স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার সড়ক
গ্রামের নাম পাহাড়পুর। আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের এ গ্রামে যানবাহন চলাচলের কোনো পথ নেই। গ্রামের প্রায় সাড়ে আট শ বাসিন্দা নিজ গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় যাতায়াতে ব্যবহার করেন জমির আইলসহ বাসাবাড়ির সরু গলি কিংবা ফসলি মাঠ।পাহাড়পুরবাসীর এ সমস্যা সমাধানে উদ্যোগ নেন গ্রামের কলেজশিক্ষক মামুনুর রশীদ। তাঁর পাশে এসে দাঁড়ান পল্লি চিকিৎসক জহুরুল ইসলামসহ গ্রামের আমির মণ্ডল ও করিম মাস্টার। কোনো রকম সরকারি সহযোগিতা ছাড়াই ৮ জুলাই শুরু হয় গ্রামের প্রায় এক হাজার মিটার দৈর্ঘ্যের ছয় ফুট উঁচু সড়কের নির্মাণকাজ। পাহাড়পুর গ্রামের ওই সড়ক নির্মাণে স্বেচ্ছাশ্রম দেয় পার্শ্ববর্তী আরও তিন গ্রামের প্রায় দেড় হাজার মানুষ। প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে চলেছে সড়কটির কাজ। শ্রমিকদের জন্য প্রতিদিন দুপুরে আয়োজন করা হয় মজলিশের (মাছ-আলুর ঘণ্ট দিয়ে সাদা ভাত) খাবার। মজলিশের খাবারের জন্য গ্রামের প্রতিটি ঘর থেকে দেওয়া হয় সাধ্যমতো চাল ও আলু।২৫ জুলাই সরেজমিনে গ্রামটিতে গিয়ে দেখা যায়, সড়ক নির্মাণকাজে জড়িত স্বেচ্ছাসেবী শ্রমিকদের একটি দল স্থানীয় একটি পুকুরের পাড় বাঁধানোর কাজ করছে। অন্যদিকে আরেকটি দল প্রায় ২০০ মিটার দূরের উঁচু ভিটা থেকে মাটি কেটে এনে সড়ক ভরাটের কাজ করছে। শ্রমিকদের এ কাজ তদারকি করছেন গ্রামের প্রবীণ শিক্ষক আবদুল করিম ও মামুনুর রশীদ। শিক্ষক আবদুল করিম জানান, গ্রামের পশ্চিম প্রান্ত সুঁড়িরদাঁড়া থেকে দক্ষিণে গজমতখালিদহ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রায় তিন সপ্তাহ আগে কাজ শুরু করেন। শুরুতে এ কাজে গ্রামবাসীর কিছুটা অনীহা দেখা গেলেও পরে তা কেটে যায়। বরং গ্রামবাসী এত উৎসাহী হয়ে উঠেছে যে তারা এখন সড়কটি হাটকালুপাড়া সড়কের সঙ্গে যুক্ত করার দাবি তুলেছে। তিনি আরও জানান, সড়কটি হওয়ায় বড়শিমলা, পাহাড়পুর, চকশিমলা ও দ্বীপচাঁদপুর গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ সহজে আত্রাই, রানীনগর, মান্দাসহ রাজশাহীর বাগমারা উপজেলা সদরে যাতায়াত করতে পারবে। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম, গৌরচন্দ্র প্রামাণিক ও বেলাল হোসেন জানান, পাহাড়পুর থেকে আড়াই কিলোমিটার দূরে বাগমারার বাগান্না গ্রামের শেষ সীমানা আত্রাই উপজেলার গজমতখালিদহতে গেলেই কেবল তাঁরা পাকা সড়কের নাগাল পেতেন। গ্রাম থেকে ওই পর্যন্ত যাওয়ার মতো ভালো কোনো সড়ক না থাকায় এত দিন তাঁদের খুব দুর্ভোগ পোহাতে হতো। জানা যায়, পাহাড়পুর থেকে আত্রাই উপজেলা সদরে যেতে এ গ্রামবাসীকে ২২ কিলোমিটার পথ ঘুরতে হয়। এর মধ্যে বান্দাইখাড়া হয়ে রানীনগর উপজেলার বেতগাড়ি বাজার দিয়ে আত্রাই সদরে যেতে ছয় কিলোমিটার পথে কোনো যানবাহন চলে না। অন্যদিকে গজমতখালিদহ সড়ক দিয়ে গেলে যানবাহন-সুবিধা পাওয়া গেলেও গ্রাম থেকে গজমতখালিদহ সড়কে যাওয়ার কোনো পথ না থাকায় গ্রামবাসী এ পথটি এড়িয়েই চলে।স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণের সঙ্গে যুক্ত কলেজশিক্ষক মামুনুর রশীদ জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় একটি সড়ক নির্মাণের দাবি করে আসছিলেন। কিন্তু সরকারি বরাদ্দ না পাওয়ায় গত ৫০-৬০ বছর ধরে তাঁদের দাবি উপেক্ষিত হচ্ছিল। শিক্ষক মামুনুর রশীদ আরও জানান, শুরুতে তিনি গ্রামের আমির মণ্ডল, করিম মাস্টার, জহুরুল ইসলামসহ আরও কয়েকজনকে নিয়ে গ্রামের পাড়ায়-পাড়ায় জনদুর্ভোগের বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং জনসচেতনতা তৈরি করেন। পরে গ্রাসবাসী তাঁদের সঙ্গে একমত হলে তাঁরা সড়ক নির্মাণের কাজে হাত দেন। হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলতাজ উদ্দিন সরকার জানান, পাহাড়পুরবাসী উদ্যোগী হয়ে গ্রামের ভেতর যেভাবে নিজেরাই সড়কটি নির্মাণ করছে, তা খুবই প্রশংসনীয়। এখন আমার প্রধান কাজ হবে গ্রামবাসীর কাজকে এগিয়ে নিতে সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া।