স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় জাতীয় শ্রমিক লীগের দুই কর্মীকে হত্যার ঘটনায় শহর স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সহসভাপতি জামিলুর রহমান ওরফে শুভসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত শ্রমিক লীগের কর্মী হাসানুজ্জামান ওরফে নাসিমের বড় ভাই ইফতেখারুল আলম গতকাল রোববার ছয়জনের নামসহ ১০ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় এই মামলা করেন। এদিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মেহেদী হাসান ও সুলতান আহম্মেদ। আধিপত্য বিস্তার ও শ্রমিকনেতা মানিক হত্যার বিরোধের জের ধরে গত শুক্রবার দিবাগত রাতে শহরের নারুলী এলাকায় সন্ত্রাসীরা শ্রমিক লীগের কর্মী হাসানুজ্জামান ও ইসরাফিল হোসেন ওরফে রঞ্জুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। তবে জাতীয় শ্রমিক লীগের বগুড়ার সাধারণ সম্পাদক শামছুউদ্দিন শেখ দাবি করেছেন, হাসানুজ্জামান জাতীয় শ্রমিক লীগের সাবগ্রাম বন্দর শাখার সভাপতি ও ইসরাইল সাধারণ সদস্য। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, হাসানুজ্জামান ও ইসরাইল হত্যা মামলায় শহরের নারুলীর নাটাইপাড়ার জামিলুর রহমান ওরফে শুভকে ১ নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন নারুলীর পুস্কিন, পিন্টু, জুয়েল, মতিন ও সুমন। ওসি জানান, এজাহারে জামিলুরকে স্বেচ্ছাসেবক লীগের নেতা বলা হয়েছে। নারুলী এলাকায় গিয়ে বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আসামি জামিলুর শহর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। এলাকায় তাঁর ছিল বিশাল বাহিনী। তাঁর বিরুদ্ধে বাড়িঘর নির্মাণে চাঁদাবাজি, জায়গা-জমি দখল করে দেওয়া, বালু ও ফেনসিডিল বিক্রিসহ এলাকাবাসীর অনেক অভিযোগ রয়েছে। জামিলুর ২০০৩ সালে নিহত মোটর শ্রমিক নেতা মনিরুজ্জামান ওরফে মানিকের আপন ফুপাতো ভাই। মানিক খুন হওয়ার কয়েক বছর পর তাঁর বিধবা স্ত্রী শাহিনুরকে বিয়ে করেন জামিলুর। এর কিছু দিন পর জামিলুর শাহিনুরের ছোট বোন মুক্তাকেও বিয়ে করেন। বর্তমানে তাঁর দুই স্ত্রী রয়েছে। এলাকাবাসীর মতে, মানিক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন হাসানুজ্জামান। মামাতো ভাই মানিক হত্যার প্রতিশোধ নিতে জামিলুর হাসানুজ্জামানকে হত্যা করতে পারেন। হত্যার প্রতিশোধ নিতে তাঁর বর্তমান স্ত্রী শাহিনুরেরও চাপ ছিল। সেই সঙ্গে পূর্ব বগুড়া ব্যাটারিচালিত অটোরিকশা সমিতির নিয়ন্ত্রণ নিয়েও হাসানুজ্জামানের সঙ্গে জামিলুর ও তাঁর অনুসারীদের বিরোধ চলছিল।জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান জানান, নিহত মানিকের স্ত্রী ও স্ত্রীর বোনকে বিয়ে করায় এবং মাদকাসক্ত হয়ে পড়ায় দুই বছর আগে জামিলুরকে শহর কমিটির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের জোরালো তৎপরতা চলছে। ইতিমধ্যে সন্দেহজনকভাবে দুজনকে আটক করা হয়েছে।