স্বেচ্ছা অবসরের পর এক সচিবকে নিয়মিত চাকরিতে ফিরিয়ে নেওয়ায় সরকারের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সরকার তাঁকে বদলি করেছিল। তিনি সেই বদলির নির্দেশ মানেননি, চাকরি থেকে স্বেচ্ছা অবসরের আবেদন করেছিলেন। কিন্তু সরকার সেই আবেদন গ্রহণ না করে তাঁকে পূর্ববর্তী কর্মস্থলে নিয়োগ দেয়।এই সচিবের নাম দেলোয়ার হোসেন। এখন লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর পদে যোগ দিয়েছেন।প্রশাসনের কর্মকর্তারা বলছেন, কেউ স্বেচ্ছা অবসরের আবেদন করলে তাঁকে আর এভাবে ফিরিয়ে আনার কোনো আইন নেই। এ ঘটনায় সরকার আইন মানেনি। ভবিষ্যতের জন্য এটি একটি খারাপ নজির।গণকর্মচারী অবসর আইনের ৯(১) ধারায় বলা হয়েছে, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো গণকর্মচারী অবসর গ্রহণের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করতে পারবেন। তবে এই ইচ্ছা একবার প্রয়োগ করলে তা সংশোধন বা প্রত্যাহারের অনুমতি পাবেন না।সরকারি কর্মচারী পেনশন বিধিমালা ও গণকর্মচারী অবসর আইনের ৯(২) ধারার ব্যাখ্যায় বলা আছে, কোনো কর্মচারীর স্বেচ্ছা অবসর প্রতিবন্ধকতাহীন অধিকার। নিয়োগকারী কর্তৃপক্ষ এ ধরনের আবেদন প্রত্যাখ্যান বা অগ্রাহ্য করতে পারবে না।জানা যায়, দেলোয়ার হোসেন স্বেচ্ছা অবসরের আগে বিপিএটিসির রেক্টরই ছিলেন। ওই পদ থেকে বদলি করে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হলে তিনি স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত নেন। গত বছরের ৩১ আগস্ট তিনি সরকারি কর্মচারী অবসর আইনের ৯(১) ধারা অনুযায়ী চাকরি থেকে স্বেচ্ছা অবসরের আবেদন করেন। নিয়ম অনুযায়ী, ৩০ অক্টোবর তাঁর অবসরে যাওয়া কথা। কারণ, এক মাস সময় দিয়ে অবসর নেওয়ার আবেদন করতে হয়। জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, স্বেচ্ছা অবসরের আবেদন করার পর তা অগ্রাহ্য করার আইনগত সুযোগ নেই। এ ক্ষেত্রে যা করা হয়েছে, তারও কোনো নজির নেই। তবে সরকার আইন বা বিধান পরিবর্তন করে এমনটি করেছে কি না, তা জানা নেই।প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও সংস্থাপনসচিব ইকবাল মাহমুদের কাছে প্রশ্ন করা হলে তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।দেলোয়ার হোসেনের মতে, সরকারের সিদ্ধান্ত সঠিক। সরকার আবেদন অগ্রাহ্য করতে পারে। তবে তিনি বলেন, জনপ্রশাসনের ইতিহাসে কোনো সরকারি কর্মচারীর স্বেচ্ছা অবসরের আবেদনের পর তা অগ্রাহ্য করার নজির এই প্রথম।থানায় জিডি: দেলোয়ার হোসেন জানান, পুনরায় রেক্টর পদে যোগ দেওয়ার পর তাঁকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। এ জন্য তিনি সাভার থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডি করার ক্ষেত্রে সরকারের পূর্বানুমতি না নেওয়া শৃঙ্খলাপরিপন্থী কি না, এ প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, সরকারের সচিব কার কাছ থেকে অনুমতি নেবে। তা ছাড়া জীবন-মৃত্যুর প্রশ্ন যেখানে জড়িত, সেখানে অনুমতির বিষয়টি বড় নয়।