বিশ্বজুড়ে বড় মাপের কাজ শুরু হয় সামান্য আয়োজন দিয়ে। ১৯৫৬ সালে বারডেমের যাত্রা শুরু ডা. মহম্মদ ইব্রাহিমের সেগুনবাগিচার নিজস্ব জমিতে ৩৮০ বর্গফুটের টিনশেডের বহির্বিভাগ, স্বল্পসংখ্যক চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সামান্য উপকরণ নিয়ে। তাঁর লক্ষ্য ছিল, ‘কোনো ডায়াবেটিস রোগী বিনা চিকিৎসায়, অভুক্ত অবস্থায় কর্মহীন হয়ে মৃত্যুবরণ করবে না।’ সে যুগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্ব দিয়েছে সংক্রামক ব্যাধি নির্মূলে। অসংক্রামক ক্রনিক রোগাক্রান্ত ব্যক্তিদের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি নেই। সুতরাং সে যুগে এ লক্ষ্য অলীক স্বপ্নের মতো।অর্ধশত বর্ষ পর সে স্বপ্ন বহুলাংশে সফল হয়েছে। বর্তমানে শাহবাগে বারডেম বেসরকারি খাতে দেশের বৃহত্তম হাসপাতাল; বর্তমানে এটি ৬০০ শয্যাবিশিষ্ট সাধারণ ও বিশেষায়িত হাসপাতাল। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে দেহের প্রায় সব অঙ্গ-প্রত্যঙ্গে গুরুতর সমস্যা, এমনকি মৃত্যু ঘটতে পারে। তদুপরি দেশে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের সাশ্রয়ী মূল্যে হাসপাতালে চিকিৎসার সুযোগ সীমিত। তাই সব রোগের বিশেষায়িত চিকিৎসার সুযোগ বারডেমে রয়েছে। কেবল অনকোলজি (ক্যানসার) ও নিউরোসার্জারি বিভাগ গড়ে ওঠেনি, বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সে জন্য হাসপাতালটিকে বারডেম জেনারেল হাসপাতাল নামকরণ করার বিষয় বিবেচিত হচ্ছে।তবে ডায়াবেটিসের রোগীরা আগের মতোই বিশেষ গুরুত্ব পায়। প্রতিদিন গড়ে তিন হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসার জন্য আসে, খুব কম সরকারি হাসপাতালে দৈনিক এ হারে রোগীর চাপ রয়েছে। বর্তমানে নিবন্ধিত রোগীর সংখ্যা চার লাখ অতিক্রম করেছে, এটি দেশে সম্ভাব্য ডায়াবেটিস রোগীর শতকরা ২৫ ভাগ মাত্র। প্রতিদিন অন্তত ১০০ জন নতুন রোগী নিবন্ধনের জন্য আসছে। সব ডায়াবেটিস রোগী প্রথম দিন থেকে বিনা মূল্যে রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রশিক্ষিত চিকিৎসকদের পরামর্শ লাভ করে, তারা নির্ধারিত তারিখে আমৃত্যু বিনা মূল্যে পরীক্ষা ও পরামর্শের জন্য ফিরে আসে। শতকরা ৩০ ভাগ ডায়াবেটিস রোগী দরিদ্র, সমাজকল্যাণ বিভাগ প্রত্যয়ন করলে তারা বিনা মূল্যে কিংবা সাশ্রয়ী মূল্যে সারা জীবন মূল্যবান ইনসুলিনসহ অন্যান্য ওষুধ পেয়ে থাকে। স্বাস্থ্যশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ, গবেষণায় প্রমাণিত হয়েছে যে যদিও ডায়াবেটিস রোগীর পেছনে বংশগত প্রভাব লক্ষ করা যায়, তবে শতকরা ৭০ ভাগ বয়স্ক ব্যক্তির ডায়াবেটিস খাদ্যাভ্যাস ও জীবনাচার পরিবর্তন করে প্রতিরোধ করা সম্ভব এবং ডায়াবেটিস রোগাক্রান্ত ব্যক্তিরা নিয়ম মেনে চললে মানসম্পন্ন জীবন যাপন করতে পারে এবং অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের জটিলতা এড়াতে সক্ষম হয়। বারডেম একটি গবেষণা সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কলাবরেটিভ সেন্টার। প্রতিবছর প্রতিষ্ঠানের গবেষণালব্ধ অন্তত কয়েক ডজন বৈজ্ঞানিক নিবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে পঠিত হয়। সম্ভবত এ ক্ষেত্রে দেশে আইসিডিডিআরবি একমাত্র সমকক্ষ প্রতিষ্ঠান। বারডেমে উচ্চমানের বিশেষজ্ঞরা কর্মরত। বারডেম একাডেমির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও কলেজ অব ফিজিশিয়ানস ও সার্জনসের ১৭টি কোর্সে চিকিৎসকেরা স্নাতকোত্তর শিক্ষা গ্রহণ করছেন। বারডেম হাসপাতাল ইব্রাহিম মেডিকেল কলেজ ক্যাম্পাসের অন্তর্ভুক্ত এবং এরই মধ্যে এই মেডিকেল কলেজ দেশের উচ্চমানসম্পন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত হয়েছে। বারডেমের ল্যাবরেটরিতে প্রতিদিন ১০ হাজার পরীক্ষা-নিরীক্ষা সম্পাদিত হয় এবং দেশে বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে বারডেম পথিকৃত। এর আগে কেবল ডায়াবেটিস রোগীদের জরুরি বিভাগ ছিল। দুই বছর ধরে সাধারণ জরুরি বিভাগ চালু হয়েছে এবং সন্ধ্যায় সাশ্রয়ী মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন। সম্প্রতি বারডেম হাসপাতালে দেশে প্রথমবারের মতো সফল যকৃৎ প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। এই বিপুল কর্মযজ্ঞের আর্থিক ব্যবস্থাপনায় হিমশিম খেতে হয়। বারডেম বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সর্ববৃহৎ প্রতিষ্ঠান। ঢাকা মহানগর ও সারা দেশে ন্যাশনাল হেলথ নেটওয়ার্ক, স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প, মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এবং ৫০-এর ওপর শাখার মাধ্যমে সারা দেশে স্বাস্থ্যসেবা বিস্তৃত হয়েছে। সাধারণভাবে ইনস্টিটিউটগুলো লাভজনক এবং বারডেমের মতো সেবামূলক প্রতিষ্ঠান, যেখানে দরিদ্র রোগীরা বিনা মূল্যে চিকিৎসা লাভ করে এবং শতকরা ৩০ ভাগ শয্যা বিনা মূল্যে দেওয়া হয়, তাই সেখানে অর্থের ঘাটতি পড়ে। সে জন্য ক্রস-ফাইন্যান্সিং পদ্ধতিতে লোকসান মেটানোর চেষ্টা করা হয়। অর্থাৎ লাভজনক প্রতিষ্ঠানগুলো অলাভজনক প্রতিষ্ঠানের ঘাটতি সামলাতে চেষ্টা করে। পাশাপাশি সরকারি অনুদান পরিস্থিতি উন্নয়নে সহায়তা করে। তবে সরকারি অনুদানে তারতম্য ঘটে, সুতরাং বারডেমকে পর্যায়ক্রমে স্বনির্ভর হওয়ার চেষ্টা করতে হবে।বাংলাদেশে রাষ্ট্রীয় ও বেসরকারি উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রদানের চেষ্টা করা হয়। রাষ্ট্রীয় স্বাস্থ্যব্যবস্থা নানা কারণে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়নি। যথাযথ মানের বেসরকারি উদ্যোগ ব্যয়বহুল। হাতে গোনা উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা কার্যক্রম রয়েছে; এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে প্রাইমারি চিকিৎসা বিষয়ে অধিকতর গুরুত্ব পায়। বারডেম তথা ডায়াবেটিক সমিতি বিত্তনির্বিশেষে সবার প্রাইমারি থেকে টারসিয়ারি চিকিৎসায় অবদান রাখছে। সারওয়ার আলী: বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব