স্বেচ্ছাশ্রমে পঞ্চগড়ের টাঙ্গন নদীতে বাঁশের সাঁকো নির্মাণ
পঞ্চগড় সদর উপজেলার মাগুরা প্রধানপাড়া এলাকায় টাঙ্গন নদীতে মহারানী নামক স্থানে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল। কিন্তু তা না হওয়ায় এলাকাবাসী চাঁদা তুলে নিজেরাই প্রায় ৫০ মিটার দৈর্ঘ্যের এ সাঁকোটি নির্মাণ করে। এখানে সেতু না থাকায় ডাঙ্গাবাড়ী, লাখেরাজ ঘুমটি, বানপাড়া, মাগুরা প্রধানপাড়া, ফকিরপাড়া ও সরকারপাড়া গ্রামের সহস্রাধিক মানুষ এবং নদীর ওপারের শতাধিক শিক্ষার্থীকে ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। ১ জুলাই সরেজমিনে দেখা যায়, বাঁশের সাঁকো নির্মাণে এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছে। মাগুরা প্রধানপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওলিয়র রহমান, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ফজলুল হক প্রধান, রফিকুল ইসলাম ও মাস্টার্স পরীক্ষার্থী মো. হায়দার আলীসহ এলাকাবাসী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সাঁকো নির্মাণের কাজ করেছেন। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এখানে বাঁশ, কাঠ আর সিমেন্টের পিলার দিয়ে তিন বছর আগে সাঁকো তৈরি করে। সেই সাঁকোর ওপর দিয়েই এতদিন চলত যাতায়াত। কিন্তু এক বছর আগে সাঁকোটি ভেঙে যায়। এতে দুই পাড়ের সহস্রাধিক মানুষকে কলার ভেলায় পারাপারের কাজ চালাতে হতো। কেউ কেউ এ ঝুঁকি না নিয়ে ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করত। মাগুরা প্রধানপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিয়র রহমান জানান, তাঁর বিদ্যালয়টির পাশ দিয়েই বয়ে গেছে টাঙ্গন নদী। নদীর এ পাশে আছে একটি উচ্চবিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, ডাকঘর, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, তহশিল অফিস ও ইউনিয়ন পরিষদ। তিন বছর আগে এ নদীর ওপর স্বেচ্ছাশ্রমে একটি সাঁকো নির্মাণ করা হয়। এটি দিয়েই এলাকাবাসী যাতায়াত করত। কিন্তু বছরখানেক আগে এই সাঁকো ভেঙে যাওয়ায় দুর্ভোগ চরমে ওঠে। মাগুরা প্রধানপাড়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ফজলুল হক প্রধান বলেন, প্রায় ২০০ শিক্ষার্থীর কথা চিন্তা করে এলাকার মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে এখানে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নিই। সাঁকোটি নির্মাণে কেউ বাঁশ দিয়েছে, কেউ চাঁদা আবার কেউ গায়ে খেটেছেন। দশম শ্রেণীর ছাত্র ডাঙ্গাবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলম বলে, ‘টাঙ্গন নদীর মহারানী নামক স্থানে পুল না থাকায় আমাদের ভয়ে ভয়ে কলার ভেলায় চড়ে নদী পার হয়ে স্কুলে যেতে হতো। তা না হলে ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুরতে হতো। এখন সাঁকো হওয়ায় আমাদের আর যাতায়াতের সমস্যা নেই।’ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন জানান, টাঙ্গন নদীর মহারানী নামক স্থানে একটি ব্রিজ প্রয়োজন। বিষয়টি তিনি উপজেলা প্রকৌশলী ও উপজেলা পরিষদের সভায় একাধিকবার তুলেছেন। কিন্তু এখনো এখানে ব্রিজ নির্মাণের কোনো প্রকল্প নেওয়া হয়নি।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী ফিরোজ হাসান জানান, ওই স্থানে সেতু নির্মাণের জন্য একটি প্রস্তাব অনেক আগেই প্রধান প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান বলেন, ওই স্থানে সেতু নির্মাণের দাবি জাতীয় সংসদে তুলেছি। আশা করছি, শিগগিরই সেতুটি নির্মাণ করা হবে।