পাকিস্তান প্রতিষ্ঠার পর বছর না যেতেই রাজস্ব করের ভাগাভাগি, ভাষার দাবি, কেন্দ্রীয় সরকারের অবহেলা এবং পশ্চিম পাকিস্তানিদের কথাবার্তা ও আচরণে এক অসহ্য শ্রেয়ম্মন্যতা লক্ষ করে পূর্ববঙ্গের মানুষ তিক্ত হয়ে ওঠে এবং স্বকীয়তা-স্বাতন্ত্র্যে সোচ্চার হয়।১৯৫৭ সালের ৭-৮ ফেব্রুয়ারি টাঙ্গাইলের কাগমারী সম্মেলনে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে সতর্কবাণী উচ্চারণ করে মওলানা আবদুল হামিদ খান ভাসানী বলেন, ‘পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন না দিলে সামরিক, বেসামরিক চাকরি, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, কৃষি ও অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপে সংখ্যা সাম্যনীতি পালিত না হলে পূর্ব পাকিস্তান “আসসালামু আলাইকুম” বলিবে, অর্থাৎ পূর্ব পাকিস্তান আলাদা হইয়া যাইবে।’ আবার, ১৯৭০ সালের গর্কির সময় তিনি ‘ওরা কেউ আসেনি’ বলে আবার বিদায় সম্ভাষণ জানিয়ে বললেন, ‘ওয়ালায়কুম আসসালাম!’জগন্নাথ কলেজ, ইডেন কলেজ ও তোলারাম কলেজের কয়েকজন ছাত্রছাত্রী ভবিষ্যতে জাতীয় আন্দোলন গড়ে তোলার জন্য এক শপথনামায় রক্তস্বাক্ষর করে ‘অপূর্ব সংসদ’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন। অপূর্ব সংসদের তরুণেরা দেশ-বিদেশে তাঁদের বক্তব্য প্রচারের চেষ্টা করেন। ‘ইস্ট পাকিস্তান ফরএভার’ বলে তাঁরা দেশপ্রেমের কথা বলেন। ষাটের দশকের শেষার্ধে লন্ডনে থাকার সময় আব্দুল আজিজ বাগমার খোলাখুলিভাবে স্বাধীনতার কথা বলতেন। তিনি ‘ইস্ট পাকিস্তান ফর ইস্ট পাকিস্তান, উইথড্র অক্যুপেশন ট্রুপ্স্ ফ্রম ইস্ট পাকিস্তান’ বা ‘ফর ইস্ট পাকিস্তান ফুল অটোনমি অর ফ্রিডম: ফ্রিডম’—এ ধরনের ব্যানার হাতে করে শোভাযাত্রা করেছিলেন। ৭ এপ্রিল ১৯৬৯ সালে লন্ডনের ডেইলি টাইমস-এ সেই ব্যানারের ছবিসহ শোভাযাত্রার এক ফটো প্রকাশিত হয়।ইতিমধ্যে বাংলার রাজনৈতিক আকাশে শেখ মুজিবুর রহমান নামে নক্ষত্রের উদয় হলো। সেই ক্ষণজন্মা ব্যক্তির কোনো বংশ-কৌলীন্য, বিত্ত বা বিদ্যার কোনো প্রাখর্য ছিল না। ছিল এক বজ্র কণ্ঠস্বর, যা তাঁকে বিভাময় করে তোলে।৫ ফেব্রুয়ারি ১৯৬৬ লাহোরে শেখ মুজিব ছয় দফা দাবি উত্থাপন করেন। ১২ ফেব্রুয়ারি ১৯৬৬ সংবাদপত্রে এই শাসনতান্ত্রিক প্রস্তাব প্রকাশিত হয়। পূর্ব পাকিস্তানের আইন ও পার্লামেন্টারি দপ্তরের মন্ত্রী আবদুল হাই চৌধুরী ছয় দফাকে দেশদ্রোহের নামান্তর বলে অভিহিত করেন। প্রাদেশিক কাউন্সিলে মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি শফিকুল ইসলাম এবং এম এন এ খাজা খায়রুদ্দিন এক সংবাদ সম্মেলনে ছয় দফাকে বিপজ্জনক বলে বিশেষিত করেন। ১০ মার্চ ১৯৬৬ প্রেসিডেন্ট আইয়ুব খান হুমকি দিয়ে বলেন, ছয় দফার ব্যাপারে আওয়ামী লীগ চাপাচাপি করলে অস্ত্রের ভাষায় জবাব দেওয়া হবে এবং দেশে গৃহযুদ্ধ হয়ে যাবে।পশ্চিম পাকিস্তানে ছাত্রদের নজিরবিহীন আইয়ুববিরোধী আন্দোলনে পূর্ব পাকিস্তানের ছাত্ররাও উৎসাহ বোধ করেন। দুই প্রধান ছাত্রগোষ্ঠী, আওয়ামী লীগের অধিসংঘ পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও বামপন্থী ছাত্র ইউনিয়ন একযোগে সরকারবিরোধী আন্দোলনে সম্মত হয়ে ১৯৬৯ সালের জানুয়ারি মাসে এগারো দফা কর্মসূচি গ্রহণ করে।আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির পূর্বানুমোদন ছাড়াই শেখ মুজিব একটা অসম সাহসী কাজ করেন। দলের অভ্যন্তরে বিরোধিতা মোকাবিলা করার জন্য তিনি কর্মীদের দিয়ে ঢাকা শহরের দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটিয়ে দিলেন, ‘বাঙ্গালীর দাবি ছয় দফা’। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন কেবল ছয় দফা দ্বারা নিশ্চিত হতে পারে। কার্যনির্বাহী কমিটির অধিবেশন ২১ ফেব্রুয়ারি নির্দিষ্ট হয়। ওই দিন শহীদ দিবসে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল মোমেন ছয় দফা সম্পর্কে একটি পুস্তিকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রচার করেন। সে অবস্থায় ছয় দফার দাবি অনুমোদন করা ছাড়া কারও কোনো গত্যন্তর ছিল না।সরকার সর্বতোভাবে ছয় দফার বিরোধিতা করে। জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট আইয়ুব খানের অনুগ্রহ পুনরুদ্ধারের জন্য ছয় দফার ওপর প্রকাশ্য এক বিতর্কে শেখ মুজিবকে চ্যালেঞ্জ করেন। বিতর্কের দিন ভুট্টো ব্যস্ততার কারণ দেখিয়ে উপস্থিত না থাকায় আওয়ামী লীগের নৈতিক জয় হয়।ছয় দফার দাবি ছিল নিম্নরূপ:১. লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত সংসদ ও রাজ্যপরিষদসমূহ সার্বভৌম হবে;২. ফেডারেল সরকারের হাতে থাকবে শুধু দুটি বিষয়—প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক;৩. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করতে হবে। মুদ্রাব্যবস্থা আঞ্চলিক সরকারের নিয়ন্ত্রণে থাকবে এবং দুই অঞ্চলের জন্য দুটি আলাদা স্টেট ব্যাঙ্ক থাকবে অথবা সমগ্র পাকিস্তানের জন্য ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন একটিই মুদ্রাব্যবস্থা থাকবে, একটি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক ও দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাঙ্ক থাকবে। তবে এ ক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পুঁজি যাতে পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে, তার ব্যবস্থাসম্বলিত সুনির্দিষ্ট বিধি সংবিধানে সন্নিবিষ্ট করতে হবে;৪. সব ধরনের কর ও শুল্ক ধার্য ও আদায় করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। তবে রাজ্যের আদায়কৃত অর্থে কেন্দ্রের নির্দিষ্ট অংশ থাকবে এবং আদায়ের সঙ্গে সঙ্গেই সে অংশ ফেডারেল তহবিলে জমা হবে। এ অর্থেই ফেডারেল সরকার চলবে;৫. দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক হিসাব থাকবে এবং অর্জিত বৈদেশিক মুদ্রা রাজ্যের হাতে থাকবে। তবে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল থেকে সমানভাবে কিংবা উভয়ের স্বীকৃত অন্য কোনো হারে আদায় করা হবে;৬. প্রতিরক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাবলম্বী করার লক্ষ্যে আধা সামরিক রক্ষীবাহিনী গঠন, পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা স্থাপন এবং কেন্দ্রীয় নৌবাহিনীর সদর দপ্তর পূর্ব পাকিস্তানে স্থাপন করতে হবে।২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সরকার আগরতলা মামলা প্রত্যাহার করে। পরের দিন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করে। লক্ষণীয়, আর অবাংলা ভাষায় রচিত উপাধি ‘শেরে বাংলা’, ‘কায়েদে আজম’ বা ‘কায়েদে মিল্লাত’ নয়, এবার গঙ্গা-যমুনা-মেঘনার দেশের নেতাকে সেই দেশের ভাষায় সম্মাননায় ভূষিত করা হলো। এ এক তাৎপর্য পরিবর্তন বৈকি!৭ জুন ১৯৭০ শেখ মুজিব ঢাকা রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় ঘোষণা দেন, ‘আসন্ন সাধারণ নির্বাচনে হবে ছয় দফার প্রশ্নে এক গণভোট।’ সেই জনসভায় প্রথমবারের মতো শেখ মুজিব ‘জয় বাংলা’ ধ্বনি উচ্চারণ করলেন।১২ নভেম্বর ১৯৭০ মধ্যরাত থেকে পরের দিন সকাল পর্যন্ত এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দেশের উপকূলীয় জেলাগুলো প্লাবিত এবং নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। শেখ মুজিব এক চ্যালেঞ্জ দিয়ে বললেন, ‘ঘূর্ণিঝড়ে ১০ লাখ মারা গেছে, স্বাধিকার অর্জনে বাংলার আরও ১০ লাখ প্রাণ দেবে।’১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিরাট বিজয় হয়। নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে আমূল পরিবর্তনবাদী বাংলার তরুণেরা যে রণধ্বনি তুলেছিল, ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’। সে এক অভিনব ব্যাপার।২৬ মার্চ ১৯৯৬ ভোরের কাগজ-এ ‘আত্মনিয়ন্ত্রণ অধিকার ও বাংলাদেশের অভ্যুদয়ে’ আমি লিখি, ‘৪ ডিসেম্বর ১৯৭০ মওলানা ভাসানী স্বাধীন পূর্ব পাকিস্তানের দাবি উত্থাপন করলেন। বামপন্থীরা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কথা বললেন। ১৯৭০ সালে ছাত্রদের যে স্লোগান ছিল “হয় ছয় দফা, নয় এক দফা”, কয়েক সপ্তাহ পরেই তা পরিবর্তিত হলো “ছয় দফা নয়, এক দফা এক দফা”য়। ৭ মার্চ শেখ মুজিবুর রহমান “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” ডাক দিলে তাঁর ভাষণের শেষে “জিয়ে পাকিস্তান” শব্দ দুটি পশ্চিম পাকিস্তানিদের প্রতি শেষ শুভেচ্ছা-সম্ভাষণ বিলয়বিন্দুতে নিভে গেল চিরতরে একটিবার দপ করে জ্বলে।’ওই সময় আমার ওই বক্তব্যের কোনো প্রতিবাদ আমি পড়িনি বা শুনিনি। যখন মৎসংকলিত বাংলাদেশের তারিখ-এ ১২ মার্চের ভুক্তিতে ‘জিয়ে পাকিস্তান’ শব্দগুলো ছিল, তখনো কেউ কোনো আপত্তি করেনি।হুমায়ূন আহমেদ তাঁর জোছনা ও জননীর গল্পতে বলেন, ‘জাস্টিস মুহাম্মদ হাবিবুর রহমান সাহেবের বিখ্যাত গ্রন্থ বাংলাদেশের তারিখ প্রথম সংস্করণে তিনি উল্লেখ করেছেন ভাষণের শেষে শেখ মুজিবুর রহমান বললেন, “জয় বাংলা। জিয়ে পাকিস্তান।” দ্বিতীয় সংস্করণে তিনি “জিয়ে পাকিস্তান” অংশটি বাদ দিলেন। কবি শামসুর রাহমানের লেখা আত্মজীবনী যা দৈনিক জনকণ্ঠ-এ “কালের ধুলোয় লেখা” শিরোনামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে, সেখানেও তিনি বলেছেন, শেখ মুজিবুর রহমানের শেষ কথা ছিল “জিয়ে পাকিস্তান”। আরও অনেকের কাছে আমি এ ধরনের কথা শুনেছি, যারা আওয়ামী ভাবধারার মানুষ। সমস্যা হলো আমি নিজে ৮ ও ৯ মার্চের সমস্ত পত্রিকা খুঁজে এ রকম কোনো তথ্য পাইনি। তাহলে একটি ভুল ধারণা কেন প্রবাহিত হচ্ছে?‘বঙ্গবন্ধু যদি “জিয়ে পাকিস্তান” বলে থাকেন, তাহলে তাতে দোষের কিছু নেই। তিনি যা বলেছেন অবশ্যই ভেবেচিন্তেই বলেছেন। পাকিস্তানের সঙ্গে তাঁর আলোচনার পথ খোলা রাখতে হবে। তাঁকে সময় নিতে হবে। ৭ই মার্চে যুদ্ধ ঘোষণার মতো অবস্থা তাঁর ছিল না। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ গেটিসবার্গ এড্রেসের চেয়েও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এখানে কোনো অস্পষ্টতা থাকা বাঞ্ছনীয় না।’আমার প্রকাশক হয়তো সরকারি আনুকূল্য প্রসঙ্গে দুর্ভাবনা করে বাংলাদেশের তারিখ-এর দ্বিতীয় সংস্করণের কিছু কপিতে ‘জিয়ে পাকিস্তান’-সম্পর্কিত কথা বাদ দিয়েছেন।শেখ মুজিব তাঁর সেই উদাত্ত ভাষণে জাতির উদ্দেশে এক সংগ্রামের ডাক দিলেন, ‘তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’ এই ভাষণের শেষ কথা কী ছিল, তা নিয়ে সামান্য মতপার্থক্য থাকলেও, এই বক্তৃতার গুরুত্বকে তা বিন্দুমাত্র খর্ব করে না।‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ঘোষণা দেওয়ার পরও পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক আলোচনা অব্যাহত থাকে ২৪ মার্চ পর্যন্ত। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়েছিল। এবার ২৩ মার্চ থেকে দেশের সর্বত্র তা উত্তোলিত হতে থাকে। মুহাম্মদ হাবিবুর রহমান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি।