স্মরণসভায় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর কোলাকুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আওয়ামী লীগে পরস্পরের প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত সদ্যবিদায়ী মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও কোতোয়ালি এলাকার সাংসদ নুরুল ইসলাম আজ শনিবার বিকেলে এক স্মরণসভায় কোলাকুলি করেন। নুরুল ইসলামের মান ভাঙাতে মহিউদ্দিনই তাঁকে জড়িয়ে ধরেন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নুরুল ইসলাম শুরু থেকেই নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রার্থিতার বিরোধিতা করে আসছেন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী প্রকাশ্যে নুরুল ইসলামের বিরোধিতা করেছিলেন।আজ শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভানেত্রী নিলুফার কায়সারের প্রথম স্মরণসভা হয়। এতে যোগ দেন আওয়ামী লীগের এই দুই নেতা। সন্ধ্যার কিছুক্ষণ আগে সভাস্থলে আসেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এর কয়েক মিনিট পরই আসেন নুরুল ইসলাম। ব্যস্ততা আছে জানিয়ে মহিউদ্দিন চৌধুরী আগে বক্তৃতা দেন। প্রায় ১০ মিনিট তিনি বক্তব্য দেন। এরপর তিনি বলেন, আরেকটি কাজ বাকি আছে। তখন মঞ্চে বসা নুরুল ইসলামের সঙ্গে প্রথমে করমর্দন করেন। এরপর অনেকটা জোর করে নুরুল ইসলামকে জড়িয়ে ধরেন তিনি। পরে দুই নেতা দাঁড়িয়ে উপস্থিত দর্শকদের প্রতি দুই হাত তুলে অভিবাদন জানান। বক্তৃতা শেষ করেই মহিউদ্দিন চৌধুরী সভাস্থল ত্যাগ করেন। এরপর বক্তব্য দেন নুরুল ইসলাম।নুরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী এখানে আসবেন জানলে আমি মিষ্টি নিয়ে আসতাম। তাঁকে মিষ্টি খাওয়াতাম। এতে হয়তো সারা বছর তাঁর মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বের হতো।’ এরপর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো কথা না বলেই নিলুফার কায়সারকে স্মরণ করে বক্তব্য শেষ করেন এবং সভাস্থল ত্যাগ করেন তিনি।দুজনের এ কোলাকুলি দেখে আওয়ামী লীগের উপস্থিত নেতা-কর্মীরা হাততালি দিয়ে তাঁদের অভিনন্দিত করেন। এরপর ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম স্মরণসভায় বলেন, ‘আমরা মহিউদ্দিন চৌধুরী ও নুরুল ইসলাম বিএসসির এ ক্ষণিকের কোলাকুলি দেখতে চাই না। বরং সারা বছর তাঁদের এ আচরণের বাস্তবায়ন দেখতে চাই। এতে চট্টগ্রামের আওয়ামী লীগে সুষ্ঠু রাজনীতির চর্চা হবে এবং যোগ্য ব্যক্তিদের উঠে আসা সম্ভব হবে।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ একাধিক নেতা বক্তব্য দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ এতে সভাপতিত্ব করেন।