স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে ভারত: রুশদি
রাজস্থানের জয়পুর সাহিত্য উত্সবে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও বক্তব্য রাখতে না পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি। তিনি বলেছেন, এই মৌলবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দিয়ে চীনের মতো স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে ভারত। গতকাল মঙ্গলবার এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।জয়পুর সাহিত্য উত্সবে গত শুক্রবার সশরীরে অংশ নেওয়ার কথা ছিল রুশদির। তবে তাঁকে হত্যার পরিকল্পনা বিষয়ে একটি গোয়েন্দা প্রতিবেদনের পর গত সপ্তাহে তিনি ভারতে আসার পরিকল্পনা বাতিল করেন। এরপর সাহিত্য উত্সবের আয়োজকেরা গত সোমবার জানান, সশরীরে না এলেও রুশদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাহিত্য উত্সবে ভাষণ দেবেন। গতকাল বিকেল পৌনে চারটায় তাঁর ওই ভাষণ দেওয়ার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে সেটিও বাতিল করা হয়। এ ঘটনাকে জঘন্য অভিহিত করে রুশদি এর জন্য রাজস্থান ও কেন্দ্রীয় সরকারের উদাসীনতাকেই দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, এই ধর্মীয় উগ্রপন্থীদের উপেক্ষা করে তিনি তাঁর সুবিধা মতো সময়ে ভারতে আসবেন। রুশদি বলেন, ‘এই উগ্রপন্থীরা এবং সরকারের মধ্যে থাকা তাঁদের সহযোগীরা আমাকে থামিয়ে দিয়েছে।’ধর্মীয় উগ্রবাদীদের মোকাবিলা করার জন্য সালমান রুশদি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি ভারতে বারবার আসব। আমার যাচ্ছে তা করব এবং এই ধর্মীয় উগ্রপন্থীদের পাত্তা দেব না।’রুশদির বিতর্কিত উপন্যাস স্যাটানিক ভার্সেস ১৯৮৮ সালে প্রকাশিত হয়। ইসলাম ধর্ম নিয়ে বিদ্রূপ মন্তব্য করা ওই উপন্যাসটি ভারতসহ বেশ কয়েকটি দেশেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।