শাজাহানপুরে টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে যুবলীগ নেতাসহ দুজন খুন
বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু জাফর সিদ্দিকের বাসায় গতকাল রোববার জেলা যুবলীগের সদস্য মজনু মিয়া (৪২) ও তাঁর ভাতিজা নাহিদ হাসান (৩০) খুন হয়েছেন। জায়গা দখলের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই দুজনকে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার সময় বাসায় আবু জাফর নিজে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান উপস্থিত ছিলেন। যুবলীগের নেতাসহ দুজনকে হত্যার খবর পেয়ে পুলিশ শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম নয়াপাড়ায় আবু জাফরের বাড়িটি ঘিরে ফেলে। সেখান থেকে জাফরকে আটক করা হলেও পুলিশের উপস্থিতিতে আসাদুর রহমান চলে যান। পরে পুলিশ লতিফপুর কলোনি এলাকা থেকে শিপন ও তোতলা বাবু নামে আরও দুজনকে আটক করে।জানা গেছে, যুবলীগের নেতা মজনু বগুড়া শহরতলির ফুলতলা এলাকার খোকা মিয়ার ছেলে। তাঁর ভাতিজা নাহিদের বাবার নাম খায়রুল ইসলাম। নাহিদ যুবলীগের কর্মী। মজনু একই এলাকার যুবলীগের নেতা শাহীন হত্যা মামলার প্রধান আসামি এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আবু জাফরও শাহীন হত্যা মামলার আসামি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা গতকাল সকালে বগুড়া পুলিশ লাইন্সের পাশে শেরপুর সড়কে ছালাম মোটরস নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কিছু জায়গা দখল করে। জায়গার দাবিদার শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমানের পক্ষে জায়গা দখলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সদস্য মজনু ও শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু জাফর।ওই জায়গার প্রকৃত মালিক দাবিদার আবদুস ছালাম বলেন, ১৯৮৪ সালে তিনি ২৫ শতক জায়গা কিনে ছালাম মোটরস নাম দিয়ে ব্যবসা করছেন। এক বছর আগে হঠাৎ একজন জাল দলিল নিয়ে মোট জায়গার ১২ শতক তাঁর দাবি করেন। এ নিয়ে আদালতে মামলার বিচার চলছে। এর মধ্যে রোববার সকালে সন্ত্রাসীরা জায়গাটি দখল করে।জানা গেছে, জায়গা দখলের পর টাকার ভাগ-ভাটোয়ারা নিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা আবু জাফরের বাসায় বৈঠক বসে। আবু জাফর ছাড়াও সেখানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান, জেলা যুবলীগের সদস্য মজনু মিয়া, তাঁর ভাতিজা নাহিদসহ শহরের লতিফপুর কলোনি এলাকার বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। বৈঠকে টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মজনু ও নাহিদ গুরুতর আহত হন। সন্ত্রাসীরা দ্রুত বাড়ি থেকে পালিয়ে গেলে স্থানীয় লোকজন আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ আবু জাফরের বাড়ি ঘিরে ফেলে। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা আসাদুর রহমান ও আবু জাফর বিমর্ষ অবস্থায় অতিথিকক্ষে বসা ছিলেন। তিনতলা ভবনের নিচতলার অতিথিকক্ষের মেঝে রক্তে ভিজেছিল। পুলিশ ঘটনাস্থল থেকে জাফরকে আটক করেছে। তবে আসাদুর রহমান পুলিশের উপস্থিতিতে চলে যান। তাঁর বাড়িও একই উপজেলায়।আসাদুর রহমান দাবি করেন, মজনু মুঠোফোনে তাঁকে জাফরের বাসায় আসতে বলেন। তিনি সেখানে যাওয়ার পর মুঠোফোনে মজনুকে কলোনি এলাকার ঝন্টুর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে শোনেন। কিছুক্ষণ পর ঝন্টু ও মিনকোর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী জাফরের বাড়িতে ঢুকে মজনুর সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে মজনুকে আঘাত করে। তাঁকে বাঁচাতে নাহিদ এগিয়ে গেলে তাঁকেও সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে। সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় কেউ ভয়ে বাধা দেয়নি। তিনি বলেন, জায়গা দখলের বিরোধকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। আবু জাফর দাবি করেন, ‘আমরা প্রতিদিনের মতো বাড়িতে বসে আড্ডা দিচ্ছিলাম। মজনুর সঙ্গে ঝন্টুর বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়।’তবে ঘটনাস্থলে উপস্থিত শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান বলেন, ‘বাসার প্রধান ফটক খুবই সুরক্ষিত। বাড়ির কারও অনুমতি ছাড়া বহিরাগত কারও ভেতরে ঢোকা সম্ভব নয়। প্রাথমিক তদন্তে আমরা জেনেছি, টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে।’জেলা পুলিশ সুপার মোজামেঞ্চল হক বলেন, একটি জায়গার দখলের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দুই খুনের ঘটনা ঘটেছে। খুনের সঙ্গে জড়িত ব্যক্তিরা স্বেচ্ছাসেবক লীগের নেতাদের আস্থাভাজন হিসেবে পরিচিতি। যাঁরা খুন হয়েছেন, তাঁরাও পুলিশের খাতায় চিহ্নিত অপরাধী। মজনুর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। তিনি বলেন, তাঁর বাড়িতে খুনের ঘটনা ঘটায় জাফরকে আটক করা হয়েছে।