স্বৈরশাসকের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি একজন নিষ্ঠুর স্বৈরশাসক, নিজের ক্ষমতাকে যিনি নিষ্কণ্টক করতে হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করতে দ্বিধা করেননি, ১৯৭৬ সালে যাঁর নির্দেশে হত্যা করা হয়েছিল ৩০ জন রাজবন্দীকে। আর্জেন্টিনার সেই সামরিক স্বৈরশাসক জর্জ রাফায়েল ভিদেলা এখন আবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। যে কারণে ভিদেলার কারাদণ্ড এখন ২০১০ সালের লাতিন আমেরিকার সবচেয়ে আলোচিত ঘটনা।লেফটেন্যান্ট জেনারেল জর্জ রাফায়েল ভিদেলা আর্জেন্টিনার ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হয়েছিলেন সত্তরের দশকের প্রথম ভাগে। আর্জেন্টিনা তখন গভীর সংকটে, রাজনৈতিক হানাহানি, অস্থিরতা ভর করেছিল দেশটির প্রতিটি ক্ষেত্রে। মার্ক্সবাদী বামপন্থী দলগুলোর সশস্ত্র বিদ্রোহ আর বামপন্থীদের বিরুদ্ধে সরকারের পৃষ্ঠপোষকতায় ডানপন্থীদের প্রতিরোধ দেশকে ঠেলে দেয় ভয়াবহ গৃহযুদ্ধের দিকে। সে সময় আর্জেন্টিনার ক্ষমতায় ছিলেন আরেক ফ্যাসিবাদী পারোনিস্ট নেতা হুয়ান পেরন। ১৯৭৪ সালে হুয়ান পেরন মারা গেলে তাঁর স্ত্রী ভাইস প্রেসিডেন্ট ইসাবেল প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। ইসাবেল ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক দিন পরই এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন লেফটেন্যান্ট জেনারেল জর্জ রাফায়েল ভিদেলা। নিজেকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন তিনি। ভিদেলার সামরিক সরকার দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে আসার ঘোষণা দিয়ে বিরোধী রাজনৈতিক কর্মী ও বিদ্রোহীদের বিরুদ্ধে শুরু করে বিশেষ অভিযান । এই অভিযান আর্জেন্টিনার ইতিহাসে ‘ডার্টি ওয়ার’ হিসেবে পরিচিত। আর্জেন্টিনায় ভিদেলার সামরিক সরকারের নিপীড়ন চলে ১৯৮২ সাল পর্যন্ত, এ সময় হাজার হাজার মানুষ নিহত হয়েছে, নিখোঁজ হয়েছে অসংখ্য লোক, বিনা বিচারে দিনের পর দিন জেল খেটেছে অনেকে। ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধে ব্রিটেনের কাছে লজ্জাজনক পরাজয়ের জন-দাবির মুখে ভিদেলা সামরিক সরকার আর্জেন্টিনায় নির্বাচন দিতে বাধ্য হয়। সেই নির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন রাউল আলফোনসিন। পরে, ১৯৮৫ সালে এক কমিশনের তদন্তে সামরিক জান্তার শীর্ষপর্যায়ের সদস্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ভিদেলাকে ১৯৯০ সালে কার্লোস মেনেমের সরকার এক বিশেষ অনুকম্পার মাধ্যমে অব্যাহতি দেয়। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২০০৭ সালে সামরিক জান্তার নির্যাতনে ক্ষতিগ্রস্ত পরিবারের তরফ থেকে আদালতে এক রিট করা হয়। সেই রিটের অনুকূলে দেওয়া রায়ে এ বছর এপ্রিলে সুপ্রিম কোর্ট ভিদেলার যাবজ্জীবন কারাদণ্ড পুনর্বহাল করেন। এর ফলে এত দিন পর সমাপ্তি ঘটল বিচারের আশায় অপেক্ষমাণ হাজারো মানুষের কান্না আর হাহাকারের।