১৪৪ ধারা জারি করায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যার প্রথম বর্ষ উপলক্ষে গতকাল শনিবারও স্মরণসভা করতে পারেনি স্থানীয় বিএনপি।স্থানীয় আওয়ামী লীগ স্মরণসভার স্থান বড়াইগ্রাম পৌরমাঠে আবার কর্মিসভা করার ঘোষণা দিলে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। গতকাল সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত পৌরমাঠ ও এর আশপাশের এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ ছিল।এর আগে শুক্রবার বিকেলে বড়াইগ্রাম পৌরমাঠে সানাউল্লাহর স্মরণে সভা করার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল বিএনপি। ওই দিনও একই স্থানে একই সময়ে আওয়ামী লীগ কর্মিসভা করার ঘোষণা দিলে প্রশাসন কাউকে কর্মসূচি পালন করতে দেয়নি।বড়াইগ্রাম বিএনপির সূত্র জানায়, সানাউল্লাহর স্মরণসভা করতে না পেরে বিএনপির নেতা-কর্মীরা গতকাল বিকেলে একই মাঠে ওই কর্মসূচি পালন করবে বলে শুক্রবার রাতে ঘোষণা দেয়। আওয়ামী লীগও গতকাল বিকেলে একই মাঠে কর্মিসভা করবে বলে ঘোষণা দেয়। এতে মুখোমুখি অবস্থান নেয় উভয় পক্ষের নেতা-কর্মীরা। দুই পক্ষই নিজেদের কর্মসূচি পালনে অটল থাকে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম শুক্রবার রাত ১২টার দিকে উভয় পক্ষকে ১৪৪ ধারা জারির বিষয়টি জানান। গতকাল সকাল থেকে উপজেলা প্রশাসন মাইকিং করে জানায়, সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বড়াইগ্রাম পৌরমাঠে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।গতকাল সকাল থেকে বিপুলসংখ্যক পুলিশ পৌরমাঠ ও এর আশপাশে অবস্থান নেয়। বিএনপি ও আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে সারা দিন ওই মাঠে দেখা যায়নি।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, উভয় দলের কর্মসূচি নিয়ে কয়েক দিন ধরে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা বিরাজ করছে। তাই ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এদিকে, জেলা বিএনপি গতকাল দুপুরে শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্মরণসভার স্থানে ১৪৪ ধারা জারির নিন্দা জানিয়েছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় স্বনির্ভর-বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘এক বছর আগে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে পিটিয়ে হত্যা করে। তাঁর হত্যার প্রথম বার্ষিকীতে আমরা স্বাভাবিকভাবে স্মরণসভা ও দোয়া মাহফিল করার ঘোষণা দিয়েছিলাম। বড়াইগ্রাম পৌর কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছিলাম। হত্যাকারীরা দুর্ভাগ্যজনকভাবে সেখানে কর্মিসভা আহ্বান করে। এই অজুহাতে প্রশাসন আমাদের কর্মসূচি বানচাল করতে ১৪৪ ধারা জারি করে।’সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ মোজাম্মেল হক, সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।পরপর দুই দিন পাল্টা কর্মিসভা আহ্বানের ব্যাপারে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে পরপর দুই দিন কর্মিসভা ডেকেছিলাম, কারও কর্মসূচি ভণ্ডুল করতে নয়। বিএনপি কখন কবে তাদের কর্মসূচি পালন করবে, সেটা তাদের ব্যাপার।’বাগাতিপাড়ায়ও ১৪৪ ধারা: জেলার বাগাতিপাড়া উপজেলার পশুহাট মাঠে আজ রোববার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করে মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ওই মাঠে আজ সকালে স্থানীয় বিএনপির দুই পক্ষ সম্মেলন করার ঘোষণা দিলে ১৪৪ ধারা জারি করা হয়।উপজেলা প্রশাসন সূত্র জানায়, বাগাতিপাড়া পৌরসভার মেয়র মোশারফ হোসেনের নেতৃত্বাধীন বিএনপির একটি পক্ষ উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন আহ্বান করে। এর আগে গত বৃহস্পতিবার সাবেক উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা একই স্থানে কমিটি গঠনের জন্য সম্মেলনের ঘোষণা দেন। সম্মেলন সফল করতে উভয় পক্ষ শুক্রবার থেকে ব্যাপক তৎপরতা শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ এড়াতে ইউএনও মো. ইয়ামিন খান গতকাল দুপুরে ১৪৪ ধারা জারি করেন।এ ঘটনায় বিএনপি নেতা মোশারফ হোসেন ও গোলাম মোস্তফা পরস্পরকে দায়ী করে সম্মেলন বানচালের অভিযোগ করেছেন।