ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে আমাদের দেশেই। কানাডা-বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ হাবিল উদ্দিন ভূঁইয়া জানান, যেসব শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে আসে তারা প্রকৃতপক্ষে বেশি ভালো করে থাকে এবং কাজ ভালো বুঝতে পারে। বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েরা দ্রুত সামনে এগিয়ে যেতে পারে। উচ্চশিক্ষা গ্রহণ করতে তাদের কোনো সমস্যা হয় না। তবে অন্য বিভাগের ছেলেমেয়েরাও ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে। পড়াশোনার জায়গা: তিনটি সরকারি এবং প্রায় দুই শতাধিক বেসরকারি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট রয়েছে। ঢাকার মহাখালীতে, বগুড়া ও রাজশাহীতে রয়েছে তিনটি সরকারি ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি। এ ছাড়া ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে বেসরকারি প্রশিক্ষণকেন্দ্র। ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি, মহাখালী এবং দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল টেকনোলজির কয়েকটি বিষয়ে বিএসসি করার সুযোগ রয়েছে। এইচএসসি পাস করার পরে বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করা থাকলে বিএসসি কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। বেসরকারি ইনস্টিটিউটগুলোতে ডিপ্লোমা করতে খরচ হবে ৭০ হাজার থেকে এক লাখ টাকা। আর বিএসসি করতে খরচ হবে সাড়ে তিন লাখ থেকে চার লাখ। ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি, মহাখালীর শিক্ষক কামাল আহম্মেদ বলেন, সরকারি ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজিতে পড়তে হলে ডিপ্লোমার জন্য বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম এসএসসি পাস এবং সিজিপিএ থাকতে হবে ২.৫০। তিন বছরের ডিপ্লোমা করতে খরচ পড়বে সাত থেকে আট হাজার টাকা। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি, মহাখালীতে বিএসসি করার সুযোগ রয়েছে। ল্যাবরেটরি টেকনোলজি এবং ফিজিওথেরাপি কোর্সটিতে বিএসসি করতে খরচ হবে সব মিলিয়ে ৩৫ থেকে ৪০ হাজার টাকা, যা এককালীন পরিশোধ করতে হয়। সাধারণত এইচএসসি পরীক্ষার ফলপ্রকাশের পরে ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়।