স্বেচ্ছা অবসরে সচিব দেলোয়ার
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর, সরকারের সচিব দেলোয়ার হোসেন স্বেচ্ছা অবসরে গেছেন। স্বেচ্ছা অবসরে যেতে চেয়ে তাঁর করা আবেদন অনুমোদন করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে তাঁকে অবসর দিয়ে আজ রোববার সংস্থাপন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। ৮ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের আবেদন করেন। সংস্থাপন সচিবের কাছে ফ্যাক্সযোগে পাঠানো এক পত্রে তিনি অবসর নেওয়ার ইচ্ছার কথা জানান। এর আগে, গত বছরের ৩১ আগস্ট দেলোয়ার হোসেন একবার চাকরি থেকে অবসর নেওয়ার জন্য পদত্যাগপত্র দিয়েছিলেন। কিন্তু সরকার তা গ্রহণ না করে তাঁকে একই পদে (বিপিএটিসির রেক্টর) নিয়োগ দেয়, যার আইনগত বৈধতা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। এ নিয়ে প্রশাসনেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ, সরকারি বিধানে কোনো গণকর্মচারী স্বেচ্ছা অবসরের আবেদন করলে তা গ্রহণ না করার সুযোগ নেই। বিষয়টি তখন প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল।