মুক্তিযুদ্ধকালে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তে গঠিত সংস্থার প্রধান আবদুল মতীন গতকাল বুধবার স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সরকার এই পদে এখন নতুন লোক খুঁজছে।ছাত্রজীবনে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের কর্মী ছিলেন বলে সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। তিনি এ অভিযোগ অস্বীকার করলেও বিতর্ক এড়াতে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। গতকাল সকালে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারের কাছে পদত্যাগপত্র পেশ করেন তিনি।আবদুল মতীনের পদত্যাগের প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য গতকাল দুপুর ১২টা ১০ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং স্বরাষ্ট্রসচিব। আবদুল মতীনও বৈঠকে যোগ দেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সব সমালোচনা নিরসনের জন্যই তদন্তকারী কর্মকর্তা আবদুল মতীন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তদন্তকারী কর্মকর্তা হিসেবে আবদুল মতীনের নিয়োগ সরকারের সঠিক সিদ্ধান্ত ছিল কি না, এমন প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, ‘তাঁর নিয়োগের সিদ্ধান্ত অবশ্যই সঠিক ছিল। কিন্তু আপনাদের আলোচনা-সমালোচনা ও এ নিয়ে আপনাদের ধূম্রজাল সৃষ্টির কারণেই তিনি নিজে থেকেই পদত্যাগ করেছেন।’ তিনি বলেন, আবদুল মতীন পদত্যাগ করলেও অন্য কর্মকর্তারা তদন্তকাজ চালিয়ে যাবেন।প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ রাজনীতিকদের উদ্ধৃত করে বলেছিলেন, আবদুল মতীন ছাত্রজীবনে ইসলামী ছাত্রসংঘের সদস্য ছিলেন। এ সম্পর্কে মন্তব্য করতে বলা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু তিনিই নন, অনেকেই আবদুল মতীনের নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন, সে কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে আমি অনুরোধ করব, এই বিতর্ক যেন আর না বাড়ে। আমরা সবাই চাই, যুদ্ধাপরাধীদের বিচার যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।’আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এত দিন বিভিন্ন গণমাধ্যমে আবদুল মতীনকে ওই সংস্থার প্রধান হিসেবে অভিহিত করা হয়েছে। কিন্তু আইনে প্রধান বলে কিছু নেই। আবদুল মতীন ছিলেন অন্যতম তদন্তকারী কর্মকর্তা। এ ব্যাপারটি নিয়ে আর কথা না বাড়ানোর জন্য আইন প্রতিমন্ত্রী অনুরোধ জানান।পদত্যাগের পর আবদুল মতীন সাংবাদিকদের বলেন, ‘আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা আমাকে বিব্রত করার জন্যই করা হয়েছে। এত বিতর্কের পর এই পদ থেকে চলে যাওয়াই আমার কাছে ভালো মনে হয়েছে।’ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগকে তিনি বানোয়াট ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন।