স্মরণকালের সেরা ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতার কারণে দেশের মানুষ যখন উদ্বেগ-উৎকণ্ঠায়, ঠিক তখন মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় স্মরণকালের সেরা ফল সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। পাসের হার, জিপিএ-৫সহ পরীক্ষার প্রায় সব সূচকেই ভালো করেছে শিক্ষার্থীরা।এবার আট বোর্ডের অধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের গড় হার ৮৯ দশমিক ৭২ শতাংশ। গতবারের চেয়ে পাসের হার বেড়েছে ৩ দশমিক ৪০ শতাংশ। এ বছর ফেল করেছে মাত্র ১০ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী। শুধু পাসের হার নয়, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। গত বছরের তুলনায় এবার বেশি জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। গতবার এই সংখ্যা ছিল ৬৫ হাজার ২৫২ জন, এবার তা ৭৭ হাজার ৩৮১ জন।গতকাল বৃহস্পতিবার সারা দেশে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ফল জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, এসএসসি পরীক্ষায় বাংলাদেশে এত ভালো ফল আগে কখনোই হয়নি। হরতালের কারণে উপস্থিতি কিছু কম হলেও স্কুলে স্কুলে আনন্দ-উচ্ছ্বাস কম হয়নি। রাজধানীসহ দেশের ভালো ফল করা প্রতিষ্ঠানগুলোতে ঢাকঢোল বাজিয়ে আনন্দ করেছে শিক্ষার্থীরা।সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী টেলি-কনফারেন্সের মাধ্যমে দিনাজপুর শিক্ষা বোর্ডে ফল প্রকাশ করেন।বাসস জানায়, এ সময় প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের অবশিষ্ট পরীক্ষাগুলো শান্তিপূর্ণভাবে দেওয়ার সুযোগ দিতে আর হরতাল না দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এ বছর বিভিন্ন পরীক্ষার সময় ঘন ঘন হরতালে পরীক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে। এতে বিরোধী দলের কোনো লাভ হয়নি। তবে শিক্ষার্থীদের অত্যন্ত দুর্ভোগে পড়তে হয়েছে।দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করতে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার সব সূচক ভালো ফলের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তারাই প্রথমবারের মতো অষ্টম শ্রেণী শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিল। এসএসসির ফলাফলে জেএসসি পরীক্ষার ইতিবাচক প্রভাব পড়েছে। কারণ, ওই পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়েছিল।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুর নুর, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেমসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার পাশাপাশি গতকাল মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলও ঘোষণা করা হয়। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১০ বোর্ডে গড় পাসের হার ৮৯ দশমিক শূন্য ৩ শতাংশ। গতবার এই হার ছিল ৮৬ দশমিক ৩৭ শতাংশ। গতবারের চেয়ে এবার এই হার ২ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। ১০টি বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯১ হাজার ২২৬ জন। গতবার পেয়েছিল ৮২ হাজার ২১২ জন। এবার সারা দেশে পাঁচ হাজার ৯২টি প্রতিষ্ঠান থেকে সব শিক্ষার্থীই পাস করেছে। গতবারের চেয়ে এ রকম প্রতিষ্ঠান বেড়েছে এক হাজার ৭১৫টি। গতবার এ ধরনের প্রতিষ্ঠান ছিল তিন হাজার ৩৭৭টি। এবার ২২টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হয়নি। এবার ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম হওয়ার স্থানটি ধরে রাখতে পারেনি রাজধানীর উত্তরা রাজউক মডেল কলেজ। এবার এই প্রতিষ্ঠানকে টপকে গেছে ঢাকার আরও দুটি প্রতিষ্ঠান। এবার ঢাকা বোর্ডে প্রথম হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং দ্বিতীয় হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। রাজউক উত্তরা মডেল কলেজ হয়েছে তৃতীয়।এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসিতে মোট নয় লাখ ৮৭ হাজার ৪১৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে আট লাখ ৮৫ হাজার ৮৯১ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে দুই লাখ ১৪ হাজার ৯০৪ জন বিজ্ঞানের, তিন লাখ ৩৫ হাজার ৪৭৫ জন মানবিকের এবং তিন লাখ ৩৫ হাজার ৫১২ জন ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রী। বিজ্ঞানে পাসের হার ৯৪ দশমিক ৯৫ শতাংশ, মানবিকে ৮৫ দশমিক ৫৬ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯০ দশমিক ৯৩ শতাংশ। মোট উত্তীর্ণ ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রসংখ্যা চার লাখ ৪০ হাজার ২৮৪ জন এবং ছাত্রী চার লাখ ৪৫ হাজার ৬০৭ জন। ছাত্রদের পাসের হার ৯০ দশমিক ২৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮৯ দশমিক ২২ শতাংশ। পাসের হারে ছাত্ররা সামান্য এগিয়ে।শীর্ষে রাজশাহী বোর্ড: আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ড পাসের হারের দিক দিয়ে এবার শীর্ষস্থান দখল করেছে। এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক শূন্য ৩ শতাংশ। যা গতবার ছিল ৮৮ দশমিক ৩৩ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২০৩ জন। গতবার পেয়েছিল ১০ হাজার ৭২৬ জন।সবার নিচে ঢাকা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ড সাধারণত পাসের হারের দিক দিয়ে শীর্ষ হতে পারে না। কিন্তু সবার নিচেও থাকে না কখনো। এবার এই বোর্ডে পাসের হার অন্য বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম, ৮৭ দশমিক ৩১ শতাংশ। অবশ্য গতবারের তুলনায় পাসের হার বেড়েছে। গতবার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এই বোর্ডে আগের বছরগুলোর মতো এবারও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সর্বাধিক ২৬ হাজার ৩৯০ জন।অন্য বোর্ডের ফল: অন্য বোর্ডগুলোর মধ্যে কুমিল্লায় পাসের হার ৯০ দশমিক ৪১ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৮৫৫ জন। যশোরে পাসের হার ৯২ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৮৬ জন। চট্টগ্রামে পাসের হার ৮৮ দশমিক শূন্য ৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৩৫৮ জন। বরিশালে পাসের হার ৮৮ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৫১৪ জন। সিলেটে পাসের হার ৮৮ দশমিক ৯৬ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭৮৯ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৬০ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে আট হাজার ১৮৬ জন। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিদেশের সাতটি কেন্দ্রে মোট ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭৭ জন। এদের মধ্যে আটজন বাদে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। গত ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসি পরীক্ষা শেষ হয় মার্চে।