স্বেচ্ছাসেবক লীগ নেতা খুনের ঘটনায় মামলা, ২ জন গ্রেপ্তার
পুরান ঢাকার গেন্ডারিয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা দীন ইসলাম ওরফে দিলাকে (৪৫) খুনের ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে নিহতের মা পিয়ারা বেগম বাদী হয়ে মামলাটি করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক দুজনসহ ১১ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আটক হওয়া ৮২ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুর রহমান ওরফে শরিফ ও ওই সংগঠনের নেতা যুবরাজ হোসেন ওরফে জুয়েলকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে আদালত তিন দিন মঞ্জুর করেন। গত শুক্রবার রাতে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে গেন্ডারিয়া থানার কাছে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে। তিনি ঢাকা-৬ আসনের সাংসদ মিজানুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন।ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফের সঙ্গে ব্যক্তিগত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত এপ্রিলে দীন ইসলামের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফের মারামারি হয়েছিল। বিষয়টি মীমাংসা হলেও এর রেশ ছিল। এ ছাড়া শরিফের সঙ্গে তাঁর ছোটখাটো বিরোধ চলছিল। শরিফের যোগসাজশে এ হত্যাকাণ্ড ঘটেছে। এর আগে ২০০০ সালে দীন ইসলামের আরেক ভাই ফারুক হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে । ওই হত্যাকাণ্ডেও শরিফের ইন্ধন ছিল বলে জানা যায়।পুলিশ ও নিহত দীন ইসলামের পারিবারিক সূত্র জানায়, তিনি ঢাকা সিটি করপোরেশনের ৮২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর পৈতৃক নিবাস গেন্ডারিয়ার ৫৪/১ হরিচরণ রায় রোডে। তবে তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে খিলগাঁওয়ে থাকতেন। গত শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে তিনি মায়ের সঙ্গে দেখা করে হরিচরণ রায় রোডের বাসা থেকে মোটরসাইকেলে করে খিলগাঁওয়ের বাসায় ফিরছিলেন। গেন্ডারিয়া থানার কাছাকাছি কে বি দাস রোডে কয়েকজন সন্ত্রাসী তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে এবং গুলি করে দ্রুত পালিয়ে যায়। এলাকার লোকজন তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দীন ইসলাম রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ও রেন্ট-এ কারের ব্যবসা করতেন।