স্মার্টফোনে ঈদের খুশি!
ঈদে কোরবানির জন্য গরু কিনেছেন, স্মার্টফোনে সেই গরুর ছবি তুলে তা ফেসবুকে বন্ধুদের সঙ্গে শেয়ার করছেন অনেকেই। তবে গরু কেনার সময় যেভাবে বেছে কিনেছেন, স্মার্টফোন কেনার সময়ও কি সেভাবে দেখে কিনেছেন?এবারের ঈদের আগে স্মার্টফোনে আগ্রহ দেখিয়েছেন অনেকেই, বিশেষ করে তরুণেরা। বিভিন্ন পেশাজীবী মানুষ তাঁদের বাজেট অনুসারেই স্মার্টফোন কেনেন। হাই এন্ড বা বেশি দামের স্মার্টফোনের ক্ষেত্রে বাজারে রয়েছে স্যামসাং, নকিয়া, অ্যাপল, সনি ও এইচটিসির বিভিন্ন মডেল মিড রেঞ্জ বা মাঝারি দামের স্মার্টফোনের ক্ষেত্রে রয়েছে স্যামসাং, নকিয়া, সিম্ফনি আর লো এন্ড বা সাশ্রয়ী দামের স্মার্টফোনের ক্ষেত্রে বাজারে রয়েছে বিভিন্ন ব্র্যান্ড।মিরপুরের শাহ আলী মার্কেটে মাত্র আড়াই হাজার টাকার মধ্যে মুঠোফোন খুঁজছিলেন সবজি বিক্রেতা ইলিয়াস হোসেন। তাঁর পছন্দের মুঠোফোনের ব্র্যান্ডের নাম মাইক্রোম্যাক্স বা সিম্ফনি। পছন্দে না মিললে তিনি দুই সিম সমর্থন করে, ভিডিও দেখা যায়, ছবি তোলা যায়—এমন কোনো মুঠোফোনই কিনবেন বলে জানালেন। ইলিয়াস হোসেন জানান, তাঁর ব্যক্তিগত পছন্দের মুঠোফোন নকিয়া। তবে এত কম দামে নকিয়ার অডিও-ভিডিও-সুবিধার মুঠোফোন পাওয়া যায় না। বাজারে দুই হাজার টাকার নিচে যেসব মুঠোফোন আছে, তাতে রয়েছে কেবল সাদাকালো ছোট স্ক্রিন, আর তাতে শুধু কল করার সুবিধা রয়েছে। তাঁর বাজেটের মধ্যেই অনেক ‘চায়নিজ’ ফোন পেয়ে যাবেন বলেই আশা করছেন তিনি।একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদুল ইসলাম। রাজধানীর বসুন্ধরা সিটিতে এসেছেন স্মার্টফোন কিনতে। তিনি জানান, ভালো ছবি তোলা যায়—এমন একটি স্মার্টফোন কিনতে এসেছেন। ঈদে দেশের বাড়ি যাবেন এবং কোরবানির উপলক্ষে কেনা গরুর ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করবেন। এ জন্য ভালো ছবি তোলা যায়—এমন কোনো স্মার্টফোনের খোঁজ করছেন তিনি। তাঁর পছন্দের ব্র্যান্ড স্যামসাং, নকিয়া, সিম্ফনি।আসাদুল ইসলামের সঙ্গে এসেছেন তাঁর বন্ধু আবদুর রাজ্জাক রাজু। রাজু জানান, তিনি ঈদের পর মুঠোফোন কিনবেন। তাঁর পছন্দ থ্রিজি-সুবিধার মুঠোফোন। এ প্রসঙ্গে রাজু জানান, টেলিটক সম্প্রতি থ্রিজি-সুবিধা চালু করেছে। ৯০০ টাকা দিয়ে তাঁর কয়েকজন বন্ধু নতুন সিম কিনেছেন। তবে এ সুবিধার স্মার্টফোন কিনতে গিয়ে তাঁদের ঝামেলায় পড়তে হয়েছে বলেই তিনি আগে থ্রিজি-সুবিধার স্মার্টফোন সম্পর্কে খোঁজখবর নিতে এসেছেন।দেশের বাজারে অনেক ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে এত ব্র্যান্ডের ভিড়ে কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো? স্মার্টফোনের দাম বেশি হয় বলে দেখেশুনে নিশ্চিত হয়ে কেনাই ভালো। ইন্টারনেট-সুবিধার এ যুগে ইন্টারনেট থেকে কাঙ্ক্ষিত স্মার্টফোনটির তথ্য জেনে নিয়ে তবেই বাজার থেকে তা কিনতে পারেন।স্মার্টফোন কেনার আগে সবার আগে খোঁজ নিন এর প্রসেসর সম্পর্কে। দ্রুতগতির প্রসেসরযুক্ত স্মার্টফোন পছন্দ করুন, যাতে আপনার পছন্দের অ্যাপ্লিকেশনগুলো স্বচ্ছন্দে চালাতে পারেন। স্মার্টফোন কেনার জন্য বাজেট বেশি হলে ডুয়াল কোরের প্রসেসরযুক্ত স্মার্টফোন বেছে নিতে পারেন। প্রসেসরের পাশাপাশি বেশি ক্ষমতার র্যাম আছে কি না, তা খেয়াল করে দেখতে পারেন। দেখে নিন তথ্য ধারণের জন্য স্মার্টফোনটিতে কতটা জায়গা রয়েছে বা অতিরিক্ত কতটা মেমোরি সমর্থন করবে। খেয়াল করুন ডিসপ্লে, রেজুলেশন। এ ছাড়াও ক্যামেরা, সেন্সর, ব্লু-টুথ, ইউএসবি, জিপিইউ ক্ষমতা দেখে নিন। আপনার পছন্দের অপারেটিং সিস্টেম অনুযায়ী কিনুন স্মার্টফোনটি। কেনার সময় ব্যাটারিতে চার্জ থাকে কতটা এবং স্মার্টফোনের সাউন্ড কেমন—সেটা যাচাই করুন। এ ফোন কেনার সময় সার্ভিস ও ওয়ারেন্টির বিষয়টি নিশ্চিত হয়ে নিন।বেশি দামের স্মার্টফোনের বাজারে সবচেয়ে এগিয়ে রয়েছে স্যামসাং। সম্প্রতি স্যামসাং দেশের বাজারে এনেছে স্যামসাং গ্যালাক্সি নোট টু নামের একটি স্মার্টফোন। সাড়ে ৬৭ হাজার টাকার দামের গ্যালাক্সি নোট টু ছাড়াও একই দামে বাজারে পাওয়া যাবে গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটি। এ ছাড়া গ্যালাক্সি এস ২ পাওয়া যাবে ৫০ হাজারের মধ্যেই। ৪০ থেকে ৫০ হাজার দামের স্মার্টফোনের মধ্যে রয়েছে সনির এক্সপেরিয়া। আইফোন ফোর বা ফোর এসের মূল্য ৬০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে হলেও থ্রিজিএস কিনতে পারবেন ৩০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে। ব্ল্যাকবেরির স্মার্টফোন পাওয়া যাবে ১৬ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে। নকিয়া সম্প্রতি আশা সিরিজের বেশ কিছু সাশ্রয়ী দামের স্মার্টফোন বাজারে এনেছে। এ ছাড়া সর্বোচ্চ ৫০ হাজার টাকার মধ্যে নকিয়ার স্মার্টফোন কেনা যাবে।দেশীয় ব্র্যান্ড হিসেবে সিম্ফনি বাজারে ক্রেতাদের আগ্রহ তৈরি করেছে। ফলে ক্রেতাদের কাছে সিম্ফনি স্মার্টফোনের চাহিদা বেশ ভালো। সিম্ফনি স্মার্টফোনগুলোর দাম মোটামুটি হাতে নাগালেই। বর্তমানে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত স্মার্টফোন পাওয়া যাবে সিম্ফনির কয়েকটি মডেলে। দাম ১০ হাজার টাকার মধ্যে। সিম্ফনির মুঠোফোনে থাকছে ওয়াই-ফাই ও থ্রিজি-সুবিধা।