ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান ওরফে মিল্কি হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জাহাঙ্গীর মণ্ডল। তবে তিনি ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে কোনো কথা বলেননি।গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে তাঁর খাস কামরায় জাহাঙ্গীরের জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হত্যাকাণ্ডের পরদিন ৩০ জুলাই জাহাঙ্গীরসহ ছয়জনকে গ্রেপ্তার করে পাঁচজনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।এদিকে মহানগর হাকিম ইমদাদুল হকের আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নিহত রিয়াজুলের সঙ্গী মারুফ রেজা ওরফে সাগর। ৪ আগস্ট মারুফ রেজার স্ত্রী ফাহিমা ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি হত্যার পরিকল্পনার কথা জানতেন উল্লেখ করলেও নিজেকে জড়িয়ে কিছু বলেননি।আদালত সূত্র জানায়, আসামি জাহাঙ্গীর জবানবন্দিতে বলেন, তিন বছর আগে যুবলীগের নেতা সাখাওয়াত হোসেন ওরফে চঞ্চলের গাড়ির চালক হিসেবে কাজ নেন। সাখাওয়াত গত ২৯ জুলাই দুপুর ১২টার দিকে তাঁকে গুলশান শপিং সেন্টারের পাঁচতলায় তাঁর অফিসে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি সাখাওয়াতের বন্ধু বাবু ও আরেকজনকে দেখেন। অন্য একটি কক্ষে তিনি (জাহাঙ্গীর), হামিদ, শহিদুল ও সোহেল বসে ছিলেন। সাখাওয়াত রাত সাড়ে নয়টার দিকে তাঁকে ও হানিফকে গুলশান বিদ্যুৎ অফিসের দিকে যেতে বলেন। রাত দেড়টার দিকে সোহেল ও এস এম জাহিদ সিদ্দিক ওরফে তারেক মোটরসাইকেল নিয়ে আসেন। তাঁরা তাড়াহুড়া করছিলেন। বিদ্যুৎ অফিস থেকে আমিনুল, সাখাওয়াত ও শহিদুল বেরিয়ে আসেন। সোহেল তাঁর কাছ থেকে সাখাওয়াতের প্রাডো গাড়ির চাবি নেন। গাড়িতে শহিদুলকে একটি পিস্তল দেন সোহেল। পরে সোহেল, আমিনুল ও তারেক (র্যাবের সঙ্গে ‘ক্রসফায়ারে’ নিহত) মিলে অন্য একটি গাড়ি নিয়ে চলে যান। তারেক মহানগর যুবলীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।জবানবন্দিতে জাহাঙ্গীর আরও বলেন, রাত দুইটা ১০ মিনিটে সাখাওয়াত তাঁকে জসীমউদ্দীন রোডের একটি ক্লিনিকের কাছে যেতে বলেন। সাখাওয়াত তাঁকে গাড়ি থেকে নামতে নিষেধ করেন। পরদিন সকালে র্যাব তাঁকেসহ ছয়জনকে আটক করে। তিনি বলেন, র্যাব তাঁকে ঘটনার ভিডিও ফুটেজ দেখালে তিনি টুপি পরা তারেককে শনাক্ত করেন। তারেক রিয়াজুলকে গুলি করে সোহেলের মোটরসাইকেলে উঠে চলে যান। ঘটনাস্থলে আমিনুল সাদা জুতা পরে ছিল, তা ভিডিও ফুটেজ দেখে তিনি শনাক্ত করেন।২৯ জুলাই দিবাগত রাতে গুলশান-১ নম্বরে শপার্স ওয়ার্ল্ড নামের বিপণিবিতানের সামনে রিয়াজুলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় র্যাব যুবলীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকসহ ছয়জনকে গ্রেপ্তার করে। পরে ধানমন্ডির একটি বাসা থেকে মারুফ রেজার স্ত্রী ফাহিমা ইসলামকে গ্রেপ্তার করে। ৩ আগস্ট খিলক্ষেতে ‘ক্রসফায়ারে’ নিহত হন তারেক ও শাহ আলম।