স্বৈরাচারী মোবারককে হটাতে প্রস্তুত হচ্ছে জনতা
ধনী-গরিব, বৃদ্ধ-যুবা, নারী-পুরুষ; মিসরের গণতন্ত্রকামী সব জনতার লক্ষ্য এখন এক। আজই হানতে হবে চূড়ান্ত আঘাত। উপড়ে ফেলতে হবে স্বৈরাচারী হোসনি মোবারকের গদি। আজ শুক্রবার মিসরের গণতন্ত্রপন্থী লাখ লাখ জনতা সমবেত হতে শুরু করেছে কায়রোর তাহরির স্কয়ারে। মোবারকের স্বৈরাচারী শাসনামলের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়াই তাদের উদ্দেশ্য।এদিকে গতকাল বৃহস্পতিবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে মোবারক বলেছেন, ক্ষমতা নিয়ে তিনি বিরক্ত এবং তিনি পদত্যাগ করতে চান। তবে তিনি মনে করেন, মিসরে এখনো তাঁর প্রয়োজন আছে। জনগণ মোবারককে ঘৃণা করছে, তাঁর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে—এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়ার কথা জানতে চাইলে মোবারক বলেন, ‘জনগণ আমার সম্পর্কে কী বলছে, তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি এখন পর্যন্ত আমার দেশকেই গুরুত্ব দিই। আমি মিসরকে গুরুত্ব দেই।’মোবারক আশঙ্কা করছেন, তাঁর প্রস্থানের পর দেশটিতে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়তে এবং নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুড ক্ষমতা দখল করতে পারে।মোবারক জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে তাহরির স্কয়ারের চলমান সহিংসতা দেখে তিনি কষ্ট পেয়েছেন। তিনি মনে করেন, এই সহিংসতার জন্য তাঁর সরকার দায়ী নয়। এর জন্য মুসলিম ব্রাদারহুডই দায়ী। সরকারবিরোধীদের ওপর তাঁর সমর্থকদের হামলার বিষয়ে তিনি বলেন, ‘গতকালের ঘটনায় আমি খুবই কষ্ট পেয়েছি। আমি চাই না মিসরীয়রা এক অপরের বিরুদ্ধে যুদ্ধ করুক।’গত সোমবার হোসনি মোবারক আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন। ওই ঘোষণার পর তিনি নিজেকে ভারমুক্ত মনে করছেন বলেও জানান মোবারক।—বিবিসি, আল জাজিরা, রয়টার্স।