সিলেটের নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরী (৫৮) হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া মো. উসমান গনি (২০) দাবি করেছেন, সুনামগঞ্জে গ্রামের বাড়িতে যেতে বাধা দেওয়া এবং অশালীন ভাষায় গালমন্দ করায় তিনি একাই আনোয়ারাকে হত্যা করেন। এ কথা উল্লেখ করে গত শুক্রবার রাতে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবদুল মোমেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন উসমান।এদিকে উসমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাখ্যান করেছেন আনোয়ারার পরিবারের সদস্যরা। যুক্তরাষ্ট্র-প্রবাসী আনোয়ারার চিকিৎসক ছেলে তৌফিকুল আবেদীন চৌধুরী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনোভাবেই বিশ্বাস করি না যে কেউ একা আমার আম্মাকে খুন করেছে। খুনের কারণ অনুসন্ধানে আমরা পুলিশকে একাধিক তথ্য দিয়েছি। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা আমাদের কোনো কথা শুনছেন না। পুলিশ একটি অলীক ঘটনা সাজিয়ে আমাদের পারিবারিকভাবে হেনস্তা করতে চাচ্ছে। তরুণ বয়সী এক ছেলেকে খুনি সাজিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করার অপচেষ্টা করা হচ্ছে।’একটি খুনের পর গোটা পরিবারকে এখন খুন করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তৌফিকুল বলেন, ‘পুলিশ অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে কাজ করার বিষয়টি সন্দেহের সৃষ্টি করেছে। আমরা অসহায় ও নিরাপত্তাহীন অবস্থায় আছি।’জবানবন্দিতে উসমান উল্লেখ করেন, আনোয়ারা চৌধুরীর কাজের মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এ নিয়ে আনোয়ারার সঙ্গে তাঁর দ্বন্দ্ব হয়।উসমান বলেন, ‘আনোয়ারা চৌধুরী আমাকে গ্রামের বাড়ি যেতে মানা করতেন। তিনি একদিন (২ ডিসেম্বর) আমাকে বলেন, ট্রেনিংয়ের জন্য তাঁকে ঢাকায় যেতে হবে। ৫ ডিসেম্বর যাবেন এবং ২৩ ডিসেম্বর ফিরবেন। আমাকে সঙ্গে যেতে বলেন। আমি না করায় তিনি আমার ওপর ক্ষুব্ধ হন। এই নিয়ে আমাদের মধ্যে তর্কবিতর্ক হয়।’উসমান বলেন, ‘শুক্রবার দিন (৩ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় উনার (আনোয়ারা) বাসায় দুজনেই নাশতা করি। তিনি আমাকে তখনো বাড়ি যেতে মানা করেন এবং তাঁর সঙ্গে ঢাকায় যেতে বলেন। আমি তাতে কান দেইনি। তিনি আমাকে বিশ্রী ভাষায় গালি দেন। এ অবস্থায় আমি উত্তেজিত হয়ে আনোয়ারা চৌধুরীর মুখে ও নাকে ঘুষি দিই এবং দাঁত নড়ে যায়। নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। তখনো তিনি আমাকে গালিগালাজ করলে পাশের রুম থেকে গরু জবাই করার একটি চাকু নিয়ে এসে মাথায় দুটি কোপ মারি। পায়েও একটি কোপ মারি। এর পরও তিনি আমাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করলে তাঁর মুখে কাপড় ঢুকিয়ে দেই। এরপর তিনি ফ্লোরে পড়ে যান। আমি তাঁকে অচেতন দেখি। পাশের রুম থেকে দুটি তালা এনে দরজা তালা লাগিয়ে আমার নিচতলার রুমে চলে আসি।’জবানবন্দির শেষাংশে উসমান বলেন, ‘আমি একাই এই ঘটনা ঘটিয়েছি। আমার সঙ্গে এই ঘটনায় আর কেউ জড়িত নয়।’উসমানের জবানবন্দি নিয়ে নিহত আনোয়ারার পরিবারের অভিযোগ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ বলেন, ‘এই মুহূর্তে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নই। আসামি যা বলেছে, স্বেচ্ছায় বলেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই নিয়ে কোনো কথা বলব না।’৯ ডিসেম্বর লামাবাজার পুলেরপাড় এলাকায় নিজ বাসার দোতলা থেকে নারী মুক্তিযোদ্ধা ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ক্রয় বিভাগের ব্যবস্থাপক আনোয়ারার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ ডিসেম্বর ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের জানিগাঁও গ্রামের বাড়ি থেকে উসমানকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় উসমানকে সাংবাদিকদের সামনে হাজির করা হলেও তাঁর সঙ্গে কথা বলতে দেয়নি পুলিশ।