স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসায় দুই যুবলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু জাফরের বাসায় খুন হয়েছেন জেলা যুবলীগের কর্মী মজনু মিয়া (৪২) ও তাঁর ভাতিজা যুবলীগের কর্মী নাহিদ হাসান (৩০)। জমি দখলের টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।আজ রোববার দুপুরের দিকে শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান এবং বাড়ির মালিক স্বেচ্ছাসেবক লীগের নেতা আবু জাফর উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। তারা সেখানে উপস্থিত আবু জাফরকে আটক করে। এ সময় আসাদুর রহমান পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থল ত্যাগ করেন। নিহত যুবলীগের নেতা মজনু মিয়া শহরতলি ফুলতলা এলাকার খোকা মিয়ার ছেলে এবং তাঁর ভাতিজা নাহিদ হাসান একই এলাকার খায়রুল ইসলামের ছেলে। শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, মজনু মিয়া একই এলাকার যুবলীগের নেতা শাহীন হত্যা মামলার প্রধান আসামি এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আটক শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু জাফরও শাহীন হত্যা মামলার আসামি । প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বগুড়া পুলিশ লাইনের পাশে শেরপুর সড়কে ছালাম মটরস নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কিছু জায়গা দখলে নেন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও জায়গার দাবিদার মিজানুর রহমান ওরফে বকুলের পক্ষে জায়গাটি দখলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সদস্য মজনু মিয়া, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু জাফরসহ দলের অন্য নেতা-কর্মীরা। সেখানে দেয়াল তুলে আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান ওরফে বকুলের নাম লেখা হয়। জায়গা দখলের বিষয়টি পরে চারদিকে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, জায়গা দখলের পর টাকার ভাগবাঁটোয়ারা করতে স্বেচ্ছাসেবক লীগের নেতা আবু জাফরের বাসায় বৈঠক বসে। সেখানে আবু জাফর ছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান, জেলা যুবলীগের সদস্য মজনু মিয়া, তাঁর ভাতিজা যুবলীগের কর্মী নাহিদ হাসানসহ শহরের লতিফপুর কলোনি এলাকার বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত কয়েকজন ধারালো ছুরি দিয়ে মজনু মিয়া ও তাঁর ভাতিজা নাহিদ হাসানকে আঘাত করেন। পরে তাঁরা পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সেখানে বিমর্ষ অবস্থায় বসে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা আসাদুর রহমান ও আবু জাফর। আবু জাফরের তিনতলা ভবনের নিচতলার অতিথিকক্ষের মেঝেতে রক্ত ছিল। চেয়ারগুলো ওল্টানো ছিল। ঘটনা সম্পর্কে স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি আসাদুর রহমান বলেন, নিহত মজনু মিয়া মুঠোফোনে তাঁকে আবু জাফরের বাসায় আসতে বলেন। সেখানে উপস্থিত হওয়ার পরে মজনুর সঙ্গে কলোনি এলাকার ঝন্টুর মুঠোফোনে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর ঝন্টু ও মিনকোর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়ে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে মজনুকে আঘাত করে। তাঁর ভাতিজা নাহিদ রক্ষা করতে গেলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। এ সময় সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় কেউ ভয়ে বাধা দেননি। তিনি বলেন, জায়গা দখলের বিরোধকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। বাসার মালিক ও স্বেচ্ছাসেবক লীগের নেতা আবু জাফর বলেন, তাঁরা প্রতিদিনের মতো সেখানে আড্ডা দিচ্ছিলেন। মজনুর সঙ্গে ঝন্টুর বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়। শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান বলেন, প্রাসাদের মতো এই বাসার প্রধান ফটক এমন সুরক্ষিত যে বহিরাগত কারও বাসার ভেতরে ঢোকার কথা নয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভাগবাঁটোয়ারা থেকে বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে।