স্মার্ট ফ্রিজ দেবে রেসিপি
স্মার্ট ফোনের পর এবার আসছে স্মার্ট ফ্রিজ। নতুন প্রযুক্তির কল্যাণে ইলেকট্রনিক সামগ্রী বদলে যাচ্ছে। এর কল্যাণে দৈনন্দিন জীবনে ব্যবহার্য অতি দরকারি জিনিস ফ্রিজও আসছে আরও উন্নত হয়ে। অ্যাপসের মাধ্যমে এই ফ্রিজ তার ব্যবহারকারীকে রেসিপি, শপিং তালিকা ও খাদ্যদ্রব্যের মেয়াদ ব্যবস্থাপনার সুবিধা দেবে। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।টি-৯০০০ মডেলের এই ফ্রিজ বাজারে এনেছে ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এই রেফ্রিজারেটরে ১০ ইঞ্চি ওয়াইফাই-সম্পন্ন টাচ স্ক্রিন আছে। আর আছে অ্যাপস। এই অ্যাপস ব্যবহারকারীকে রেসিপি, শপিং তালিকা, খাদ্যদ্রব্যের মেয়াদ ব্যবস্থাপনার তথ্য দেবে। এই রেফ্রিজারেটরের দরজায় একটি ডিসপ্লে থাকবে। এ থেকে ব্যবহারকারী বিশ্বের বিভিন্ন ঘটনার খবরাখবর, আবহাওয়ার বার্তা জানতে পারবে। আছে টুইটারের সুবিধা। ডিসপ্লেতে মিলবে গুগলের দিনপঞ্জি ও ছবির স্লাইড শো। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের বসন্তে সারা বিশ্বে এই কেতাদুরস্ত রেফ্রিজারেটর পাওয়া যাবে। এর দাম পড়বে তিন লাখ ১৩ হাজার ৫৪৬ টাকা (তিন হাজার ৯৯৯ মার্কিন ডলার)।