স্বৈরশাসন হটাতে ফুঁসে উঠেছে আরব দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বৈরশাসনে নিষ্পেষিত আরব দুনিয়ার মানুষ জেগে উঠেছে। তিউনিসিয়ার পর মিসরে সরকারবিরোধী সফল আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে ওই অঞ্চলের একের পর এক দেশে আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছে। ক্ষোভে-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো আরব দুনিয়া। দীর্ঘদিনের একনায়কদের হটিয়ে নতুন শাসনব্যবস্থা কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে মানুষ। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে লিবিয়া, বাহরাইন, ইয়েমেন, ইরান, সিরিয়াসহ ওই অঞ্চলের অন্য দেশেও। ক্ষোভের আগুন যেভাবে দাবানলের মতো এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ছে, তাতে এর শেষ কোথায়, তা আঁচ করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আরব লিগের শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে।বাহরাইনে গতকাল শুক্রবার বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালায় সেনাবাহিনী। চলতি সপ্তাহে নিহত এক বিক্ষোভকারীর দাফন শেষে লোকজন মিছিল নিয়ে রাজধানী মানামায় ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চারজন নিহত হয় বলে প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীরা জানিয়েছে। আরও কমপক্ষে ২৫ জন আহত হয় বলে চিকিৎ সাকর্মীরা জানিয়েছেন। শুরুটা হয়েছিল তিউনিসিয়া দিয়ে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরু হওয়ার পর তা বেশ কঠোর হাতে দমন করার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী। সেনাবাহিনী ও নিজের গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েও শেষরক্ষা করতে পারেননি তিনি। বিক্ষোভকারীদের অনড় অবস্থানের মুখে গত ১৪ জানুয়ারি পালিয়ে যান সৌদি আরবে। অবসান হয় বেন আলীর ২৩ বছরের শাসনের। গতকাল শুক্রবার খবর পাওয়া গেছে, তিনি গুরুতর অসুস্থ হয়ে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।তিউনিসিয়ায় বেন আলীর পতনের পর দুই সপ্তাহ না পেরোতেই প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে গর্জে ওঠে মিসরের মানুষ। সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানানোয় মোবারক বিক্ষোভকারীদের বিরুদ্ধে তেমন কিছু করতে পারেননি। চেষ্টা করেছিলেন সংস্কারের নামে ভাঁওতাবাজি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে। কিন্তু ১৮ দিনের টানা বিক্ষোভের মুখে ১১ ফেব্রুয়ারি কিছুটা আচমকা তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান।তিউনিসিয়া ও মিসরের আগুন যে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়তে যাচ্ছে, তা আগেই আঁচ করতে পেরেছিলেন ওই সব দেশের নেতারা। তাই কিছুটা প্রস্তুতি নিয়েও রেখেছিলেন তাঁরা। আর তাই বিক্ষোভ দানা বাঁধার আগেই গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।লিবিয়ায় ৪১ বছর ধরে ক্ষমতাসীন শাসক মুয়াম্মার গাদ্দাফিকে হটাতে বেশ কোমর বেঁধে রাস্তায় নেমেছে মানুষ। আন্দোলন সংগঠনের প্রাথমিক পদ্ধতি অনেকটা মিসরের মতোই। ফেসবুক, টুইটার ও মুঠোফোনে বার্তা চালাচালি। গত বৃহস্পতিবার তারা ‘ক্রোধের দিন’ পালন করার পর গতকালও বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নেয়। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ওই দেশগুলো মুসলিম-অধ্যুষিত হওয়ায় প্রতি সপ্তাহে বড় বিক্ষোভ হচ্ছে মূলত শুক্রবার জুমার নামাজের পর।লিবিয়ায় গত বৃহস্পতিবার বিক্ষোভকারীদের ওপর খড়্গহস্ত হয় নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী, ওই দিন দুই শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে কমপক্ষে ২৪ জন। আহত হয় আরও ৭০ জন, যাদের মধ্যে অনেকের অবস্থাই মুমূর্ষু।পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে গতকাল বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অনেকেই নিহত হয়। চিকিৎ সকেরা জানান, তাঁরা ১০টি মৃতদেহ দেখেছেন। তবে মৃতের সংখ্যা আরও বেশি বলে বিভিন্ন সূত্র থেকে জানানো হয়। গতকাল ওই শহরে সেনাবাহিনী নামানো হয়েছে। পাশের শহর আল বায়দায় বিক্ষোভের সময় নিহত হয় পাঁচজন। সেখানে লোকজন তাঁবু খাটিয়ে রাস্তার ওপর আস্তানা গাড়ছে। লিবিয়ায় গণমাধ্যমের ওপর কঠিন কড়াকড়ির কারণে সহিংসতা বা ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাচ্ছে না। তবে বিক্ষোভকারীদের হিসাবমতে, এ পর্যন্ত সব মিলিয়ে ৫০ জনের বেশি নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে।বিক্ষোভকারীদের হটাতে গাদ্দাফির সমর্থকেরা রাজপথে নেমেছে বলে জানিয়েছে সিএনএন টেলিভিশন। তাদের প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল সকালে সরাসরি প্রচারিত দৃশ্যে দেখা যায়, গাদ্দাফির সমর্থনে রাজপথে স্লোগান দিচ্ছে লোকজন।রাজনৈতিক স্বাধীনতা, মানবাধিকার নিশ্চিত করা ও দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করছে গাদ্দাফিবিরোধীরা। তবে গাদ্দাফি জানিয়েছেন, তাঁর দেশের মানুষ প্রকৃত গণতন্ত্র উপভোগ করছে।সুন্নিশাসিত বাহরাইনে সাংবিধানিক সংস্কার, রাজবন্দীদের মুক্তি ও নাগরিক অধিকারের দাবিতে বিক্ষোভ চলছে কয়েক দিন ধরে। আন্দোলনের শুরুটা হয়েছে শিয়া মুসলমানদের নেতৃত্বে। শিয়ারাই দেশটিতে সংখ্যাগরিষ্ঠ। কিন্তু বংশপরম্পরায় শাসন চালিয়ে যাচ্ছে সুন্নি আল-খলিফা রাজপরিবার। বর্তমানে ক্ষমতাসীন ওই রাজপরিবারের হামাদ ইবনে ইসা আল খলিফা। এ ছাড়া বাহরাইনেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটি। এ বিষয়টি নিয়েও শিয়াদের মধ্যে অসন্তোষ রয়েছে।এর আগে গত বৃহস্পতিবার থেকে রাজধানী মানামার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। ভারী অস্ত্র ও সাঁজোয়া যান নিয়ে রাস্তায় টহল দিচ্ছে তারা। কিন্তু এতেও পিছু হটছে না বিক্ষোভকারীরা। সেনাবাহিনীও কাঁদানে গ্যাস ও গুলি ছুড়তে দ্বিধা করছে না। গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে কমপক্ষে ১২ জন। বিক্ষোভকারীরা জানিয়েছে, সেনাবাহিনীর অভিযানের মুখে নিখোঁজ হয়েছে কমপক্ষে ৮০ জন।মানামার কেন্দ্রস্থল পার্ল স্কয়ারে এখন তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা, যেমনটা করেছিল মিসরের বিক্ষোভকারীরা কায়রোর তাহরির স্কয়ার দখলে নিয়ে। মোবারকের পতন না হওয়া পর্যন্ত কায়রোর মানুষ তাহরির স্কয়ার ছাড়েনি।তবে বাহরাইন সরকার বিক্ষোভকারীদের সে সুযোগ দিতে রাজি নয়। বৃহস্পতিবার মাঝরাতে দাঙ্গা পুলিশ হানা দেয় পার্ল স্কয়ারে। কাঁদানে গ্যাস ছুড়ে আর বেদম লাঠিপেটা করে বিক্ষোভকারীদের তাড়িয়ে দেয় সেখান থেকে। এ সময় নিহত হয় কমপক্ষে চারজন। চরম আতঙ্কে আছে মানুষ।গতকাল সকালে এক ব্যক্তি বিবিসি টেলিভিশনকে বলেন, ‘চারদিকে সহিংসতা, সংঘাত। বাহরাইন একটি গভীর খাদের মধ্যে তলিয়ে যাচ্ছে।’ ওই ব্যক্তি আরও জানান, তিনি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘তারা (কর্তৃপক্ষ) যদি আমার নাম জানতে পারে, তাহলে আমার চাকরি যেতে পারে। এমনকি আমার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে।’এদিকে, রাজতান্ত্রিক দেশটির পরবর্তী উত্তরাধিকারী যুবরাজ শেখ সালাম বিন হামাদ আল খলিফা গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে প্রতিশ্রুতি দিয়েছেন, পরিস্থিতি শান্ত হলে জাতীয় সংলাপের মাধ্যমে বিক্ষোভকারীদের দাবির বিষয়গুলো বিবেচনা করা হবে। তিনি দেশের সেনাবাহিনীর উপপ্রধান।ইয়েমেনের পরিস্থিতিও ভালো নয়। প্রায় এক মাস ধরে সেখানে জ্বলছে বিক্ষোভের আগুন। ৩২ বছর ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে হটানোর দাবিতে সোচ্চার হয়েছে জনতা। নিরাপত্তাকর্মীরাও কঠোর হাতে দমনের চেষ্টা করছেন সে বিক্ষোভ।দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর এডেনে গত বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। শহরের আল-মানসুরা এলাকায় হাজার হাজার বিক্ষোভকারীর ওপর সরাসরি গুলি চালায় পুলিশ। এতে নিহত হয় চারজন।মিসরের মতো বাহরাইন ও ইয়েমেনও আল-কায়েদাবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র। মিসরে বিক্ষোভের সময় যুক্তরাষ্ট্র যে নীতিতে এগিয়েছিল, বাহরাইন ও ইয়েমেনের ক্ষেত্রেও সেই একই পথে হাঁটছে তারা।বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন-পীড়ন না চালাতে, সংস্কার-প্রক্রিয়া জোরদার করতে এবং সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর যারা শক্তি প্রয়োগ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত বৃহস্পতিবার বাহরাইনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানেও। রাজপথে বিক্ষোভ শুরু করেছে সরকারবিরোধীরা। গত সোমবার দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই বিক্ষোভকারী নিহত ও আরও কয়েকজন আহত হয়। সরকার সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ ছাড়া সরকারবিরোধী প্রধান দুই নেতা মীর হোসেন মুসাভি ও মেহেদি কারৌবিকে কার্যত গৃহবন্দী করে রেখেছে সরকার। গতকাল জুমার নামাজের পর রাজপথে নামে সরকারের সমর্থকেরা। তারা মুসাভি ও কারৌবির ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেয়।এদিকে, আগামী মাসে ইরাকে আরব লিগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আরব লিগের বর্তমান প্রেসিডেন্ট রাষ্ট্র লিবিয়া। লিবিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা গতকাল জানায়, ‘আরব অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে আরব লিগের আসন্ন সম্মেলন স্থগিত করা হয়েছে।’তবে আরব লিগের প্রধান আমর মুসা মিসরের রাজধানী কায়রোতে সাংবাদিকদের জানান, সম্মেলন স্থগিত করার বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো অনুরোধ পাননি। খবর বিসিসি, রয়টার্স ও এএফপির।