সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ তাঁকে স্বৈরাচার না বলতে সাংসদদের কাছে আবেদন করেছেন। তিনি বলেন, ‘আমি আবেদন করি—ভাইরা আমাকে স্বৈরাচার বলবেন না। মনে ব্যথা পাই, মনে দুঃখ পাই। আমি সব সময়ই সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছি। তার পরও আমাকে যদি স্বৈরাচার বলেন, তাহলে কেমন লাগে।’আজ মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে নয় বছর ধরে দেশে শাসন চালানো সাবেক সেনাশাসক এরশাদ এ আবেদন করেন। ১৯৮২ সালের ২৪ মার্চ এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানে এরশাদ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেন। ’৯০ সালে এক গণ-অভ্যুত্থানে তাঁর সরকারের পতন হয়।আজ সংসদে এরশাদের এই আবেদনের পর অনেক সদস্য একযোগে টেবিল চাপড়িয়ে বলতে থাকেন, ‘আর বলব না, আর বলব না।’ পরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল জলিল বলেন, ‘আমরা তাঁকে দুঃখ দিতে চাই না। বাস্তব কথাটা বলতে চাই, আমরা সেদিন কার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম—তাঁকে তা বুঝতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সহযাত্রী, তিনি দুঃখ পান আমরা তাঁকে স্বৈরাচার বলব না।’বক্তব্যে এরশাদ বাজেট সুন্দর হয়েছে উল্লেখ করেন। তবে বলেন, ‘এই সময় আন্দোলন, হরতাল হবে। অশনি সংকেত আসছে। এর মধ্যেই বাজেট বাস্তবায়ন করতে হবে। না হলে প্রবৃদ্ধি, কর্মসংস্থান হবে না।’এরশাদ বলেন, ‘গণতন্ত্রের পথ সুগম হওয়ার কথা ছিল। কিন্তু, দিন দিন তা দুর্গম হচ্ছে। আশা ছিল, একটি প্রাণবন্ত সংসদে কথা বলব। সংসদ এখন নীরব। বিরোধী দল সংসদে আসে না। লক্ষ লক্ষ মানুষ তাঁদের ভোট দিয়েছেন। তাঁদের কথা বলার তো কেউ নেই।’এরশাদ বলেন, ‘বাজেট হলো দর্পণ, আয়না। আমরা জানতে পারি—আগামী বছরটা কেমন যাবে। তবে, এবার মানি না, মানব না—শুনতে হচ্ছে না। আমি বলব, এই বাজেট কল্পনাবিলাসী। যে স্বপ্ন দেখে না। সে স্বপ্ন দেখাতে পারে না। আশা নেই তো ভবিষ্যত্ও নেই।’জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাজেট বাস্তবায়ন করতে পারলে তিনি অর্থমন্ত্রীকে সাধুবাদ জানাবেন। তবে বলেন, বাস্তবায়ন করতে পারলে বলব, এটা বাজেট অর্থমন্ত্রীর সতর্ক আশাবাদের বাজেট। না পারলে বলব, বিপজ্জনক আশাবাদ।এরশাদ তাঁর আমলে দেশের উন্নয়নের তথ্য-উপাত্ত তুলে ধরেন। আরও বলেন, গণতন্ত্রের কথা বলি, জনপ্রতিনিধিদের মূল্যায়ন করি না। উপজেলা পরিষদে বসেন আমলা। আর নির্বাচিত প্রতিনিধিরা বসেন তাঁর বাসায় ছোট একটা কক্ষে।এরশাদ বলেন, তিনি সামরিক প্রশাসক ছিলেন। কিন্তু শেষ করেছেন গণতান্ত্রিক ধারায়, নির্বাচন দিয়ে ক্ষমতায় যাই। তিনি ১০ নভেম্বরকে গণতন্ত্র দিবস পালন করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এরশাদ জেলে থাকার সময় তাঁর ও তাঁর পরিবারের প্রতি সরকারের নেওয়া ব্যবস্থার কথা তুলে ধরেন। বলেন, তাঁর ছেলেমেয়েকে জেলে থাকতে হয়েছে। ছেলের দুই বছর নষ্ট হওয়ায় আনুষ্ঠানিক শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলখানাতে তাঁর ওপর অত্যাচার চালানো হয়েছে বলে দাবি করেন এই সাবেক সামরিক শাসক। তিনি বলেন, ‘কিছুই ছিল না। ছয় বছর জেল খেটেছি, দুই বছর নির্জন কারাবাস করেছি। আমাকে পিজি হাসপাতালে নেওয়া হয়নি। ভারত, সিঙ্গাপুর যেতে চাইনি। রোজার সময় ১২ দিন চলে গেছে, নামাজ পড়তে পারিনি।’ তিনি আরও বলেন, ‘আমি দুবার জেল থেকে পাঁচ-পাঁচটি আসনে জয়ী হয়েছি। আমি স্বৈরাচার হলে কি জয়ী হতাম?’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তুলে দেওয়ায় সরকার ও সাংসদদের ধন্যবাদ জানিয়ে এরশাদ বলেন, ‘এই সংসদ আমাদের কপাল থেকে কলঙ্কের তিলক মুছে দিয়েছে। আমরা সত্ নই। আমাদের বিশ্বাস করা যাবে না। পঞ্চদশ সংশোধনী করে আমাদের এই কলঙ্কের তিলক মুছে দিয়েছে। এ জন্য সকলকে অভিনন্দন জানাই।’এরশাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার কথা বলেন। কালোটাকা সাদা করাকে অনৈতিক বলেন। কিন্তু, কালোটাকা বিনিয়োগ করতে না পারলে তা বাইরে চলে যাবে বলে মত দেন। তিনি বলেন, জিডিপির ৩৬ শতাংশ কালোটাকা। এই টাকা যেন বাইরে চলে না যায়, তার ব্যবস্থা হয়েছে বাজেটে।পুঁজিবাজারের কারণে সরকারের এক কোটি ভোট নষ্ট হয়েছে উল্লেখ করেন এরশাদ বলেন, এই মার্কেট ধ্বংস করে দিয়েছে। তাদের নাম সংবাদপত্রে এসেছে। ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, অর্থমন্ত্রী বলেন, খেলোয়াড়েরা আবার নেমেছে। বাজার পড়ে। আবার বলেন, দুষ্টু বাজার। আবার বাজার পড়ে। তিনি স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার প্রস্তাব দেন। মালিকানা ও ব্রোকারেজকে পৃথক করতে ডিমিউচ্যুয়ালাইজেশন করার প্রস্তাব দেন। বিদ্যুত্ ও শেয়ারবাজার সরকারের মাইনাস পয়েন্ট উল্লেখ করেন তিনি।খাদ্যে ভেজাল প্রতিরোধের কথা বলেন এরশাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মা উল্লেখ করে তিনি বলেন, মা হয়ে আপনি সন্তানদের বাঁচান। খাদ্যে বিষ দিলে মৃত্যুদণ্ড, বঙ্গবন্ধুর ওই আইন বলবত্ করতে বলেন তিনি। ফেনসিডিল মহামারি আখ্যা দেন তিনি।এরশাদ বলেন, রোহিঙ্গাদের কিছুতেই মানা যাবে না। সরকারের এ নীতিকে তিনি সমর্থন করেন। তিনি রোহিঙ্গা আসায় দেশে কী ক্ষতি হয়েছে তা তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘকে বলতে হবে, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করেন। যেন তারা মানবাধিকার লঙ্ঘন না করে। বাংলাদেশের ওপর চাপিয়ে দেবেন না। বাংলাদেশ ছোট্ট দেশ, তার ক্ষমতা নেই।